প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক

সম্পাদকীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা সময় কোনো বিদ্যালয় মানে ছিল সামনে খেলার মাঠ ও আশপাশে খোলা জায়গা। এখন সেই দৃশ্য তেমন দেখা যায় না বললেই চলে। কারণ, বিদ্যালয়কে ঘিরে গড়ে তোলা হচ্ছে দোকানপাট বা মার্কেট।

ব্যবস্থাপনা কমিটি বা শিক্ষকদের কোনো মহলের আর্থিক লোভের কারণে এভাবে পাল্টে যাচ্ছে বিদ্যালয়গুলোর শিক্ষার পরিবেশ। যেমনটি আমরা দেখতে পাচ্ছি কুষ্টিয়া হাইস্কুলেও। সেখানে রাতের আঁধারে ভরাট করা হচ্ছে একটি পুকুর। উদ্দেশ্য মার্কেট তৈরি করা।

প্রাকৃতিক জলাধার আইন অমান্য করে এমন অপকর্ম করার অভিযোগ উঠেছে স্বয়ং প্রধান শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি খুবই দুঃখজনক।

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, ১৮৬১ সালে প্রতিষ্ঠিত কুষ্টিয়া হাইস্কুলের মাঠের পাশে লম্বাকৃত পুকুরটির আয়তন প্রায় দেড় বিঘা। এক মাস ধরে গভীর রাতে ট্রাকে করে বালু এনে পুকুরটি ভরাট করা হচ্ছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বর্তমান, প্রাক্তন শিক্ষার্থীসহ জেলার সচেতন নাগরিকেরা।

ইতিমধ্যে শিক্ষাপ্রতিষ্ঠানটির তিন পাশ ঘিরে গড়ে তোলা হয়েছে কয়েকটি বহুতল মার্কেট ভবন। এগুলোতে শতাধিক দোকান রয়েছে। প্রধান সড়ক থেকে বোঝার উপায় নেই এখানে একটি বিদ্যালয় আছে। সেসব মার্কেট ও দোকানপাট গড়ে তুলে অবৈধভাবে বিপুল অর্থের মালিক হয়ে যাওয়ার অভিযোগে প্রধান শিক্ষক খলিলুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে একটি মামলাও চলমান আছে। এর মধ্যেই ঘটছে আইন ভঙ্গ করে পুকুর ভরাট।

জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী এস এম কাদেরী শাকিল বলেন, ‘প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় পুকুরটি ভরাট করে মার্কেট তৈরির পরিকল্পনা করছেন প্রধান শিক্ষক। ধীরে ধীরে আমাদের বিদ্যালয়টির শ্বাস বন্ধ করে দেওয়া হচ্ছে।’ যদিও প্রধান শিক্ষক এসব অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, বিদ্যালয়ে ‘সংস্কার’ কার্যক্রমের অংশ হিসেবে খেলার মাঠটি বড় করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, রাতের আঁধারে কেন সেই কাজ করতে হবে। আর পরিবেশ সংরক্ষণ আইন ভঙ্গ করে কেন বিদ্যালয়ে সংস্কার কার্যক্রম চালাতে হবে।

প্রতিষ্ঠানটি শহরের মাঝখানে হওয়ায় পুকুরটি শহরের পানির বড় উৎস। কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স জানায়, যেকোনো অগ্নিকাণ্ডের সময় আগুন নেভাতে পুকুরটিকে টিকিয়ে রাখা দরকার। সেই পানির উৎস ভরাট করে ফেলা কোনোভাবেই কাম্য নয়। পরিবেশ অধিদপ্তরের বক্তব্য, ব্যক্তিমালিকানাধীন হলেও কোনো জলাশয় ভরাট করার সুযোগ নেই।

আমরা আশা করছি, স্থানীয় প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর পুকুর ভরাটের কার্যক্রম অবিলম্বে বন্ধ করবে। ভরাট হওয়া অংশও দ্রুত অপসারণ করবে। সেই সঙ্গে আইন অনুযায়ী প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।