নরসিংদীর বিদ্যালয়টিতে বিরোধ মেটান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা সময় শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনায় থাকতেন এলাকার অগ্রজ ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিরা। শিক্ষা অনুরাগী মানুষেরা শিক্ষক, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের ভালোমন্দ খেয়াল রাখতেন। এর জন্য কোনো কমিটিও ছিল না। সমাজের সুধীজনদের সিদ্ধান্তকে সবাই মান্য করত। সেই সমাজ পাল্টে গেছে বহু আগে। সেসব মানুষের প্রভাবও এখন আর কাজ করে না। শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা এখন কমিটি ছাড়া হয় না। সেসব কমিটি নিয়েও অনিয়মের অভিযোগের শেষ নেই। শিক্ষকদের সঙ্গে পরিচালনা কমিটির দ্বন্দ্ব লেগেই থাকে। যেমনটি আমরা দেখতে পাচ্ছি নরসিংদীর বেলাব উপজেলার দক্ষিণধরু উচ্চবিদ্যালয়ে। এমপিওভুক্ত প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতির বিরোধে সেখানকার শিক্ষা কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে। এতে ভুক্তভোগী হচ্ছে শিক্ষার্থীরা। বিষয়টি খুবই দুঃখজনক।

চলতি বছরের ফেব্রুয়ারিতে বিদ্যালয়টির একটি নিয়োগ পরীক্ষা নিয়ে প্রধান শিক্ষক আবু তাহের ও পরিচালনা কমিটির সভাপতি আবুল কালাম ভূঁইয়ার মধ্যে এ দ্বন্দ্ব শুরু হয়। এরপর সেটি চরমে পৌঁছে গেছে। পরস্পরের বিরুদ্ধে দুজনের অভিযোগের শেষ নেই। প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে, বিদ্যালয়ে না এসেই হাজিরা খাতায় স্বাক্ষর, বিদ্যালয়ের ল্যাপটপসহ বিভিন্ন জিনিস ব্যক্তিগত কাজে ব্যবহার, গত ঈদের সময় শিক্ষক-কর্মচারীদের বেতন-বোনাস না দেওয়া, বিদ্যালয়ের তহবিল থেকে নেওয়া ঋণের টাকা ফেরত দিতে গড়িমসি করা। অন্যদিকে আবুল কালামের বিরুদ্ধে অভিযোগ, নীতি অনুসারে কমিটির সভা না করা, বিদ্যালয়ের উন্নয়নের জন্য বরাদ্দ আত্মসাৎ করা, বিদ্যালয়ের রেজল্যুশন ও নোটিশ খাতা ব্যক্তিগতভাবে ব্যবহার। অভিযোগের পরিপ্রেক্ষিতে কারণ দর্শানোর নোটিশে সাড়া না দেওয়ায় প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করেছেন সভাপতি। অন্যদিকে সভাপতির বিরুদ্ধে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে অভিযোগ দিয়েছেন প্রধান শিক্ষক। একজনের বক্তব্য, অন্য শিক্ষকেরা প্রধান শিক্ষকের ক্ষমতাচর্চায় অতিষ্ঠ। আবার আরেকজনের বক্তব্য, সভাপতি কিছু শিক্ষক নিয়ে দলবাজি করছেন। রীতিমতো জগাখিচুড়ি পরিস্থিতি তৈরি হয়েছে প্রতিষ্ঠানটিতে।

এ বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ৪৫০। শিক্ষক আছেন ১২ জন। দুজনের এ দ্বন্দ্বের কারণে শ্রেণিকক্ষে পাঠদানের ক্ষেত্রে নানা সমস্যা হচ্ছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাও বলছেন, ‘প্রধান শিক্ষক ও সভাপতির দ্বন্দ্বে প্রতিষ্ঠানটির শিক্ষক-শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।’ বিদ্যালয় নিয়ন্ত্রণ নিয়ে বিরোধে সাধারণ শিক্ষক-শিক্ষার্থীদের ভুক্তভোগী হওয়ার বিষয়টি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। দুজনের বিরুদ্ধে অভিযোগগুলো তদন্ত করে প্রকৃত দোষীর বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে বিদ্যালয়টিতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনুন। দুই পক্ষের মধ্যে সমঝোতার জন্য স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও নাগরিক সমাজেরও ভূমিকা থাকা উচিত বলে আমরা মনে করি।