বৃষ্টির মৌসুমে রাজধানী ঢাকাসহ বড় শহরগুলোতে জলাবদ্ধতা এখন বড় সমস্যা। এর সমাধানে নানা উদ্যোগ নেওয়া হলেও পরিস্থিতির তেমন বদল হয় না। মূলত শহরের খালগুলো দখল হয়ে যাওয়ায় এ জলাবদ্ধতা সমস্যার সৃষ্টি। ফলে খালগুলো অবমুক্ত করা ছাড়া কোনো বিকল্প নেই। দুঃখজনক হচ্ছে, অনেক জেলা–উপজেলা শহরেও জলাবদ্ধতা সমস্যা এখন প্রকট হয়ে পড়ছে। কারণ একটাই, খাল দখল হয়ে যাওয়া। যেমনটি আমরা দেখতে পাচ্ছি মানিকগঞ্জ পৌর এলাকায় পুরোনো ও গুরুত্বপূর্ণ ভানুমতী খালের ক্ষেত্রে। খালটিকে নাল বা সমতলভূমির জমি দেখিয়ে নামজারি পর্যন্ত করে ফেলা হয়েছে। সেখানে বহুতল ভবন নির্মাণ করার জন্য পৌর কর্তৃপক্ষের কাছে অনুমোদনও করেছেন এক ব্যক্তি।
প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, ব্রিটিশ আমলে ভানুমতী খালের উৎপত্তি। দুই যুগ আগেও এই খালে নৌকাবাইচ হতো। এখনো বছরের অধিকাংশ সময় খালে পানি থাকে। বর্ষাকালে কালীগঙ্গা নদীর পানি এই খাল দিয়ে পানি প্রবাহিত হয়ে বিভিন্ন খাল ও কৃষিজমিতে পতিত হয়। জেলা সদর হাসপাতাল এবং জেলা সদরের বাসস্ট্যান্ড বাজারের পানি পয়োনিষ্কাশনের নালার মাধ্যমে এ খালে প্রবাহিত হয়। কিন্তু খাল ভরাট করে বহুতল ভবন নির্মাণের জন্য সেখানে মাটি ফেলেছেন এক ব্যক্তি। খালটি দখল হয়ে গেলে পৌর এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হবে।
স্থানীয়দের ভাষ্য, আগের অসাধু এক ভূমি কর্মকর্তা অর্থের বিনিময়ে খালটিকে নাল এবং পরে নিচু জমি দেখিয়ে নামজারি করে দিয়েছেন। স্থানীয় পশ্চিম সেওতা গ্রামের মহিদ মিয়া ওই খাল ভরাট করছেন। তবে খাল ভরাটকারী ব্যক্তির দাবি, পৈতৃক সূত্রে সেখানে তাঁদের জমি রয়েছে। যদিও আইন অনুযায়ী, প্রবহমান খালে ব্যক্তিগত জমি থাকলেও পানিপ্রবাহের প্রতিবন্ধকতা সৃষ্টি করে কোনো স্থাপনা নির্মাণ বা ভরাট করা যাবে না।
যদিও পৌর কর্তৃপক্ষের কাছে আবেদনের সঙ্গে দেওয়া নথিপত্র বলছে, খালের শ্রেণি পরিবর্তন করে ওই জায়গা নাল উল্লেখ করা হয়েছে। ব্যক্তিগত জায়গা হলেও প্রকৃতপক্ষে ওই জায়গা এখনো খালের অন্তর্ভুক্ত। খালের ওই অংশে প্রায় সারা বছর পানি থাকে।
প্রথম আলোতে প্রতিবেদন প্রকাশের পর মাটি ফেলা বন্ধ হয়েছে। যদিও খাল থেকে সে মাটি এখনো সরানো হয়নি। আমরা আশা করব, খালটি দখলমুক্ত ও দূষণমুক্ত রাখতে প্রশাসন সব সময় সচেষ্ট থাকবে।