সাতছড়িতে নিরাপত্তামূলক ব্যবস্থা নিন

সম্পাদকীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়কে গাড়িচাপা পড়ে শাবক মারা গেছে। পাশেই শোকাহত মা হনুমান বসে আছে। হনুমানটি নিজেও আহত। এমন বেদনাদায়ক ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। মর্মান্তিক এই দৃশ্য মানুষের বিবেককে নাড়া দিয়েছে। গত মঙ্গলবার হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতরের সড়কে এ ঘটনা ঘটেছে। এর মধ্য দিয়ে উদ্যানটির প্রাণীবৈচিত্র্যের নিরাপত্তাহীনতার বিষয়টি আবারও সামনে এল। কিন্তু দুঃখজনক হচ্ছে প্রাণীর মৃত্যু রোধে কার্যকর কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না।

সাতছড়ি জাতীয় উদ্যানের ভেতর দিয়ে চলে গেছে ঢাকা-সিলেট পুরোনো মহাসড়ক। যে সড়কটি চুনারুঘাট উপজেলা সদর হয়ে জেলার মাধবপুর উপজেলা দিয়ে ঢাকা-সিলেট মূল মহাসড়কের সঙ্গে মিশেছে। পুরোনো ঢাকা-সিলেট মহাসড়কটিতেই ঘটছে একের পর এক প্রাণী মৃত্যুর ঘটনা। মঙ্গলবার বিকেলে একটি মুখপোড়া হনুমানের শাবক রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির মাইক্রোবাস এটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই হনুমানশাবকটি মারা যায়। সেটির দৃশ্যই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

গত পাঁচ বছরে সাতছড়ি সংরক্ষিত বনের ভেতর দিয়ে চলে যাওয়া মহাসড়কটি ধরে গাড়িচাপায় শতাধিক প্রাণী মারা গেছে। অনেক প্রাণী আহত হয়ে পঙ্গু হয়েছে। মারা যাওয়া প্রাণীর মধ্যে আছে ১২ ফুট দৈর্ঘ্যের কিং কোবরা, শঙ্খিনী সাপ, কালনাগিনী সাপ, চশমাপরা হনুমান, মুখপোড়া হনুমান, মায়া হরিণ ও কয়েকটি বানর। পাঁচ বছরেই দুর্ঘটনার কারণে শতাধিক প্রাণীর মৃত্যুর ঘটনা উদ্বেগজনক।

এই গুরুত্বপূর্ণ প্রাকৃতিক অভয়ারণ্যের ভেতর দিয়ে চলা মহাসড়কে গতিনিয়ন্ত্রণ বা নিরাপত্তার ন্যূনতম ব্যবস্থা কার্যকর নেই। বন বিভাগ বারবার সতর্কতা জারি করলেও চালকেরা তা আমলে নিচ্ছেন না। এমনকি বন্য প্রাণী রক্ষায় প্রয়োজনীয় অবকাঠামো—যেমন স্পিডব্রেকার বা গতিরোধক বসানোর প্রস্তাবও সড়ক বিভাগের কাছে প্রত্যাখ্যাত হয়েছে। সড়ক বিভাগ বলছে, মহাসড়কে গতিরোধক বসানোর কোনো নিয়ম নেই। কিন্তু জীববৈচিত্র্যে ভরপুর একটি অভয়ারণ্যের ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা কার্যকর থাকা উচিত বা বিশেষ নিয়ম অনুসরণ করা উচিত, সেটি কেন তাদের বিবেচনায় আসছে না?

এই পরিস্থিতির অবসান জরুরি। বনের ভেতর দিয়ে যাওয়া মহাসড়কে বাধ্যতামূলক গতিনিয়ন্ত্রণ, সচেতনতামূলক প্রচারণা, বন্য প্রাণীর চলাচলের করিডর নির্মাণ এবং নিয়মিত নজরদারির ব্যবস্থা এখন সময়ের দাবি। বন্য প্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ অধিদপ্তর, সড়ক বিভাগ ও স্থানীয় প্রশাসনকে এর জন্য সমন্বিত পদক্ষেপ নিতে হবে। দ্রুততম সময়ের মধ্যেই পদক্ষেপ নিতে হবে। আরও পাঁচ বছর পর আরও শতাধিক প্রাণীর মৃত্যু ঘটেছে, এমন খবর আমরা শুনতে চাই না।