বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে

সম্পাদকীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বোচ্চ আদালতের সুস্পষ্ট নির্দেশনা থাকার পরও জুয়ার বিজ্ঞাপন প্রচার বন্ধ না হওয়ার ঘটনা যারপরনাই উদ্বেগজনক। বিশেষ করে টেলিভিশনে খেলা সম্প্রচারের সময় প্রকাশ্যে যেভাবে সারোগেট বা ছদ্মবেশী জুয়ার সাইটের বিজ্ঞাপনের প্রচার চলছে, তাতে আমাদের সমাজ, অর্থনীতি ও ক্রীড়াঙ্গনে সুদূরপ্রসারী প্রভাব পড়ছে। একদিকে যেমন বিপুল অঙ্কের অর্থ বিদেশে পাচার হয়ে যাচ্ছে, অন্যদিকে গ্রাম-মফস্‌সল থেকে শুরু করে তরুণ প্রজন্মের একটা বড় অংশ জুয়ায় আসক্ত হয়ে পড়ছেন, নানা ধরনের অপরাধে জড়াচ্ছেন। সবচেয়ে আশঙ্কার বিষয় হচ্ছে, খেলোয়াড়েরা ম্যাচ গড়াপেটার মতো অপরাধে প্রলুব্ধ হতে পারেন।

প্রথম আলোর খবর জানাচ্ছে, টেলিভিশন চ্যানেল, ওয়েবসাইট, ইউটিউব চ্যানেল ও ওটিটি প্ল্যাটফর্মে বেটিং সাইটের বিজ্ঞাপন প্রচার হচ্ছে ছলচাতুরীর মাধ্যমে। আইনি ঝামেলা থাকায় শুধু বানানে কিংবা ওয়েবসাইটের ঠিকানায় একটি, দুটি শব্দ পাল্টে বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। আবার মূল বেটিং সাইটের সঙ্গে নিউজ শব্দটি জুড়ে দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়, সেটি নিউজ সাইট।

বাংলাদেশের আইনে যেকোনো ধরনের জুয়া বা বাজি নিষিদ্ধ। অ্যানালগ হোক আর ডিজিটাল হোক, সব ধরনের জুয়ার আর্থসামাজিক প্রভাব নেতিবাচক। অনলাইন জুয়ার বিস্তার নিয়ে সম্প্রতি গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যে উদ্বেগ প্রকাশ করেছে, সেটা যথার্থ বলে আমরা মনে করি। সংস্থাটি বলছে, আইনের দুর্বলতার সুযোগ নিয়ে শুধু মুনাফার লোভে দেশকে চরম বিপদের মুখে ঠেলে দেওয়া কোনোমতেই দায়িত্বশীল গণমাধ্যমের দৃষ্টান্ত স্থাপন করে না। অনলাইন জুয়ার মাধ্যমে যে বিপুল পরিমাণ টাকা পাচার হচ্ছে, তার স্পষ্ট ইঙ্গিত মিলছে সম্প্রতি জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর বক্তব্য থেকেও।

জনস্বার্থে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২৩ সালের ১১ জুলাই উচ্চ আদালত এক রায়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও টেলিভিশনে অনলাইন বাজি ও জুয়ার বিজ্ঞাপন বন্ধে বিটিআরসিকে নির্দেশ দেন। একই সঙ্গে যেসব আর্থিক পরিষেবার মাধ্যমে বেটিং ওয়েবসাইটের অর্থ আদান-প্রদান হয়, সেগুলোর গেটওয়ে ও চ্যানেল বন্ধেরও নির্দেশ দেন। কিন্তু উচ্চ আদালতের সুস্পষ্ট নির্দেশনার পরও যে সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলো বেটিং সাইটের বিজ্ঞাপন প্রচার বন্ধে কার্যকর কোনো উদ্যোগ নেয়নি, তা বলা বাহুল্য। বরং আদালতের নির্দেশনার পর এ ধরনের বিজ্ঞাপনের প্রচার বেড়েছে।

বেটিং সাইটের সারোগেট বিজ্ঞাপনের প্রচার বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছ থেকে বিপিএল ও ঘরোয়া সিরিজের সম্প্রচারস্বত্ব কিনে নেওয়া কনসোর্টিয়ামের একজন প্রতিনিধি যে বক্তব্য দিয়েছেন, তা গ্রহণযোগ্য বলে মনে হয় না। তাঁর ভাষ্য, তাঁরা যে সারোগেট বিজ্ঞাপন বা নিউজ চ্যানেলের বিজ্ঞাপন চালান, সেগুলো কোনোভাবেই বেটিং সাইটের সঙ্গে সরাসরি যুক্ত নয়। আর বেটিং বা বেটিং সাইটের প্রচারের ক্ষেত্রে জিরো টলারেন্সের কথা বললেও বিসিবি কার্যত নমনীয় অবস্থান নিয়েছে। বিসিবির এক কর্মকর্তার ভাষ্য, বিশ্বের দু-একটা ক্রিকেট সংস্থা ছাড়া সবাই সারোগেট বিজ্ঞাপন অনুমোদন দিয়েছে।

এ ক্ষেত্রে তথ্য মন্ত্রণালয় ও বিটিআরসির অবস্থানও গ্রহণযোগ্য হতে পারে না। তথ্য মন্ত্রণালয়ের ভাষ্য, কেউ অভিযোগ করলে তারপর তারা ব্যবস্থা নিয়ে থাকে। আর বিটিআরসি বলছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা রাষ্ট্রের অন্যান্য সংস্থা থেকে অনুরোধ এলেই তারা ব্যবস্থা নেয়। প্রশ্ন হচ্ছে, সংশ্লিষ্ট সংস্থাগুলোর কেউ যদি দায়িত্ব না নেয় কিংবা নমনীয় অবস্থান নেয়, তাহলে জুয়ার সাইটের বিজ্ঞাপন প্রচার কী করে বন্ধ হবে? সাম্প্রতিক কালে আমরা দেখছি অনলাইন জুয়ার কারণে খুনখারাবি, মারধর, চুরি, ছিনতাইসহ নানা ধরনের অপরাধ আশঙ্কাজনকভাবে বেড়েছে। সর্বস্বান্তও হচ্ছে অনেকে।

অনলাইন জুয়া ও অনলাইনের জুয়ার বিজ্ঞাপন প্রচার বন্ধে সবার সরকারের রাজনৈতিক সদিচ্ছা থাকা জরুরি। যে জুয়া সমাজে ও অর্থনীতিতে নানামুখী প্রভাব ফেলছে, তা বন্ধে কেন কার্যকর উদ্যোগ নেওয়া হবে না। সংশ্লিষ্ট সংস্থাগুলোকে দায়িত্ব নিয়ে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধতে হবে।