কৃষি বাঁচাতে ডিজেলে ভর্তুকি দিন

সম্পাদকীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি তেলের দাম একলাফে ৪২ থেকে ৫১ শতাংশ বাড়ানোর নেতিবাচক প্রভাব পড়েছে জনজীবনের প্রতিটি ক্ষেত্রে। পরিবহন ও শিল্প খাতে এর প্রভাব-প্রতিক্রিয়া নিয়ে ব্যাপক সমালোচনা হলেও কৃষি নিয়ে এখনো কথাবার্তা খুব বেশি হচ্ছে না।

যদিও একক খাত হিসেবে কৃষিতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব সবচেয়ে বেশি পড়ার কথা। কৃষি বাঁচলে দেশ বাঁচবে—এটি নিছক কথার কথা নয়। করোনার বিপর্যয়কালে মূলত কৃষি ও রপ্তানি খাতই আমাদের অর্থনীতি সচল রেখেছে।

প্রথম আলোর খবর থেকে জানা যায়, কয়েক দিনের ব্যবধানে ইউরিয়া সার ও ডিজেলের দাম বেড়ে যাওয়ায় আমনের ভরা মৌসুমে খরচ মেটাতে হিমশিম খাচ্ছেন কৃষক। এবার সারা দেশে বৃষ্টি কম হওয়ায় আমন ধানে সেচ বেশি লাগছে। উৎপাদিত ফসল বিক্রি করে খরচ উঠবে কি না, তা নিয়েও কৃষকেরা দুশ্চিন্তায় আছেন।

সার ও ডিজেলের দাম বেড়ে যাওয়ায় কৃষিই কেবল চাপে পড়ছে না, খাদ্যনিরাপত্তাও হুমকির মুখে পড়ার আশঙ্কা আছে। কৃষিপণ্য উৎপাদনের ব্যয় বাড়লে বাজারে কৃষিপণ্যের দামও বেড়ে যাবে; যার আলামত এখনই দেখা যাচ্ছে। ১ আগস্ট ইউরিয়া সারের দাম কেজিতে ছয় টাকা বাড়িয়ে ডিলার পর্যায়ে সর্বোচ্চ খুচরা মূল্য প্রতি কেজি ২০ টাকা এবং কৃষক পর্যায়ে প্রতি কেজি ২২ টাকা পুনর্নির্ধারণ করা হয়। এর চার দিন পরই ডিজেল ও কেরোসিনের দাম বাড়ানো হলো লিটারে ৩৪ টাকা। তদুপরি নির্ধারিত হারের চেয়ে বেশি দাম দিয়ে কৃষককে সার কিনতে হচ্ছে।

সাবেক কৃষিসচিব আনোয়ার ফারুক সম্প্রতি গবেষণা সংস্থা সিপিডির এক সংলাপ অনুষ্ঠানে বলেছেন, ৬০ শতাংশ চাল আসে বোরো থেকে। এটা পুরোটাই সেচনির্ভর। ৩৭ হাজার গভীর নলকূপ, ১৩ লাখ অগভীর নলকূপ থেকে সেচ হয়। সব মিলে ১৫ লাখ কৃষি যন্ত্রপাতি আছে, যার ৭৫ শতাংশই ডিজেলচালিত। ডিজেলের দাম বাড়ায় বিঘাপ্রতি সেচের খরচ বাড়বে ৭০০ টাকা। পাওয়ার টিলার ও ট্রাক্টর ব্যবহারে খরচ বাড়বে ৩০০ টাকা। এ ছাড়া ইউরিয়ার দাম বাড়ানোর কারণে খরচ বাড়বে ৫০০ টাকা।

এবার কৃষক উভয়সংকটে পড়েছেন। সাধারণত বর্ষা মৌসুমে বেশি বৃষ্টি হয় এবং আমন চাষে কৃষককে কম সেচ ব্যবহার করতে হয়। এবার বৃষ্টি কম হওয়ায় তঁাদের যেমন সেচের ওপর বেশি নির্ভর করতে হয়েছে, তেমনি ডিজেলের দামও বেড়েছে। আর শীত মৌসুমে সবজি ও বোরো চাষে পুরোপুরি সেচের ওপরই নির্ভর করতে হবে। এ ছাড়া জ্বালানি তেলের দাম বাড়ায় কৃষিপণ্যের পরিবহন ব্যয়ও অনেক বাড়বে। খরচ বেশি হওয়ায় কোনো কোনো স্থানে কৃষক ধান চাষ ছেড়ে দেওয়ার কথাও বলেছেন।

এ সমস্যা সমাধানে সরকারকে দ্বিমুখী পদক্ষেপ নিতে হবে। উৎপাদন ব্যয় কমিয়ে আনতে সেচযন্ত্রে ব্যবহৃত ডিজেলের দাম অবশ্যই কমাতে হবে। এটি দুভাবে হতে পারে। এক. কৃষককে আর্থিক সহায়তা দেওয়া, যাতে তাঁরা জ্বালানির বর্ধিত দাম শোধ করতে পারেন।

দুই. কম দামে কৃষকের কাছে সরাসরি ডিজেল বিক্রি করা। অনেক অর্থনীতিবিদও ডিজেল ও কেরোসিনে দাম বাড়ানোর বিরোধিতা করেছেন। অন্যদিকে কৃষক যাতে উৎপাদিত পণ্যের ন্যায্য দাম পান, সেই নিশ্চয়তাও থাকতে হবে। কৃষি ও কৃষককে বাঁচাতে ডিজেলে ভর্তুকি দেওয়ার বিকল্প নেই।