সব দেশেই সাধারণ বিশ্ববিদ্যালয় থেকে বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ের চরিত্র ও বৈশিষ্ট্য আলাদা। সংশ্লিষ্ট বিষয়ে জ্ঞান সৃষ্টির পাশাপাশি দক্ষ জনশক্তি গড়ে তোলাই এ শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্দেশ্য।
বাংলাদেশেও একসময় বিশেষায়িত বিশ্ববিদ্যালয়গুলো আলাদা বৈশিষ্ট্যে সমুজ্জ্বল ছিল। উদাহরণ হিসেবে বাংলাদেশে প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কথা বলা যায়। দেশে তো বটেই, বহির্বিশ্বেও এ দুটি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রিধারীদের যথেষ্ট সমাদর ছিল এবং এখনো আছে।
দেশে বর্তমানে ৫৩টি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে। এর মধ্যে ১৩টি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে বিশেষায়িত। কিন্তু গত দুই-আড়াই দশকে যেসব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়েছে, সেগুলো সেই সুনাম রক্ষা করতে পারেনি।
প্রথম আলোর খবরে বলা হয়, বিশেষায়িত দক্ষ স্নাতক ডিগ্রিধারী তৈরির চিন্তা থেকে দেশে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হলেও সেখানে এখন মানবিক, সমাজবিজ্ঞান ও ব্যবসায় শিক্ষার মতো বিষয় পড়ানো হচ্ছে। কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে অর্ধেক শিক্ষার্থী বিজ্ঞানের বাইরের বিষয়ের। ফলে সাধারণ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এর পার্থক্য করা কঠিন হয়ে পড়েছে।
বিশেষায়িত বিশ্ববিদ্যালয়গুলোর বিশেষায়িত চরিত্র মুছে দেওয়ার দায় নিয়ে বিতণ্ডা চলছে। সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বলছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) নতুন নতুন বিভাগ খোলার অনুমতি দিয়েছে। আবার ইউজিসির ভাষ্য হলো তারা অনেক সময় চাপে পড়ে অনুমতি দিতে বাধ্য হয়েছে। প্রথম আলোর প্রতিবেদন থেকে জানা যায়, গোপালগঞ্জে ২০১১ সালে যাত্রা শুরু করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এ বিশ্ববিদ্যালয়ে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ইউজিসির অনুমোদন ছাড়াই ইতিহাস বিভাগ খোলা হয়। ইউজিসি আপত্তি তুললে আন্দোলন হয়। পরে বাধ্য হয়ে ইউজিসি অনুমোদন দেয়।
ইউজিসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান (সদস্য, পাবলিক বিশ্ববিদ্যালয়) দিল আফরোজা বেগম প্রথম আলোকে বলেন, ‘আমি দায়িত্ব নেওয়ার পর একটি বিভাগও খুলতে দিইনি। পূর্বসূরিরা খোলার অনুমতি দিলে আমি কীভাবে দায়দায়িত্ব নেব? আমি মনে করি, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কোনোভাবে সাধারণ বিশ্ববিদ্যালয় হওয়া উচিত নয়।’ বিষয়টি শুধু চাওয়া না–চাওয়ার নয়। এর মাধ্যমে বিশেষায়িত বিশ্ববিদ্যালয়গুলোকে জগাখিচুড়ি প্রতিষ্ঠানে পরিণত করা হয়েছে।
আরেকটি উদ্বেগের বিষয় হলো বিশেষায়িত এসব বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান ও প্রযুক্তির বাইরের বিষয়ের শিক্ষককে উপাচার্য পদে বসানো। দেশে নিশ্চয়ই বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ের অভিজ্ঞ শিক্ষকের অভাব ঘটেনি যে বেছে বেছে সেখানে বিজ্ঞানের বাইরের বিষয়ের শিক্ষককে উপাচার্য পদে বসাতে হবে। এটি করা হয়েছে ব্যক্তি ও গোষ্ঠীবিশেষের রাজনৈতিক স্বার্থে; শিক্ষার মানোন্নয়নে নয়। এ ধরনের একাধিক উপাচার্যকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অপমানজনকভাবে বিদায়ও নিতে হয়েছে।
শিক্ষামন্ত্রী দীপু মনি উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ‘একাডেমিক মাস্টারপ্ল্যান’ করার তাগিদ দিয়েছেন। আমাদের প্রত্যাশা থাকবে, সেই মাস্টারপ্ল্যান করার ক্ষেত্রে এটা নিশ্চিত করতে হবে যে বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট বিষয়ের বাইরে কোনো বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হবে না। ইতিমধ্যে যে শিক্ষার্থীরা ভর্তি হয়েছেন, তাঁদের সেখানে পড়াশোনা শেষ করার সুযোগ দিতে হবে। নতুন করে কেউ ভর্তি হবে না।
শিক্ষামন্ত্রীর প্রস্তাবিত একাডেমিক প্ল্যানে বিষয়টি অন্তর্ভুক্ত হলেই বিশেষায়িত বিশ্ববিদ্যালয়গুলো তাদের আলাদা চরিত্র ও বৈশিষ্ট্য ফিরে পাবে।