মিরসরাইয়ে অনুসরণীয় দৃষ্টান্ত

সম্পাদকীয়

বিদ্যুৎ ও জ্বালানিসংকটের চরম বাস্তবতায় যখন সারা দেশে লোডশেডিং এবং বিলের বাড়তি বোঝা জনজীবনকে বিপর্যস্ত করছে, ঠিক তখন সবুজ জ্বালানি বা নবায়নযোগ্য শক্তির ব্যবহার নিশ্চিত করতে সরকার ক্রমাগত উৎসাহিত করে যাচ্ছে। তবে নীতি আর নির্দেশনার বাইরে এসে কীভাবে বাস্তব ক্ষেত্রে এই রূপান্তর ঘটানো সম্ভব, তার এক অনন্য ও অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ বৌদ্ধ উচ্চবিদ্যালয় (জেবি স্কুল)। সরকারের আহ্বানে সাড়া দিয়ে স্বপ্রণোদিত উদ্যোগ যে কত বড় সুফল বয়ে আনতে পারে, এই প্রতিষ্ঠান আজ তার এক বাস্তব প্রমাণ।

বিদ্যালয়টির তিনটি ভবনের দুটির ছাদে ১২ কিলোওয়াট ক্ষমতার সৌর প্যানেল বসিয়ে চালানো হচ্ছে শতাধিক ফ্যান, বাতি, কম্পিউটার এমনকি প্রধান শিক্ষকের কক্ষের শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রও (এসি)। তিন বছর আগে প্রতিষ্ঠানটির নিজস্ব অর্থায়নে গৃহীত এই পদক্ষেপ তাদের বিদ্যুৎ বিলের খরচ মাসে ৩০ হাজার টাকা থেকে কমিয়ে চার-পাঁচ হাজার টাকায় নামিয়ে এনেছে। বর্তমান বাজারদর বিবেচনায় যেখানে মাসে ৫০ থেকে ৬০ হাজার টাকা বিল গুনতে হতো, সেখানে কেবল সৌরবিদ্যুতের সুবাদে প্রতি মাসে প্রতিষ্ঠানের এক বিশাল অঙ্ক সাশ্রয় হচ্ছে।

কিন্তু জেবি স্কুলের এই সাফল্যের গল্প কেবল আর্থিক সাশ্রয়েই সীমাবদ্ধ নয়; এর সামাজিক ও শিক্ষাসংক্রান্ত প্রভাব আরও গভীর। উপকূলীয় বা গ্রামীণ এলাকায় বিদ্যুৎ–বিভ্রাটের কারণে শ্রেণিকক্ষে যে তীব্র গরম ও অস্বস্তি শিক্ষার্থীদের পড়াশোনাকে বিঘ্নিত করে, সৌরশক্তি তা স্থায়ীভাবে নিরসন করেছে। নিরবচ্ছিন্ন বিদ্যুতের সুবিধায় শিক্ষার্থীরা গরমে স্বস্তিতে ক্লাস করতে পারছে, যার প্রত্যক্ষ ইতিবাচক প্রতিফলন দেখা গেছে তাদের সাম্প্রতিক ফলাফলে—চলতি বছর মাধ্যমিক পরীক্ষায় মিরসরাই উপজেলায় সেরা হয়েছে এই জেবি স্কুল।

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং বৈশ্বিক জ্বালানিসংকট কাটাতে সৌরবিদ্যুতের মতো পরিবেশবান্ধব ব্যবস্থার কোনো বিকল্প নেই। উপজেলা প্রশাসন যেমনটি উল্লেখ করেছে, সরকার বর্তমানে নবায়নযোগ্য শক্তির প্রসারে নানা প্রণোদনা দিচ্ছে। তবে সরকারি সুবিধার প্রতি মুখাপেক্ষী না হয়ে একটি বেসরকারি বা স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান যদি নিজস্ব উদ্যোগে ২৪ লাখ টাকা বিনিয়োগ করে বিদ্যুতে স্বাবলম্বী হতে পারে, তবে দেশের অন্য সরকারি-বেসরকারি বিদ্যালয়, কলেজ, হাসপাতাল ও সরকারি দপ্তরগুলো কেন নয়?

দেশের হাজার হাজার শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি-বেসরকারি ভবন যদি জেবি স্কুলের এই ‘সবুজ মডেল’ অনুসরণ করে নিজেদের ছাদগুলোকে সৌরশক্তি উৎপাদনের কেন্দ্রে রূপান্তর করে, তবে জাতীয় গ্রিডের ওপর চাপ যেমন অভাবনীয়ভাবে কমবে, তেমনি পরিবেশবান্ধব এক টেকসই বাংলাদেশ গড়ার পথও মসৃণ হবে। জেবি স্কুলের এই উদ্যোগ দেশের অন্যান্য প্রতিষ্ঠানের জন্য এক অনুকরণীয় দিকনির্দেশনা। আমরা জেবি স্কুল কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানাই।