সিটি করপোরেশন আর কত ব্যর্থ হবে

সম্পাদকীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকাকে বাসযোগ্য করতে এ শহরের নদী ও খালগুলো দখলমুক্ত করার কোনো বিকল্প নেই। বিষয়টি নগর-পরিকল্পনাবিদেরা হরহামেশা বলে আসছেন। আমাদের সিটি মেয়রদ্বয়ও এ নিয়ে লম্ফঝম্ফ করে যান ঠিকই। কিছুদিন দৌড়ঝাঁপ করে খাল দখলমুক্ত করেন, কিন্তু সেই পরিস্থিতি আগের জায়গায় ফেরত যেতে বেশি দিন লাগে না।

যেমনটি আমরা দেখতে পাচ্ছি মোহাম্মদপুরের বছিলার লাউতলা থেকে শুরু হয়ে বুড়িগঙ্গা নদীতে গিয়ে পড়া রামচন্দ্রপুর খালের ক্ষেত্রে। দখলমুক্ত হওয়ার দেড় বছরের মধ্যেই খালটি আবার মরতে বসেছে।

বছরখানেক আগে সংবাদমাধ্যমে ছাপা হওয়া একটি ছবি নিশ্চয়ই অনেকের মনে আছে। দলবল নিয়ে নৌকায় করে ঢাকার রামচন্দ্রপুর খাল পাড়ি দিচ্ছেন মেয়র আতিকুল ইসলাম। তাঁদের বহন করা ১০টি নৌকা তিন কিলোমিটার দীর্ঘ রামচন্দ্রপুর খাল পেরিয়ে বুড়িগঙ্গা নদী পর্যন্ত গিয়েছিল। সদিচ্ছা থাকলেই যে মৃতপ্রায় খালের প্রাণ ফিরিয়ে আনা যায়, তার একটি বড় নিদর্শন ছিল মেয়রের এই নৌভ্রমণ। বিষয়টি নিয়ে তিনি বেশ প্রশংসাও কুড়িয়েছিলেন। কিন্তু এরপর আমরা যা দেখলাম, তা খুবই হতাশাজনক।

খাল পরিষ্কার ও সংস্কারের পর যেখানে পানিপ্রবাহ ফিরে এসেছিল, এমনকি নৌকা চলাচলের মতো উপযোগী পরিবেশও ফিরেছিল, সেই খাল কী করে এত তাড়াতাড়ি আগের অবস্থায় ফিরে যায়! তার মানে, খাল দূষণ ও দখলমুক্ত করার আত্মসন্তুষ্টিতেই ছিল ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃপক্ষ।

ফলে সেই খাল ধরে রাখার যথেষ্ট তদারকি তাদের পক্ষ থেকে ছিল না। যদিও খালটিকে সুরক্ষার অনেক প্রতিশ্রুতিই দিয়েছিলেন মেয়র আতিক। বলেছিলেন, খাল পরিষ্কার রাখা ও তদারকির জন্য বিশেষ দল গঠন করবেন তিনি। খালের পাড়ে বসবে সিসিটিভি ক্যামেরা। মানুষের যাতায়াতের সুবিধার জন্য খালে নৌকা চলবে, দেওয়া হবে নৌকার লাইসেন্সও। সেসব প্রতিশ্রুতি সম্ভবত মেয়র নিজেই ভুলে গেছেন। নয়তো এত কষ্ট করে উদ্ধার করা খালটির আবারও এমন পরিণতি হতো না।

নগর-পরিকল্পনাবিদেরা বলছেন, খাল রক্ষার জন্য পর্যাপ্ত কারিগরি জনবল ও পরিকল্পিত ব্যবস্থাপনা সিটি করপোরেশনের নেই। ফলে খাল খনন ও পরিষ্কার রাখার কাজটি টেকসই হচ্ছে না। এর বড় প্রমাণ রামচন্দ্রপুর খাল। এখন ঢাকার খালগুলোর এমন পরিস্থিতি হয়েছে, সেগুলো নামেই শুধু টিকে আছে।

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে শুভাঢ্যা খালের কিছু অংশে তো মানুষ হেঁটেই পার হয়ে যান। অথচ এক দশক আগেও নৌকা দিয়ে খালটিতে যাতায়াত করতে হতো।

এসব খাল উদ্ধার ও নিয়মিত তদারকি করা না গেলে ঢাকার জলাবদ্ধতা নিরসনে কোটি কোটি টাকা ঢাললেও কোনো লাভ হবে না। এখন খাল উদ্ধার ও সুরক্ষায় সিটি করপোরেশন কি ব্যর্থতারই পরিচয় দিয়ে যাবে, সেটিই এখন প্রশ্ন।