আর কত মৃত্যু-ধর্ষণ হলে টনক নড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি বাসে সংঘটিত ডাকাতি ও ধর্ষণের ঘটনার রেশ না কাটতেই গণপরিবহনে আরেকটি ধর্ষণের ঘটনা ঘটল। ভুক্তভোগী নারী গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

প্রথম আলোর খবর থেকে জানা যায়, নওগাঁ থেকে বাসে আসা এক দম্পতি শনিবার ভোরে গাজীপুর নগরের ভোগড়া বাইপাস এলাকায় নামেন। সেখান থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে চলাচলকারী তাকওয়া পরিবহনের একটি মিনিবাসে করে মাওনার দিকে যাত্রা করেন।

বাসটিতে আগে থেকে দুজন কর্মী ছিলেন এবং চন্দনা চৌরাস্তায় এসে পৌঁছালে আরও তিনজন ওঠেন। এরপর বাসের অন্য যাত্রীরা নেমে গেলে এর কর্মীরা ধাক্কা দিয়ে স্বামীকে ফেলে দেন এবং ওই পাঁচ কর্মী বাসের ভেতরেই তাঁর স্ত্রীকে ধর্ষণ করেন। পুলিশের ভাষ্যমতে, রাজেন্দ্রপুর চৌরাস্তায় এসে বাসকর্মীরা ওই নারী যাত্রীকে নামিয়ে দেন। এর আগে তাঁরা স্বামী ও স্ত্রীর কাছ থেকে টাকাপয়সা ও মুঠোফোন ছিনিয়ে নেন।

বলতে হবে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুতই দুর্বৃত্তদের পাকড়াও করেছে। কিন্তু পরিবহন কোম্পানির মালিককে কেন আইনের আওতায় আনা হবে না? তদন্ত করে দেখা দরকার আইনানুযায়ী ওই মিনিবাসের সব কাগজপত্র ছিল কি না? কর্মীরা পরিবহন কোম্পানি দ্বারা নিয়োগপ্রাপ্ত ছিলেন কি না? যখন কোনো যাত্রী গণপরিবহনে ওঠেন, তাঁর নিরাপত্তার দায়িত্ব ওই পরিবহনেরই। আর এখানে রক্ষকেরাই ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। পরিবহনে আর কত ডাকাতি, ছিনতাই ও ধর্ষণ হলে কর্তৃপক্ষের টনক নড়বে?

প্রথম আলোর প্রতিবেদন থেকে জানা যায়, যাত্রী সুরক্ষার বিষয়টি শুধু আইনেই আছে, বাস্তবে নেই। পরিবহনমালিক ও শ্রমিকেরা আইন না মানলেও অনায়াসে পার পেয়ে যান। মহাসড়কে হাইওয়ে পুলিশ আছে, কিন্তু তাদের তৎপরতা খুবই কম। আন্তজেলা বাস চলাচলের ক্ষেত্রে নির্দিষ্ট স্থান ছাড়া যাত্রী ওঠানোর নিয়ম না থাকলেও অহরহ তা ঘটছে। ঈগল পরিবহনের যে বাসে ডাকাতি ও ধর্ষণের ঘটনা ঘটেছিল, সেই বাসে থেমে থেমে যাত্রী নেওয়া হয়েছিল।

চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে চার হাজার ১৬৬ জনের মৃত্যু ঘটেছে। এর মধ্যে জুলাই মাসে সর্বোচ্চ ৭৩৯ জন মারা যায়। বেসরকারি সংগঠন রোড সেফটি ফাউন্ডেশনের এ তথ্য উদ্বেগজনক বললেও কম বলা হয়। কিন্তু দুর্ঘটনা রোধে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া দূরে থাক, ২০১৮ সালে প্রণীত সড়ক পরিবহন আইনটিও বাস্তবায়নের উদ্যোগ নেই।

তাহলে যাত্রীদের নিরাপত্তা কোথায়? বিশেষ করে নারী যাত্রীদের? বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির তথ্য অনুযায়ী, ২০১৬-১৯ সাল পর্যন্ত চার বছরে গণপরিবহনে ধর্ষণ ও যৌন হয়রানির ঘটনা ঘটেছে ১৩৪টি। এর মধ্যে ৪২টি দলবদ্ধ ধর্ষণ এবং ৯১টি যৌন হয়রানির ঘটনা ঘটেছে। দূরপাল্লার পরিবহনে যাত্রীদের নিরাপত্তায় সরকারের পক্ষ থেকে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে, বাসের মালিক ও কর্মীরা তা-ও মানেন না। যেমন বাসে ওঠা ও নামার সময় প্রত্যেক যাত্রীর ভিডিও ফুটেজ নেওয়া, চালকের আসন স্টিলের বেষ্টনী দিয়ে সুরক্ষিত রাখা।

এভাবে যাত্রীরা গণপরিবহনে উঠে ডাকাতি, ছিনতাই ও ধর্ষণের শিকার হবেন, এটা চলতে পারে না। চলতে দেওয়া যায় না। কোনো ঘটনা ঘটলে সরকার তার পেছনে ছোটে। অপরাধীদের ধরার চেষ্টা করে। কিন্তু অপরাধ যাতে সংঘটিত না হতে পারে, সে জন্য আগাম পদক্ষেপ নিতে দেখা যায় না।

তাকওয়া পরিবহনের যেসব কর্মী ছিনতাই ও ধর্ষণের মতো জঘন্য অপরাধ করেছেন, তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। সেই সঙ্গে যে কোম্পানি এ বাস সড়কে নামিয়েছে, সেই কোম্পানি ও এর মালিককে আইনের আওতায় আনতে হবে।