তদন্ত করে এই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিন

সম্পাদকীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনা মহামারি ও রাশিয়া–ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক সংকটে ভুক্তভোগী বাংলাদেশও। সাধারণ মানুষ জীবন নির্বাহ করতে হিমশিম খাচ্ছে এখনো। অনেক মানুষ দারিদ্র্যসীমার নিচে চলে যাওয়ার নানা জরিপ আমরা দেখেছি। যদিও সরকারি পরিসংখ্যানে উঠে এসেছে, দেশে দারিদ্র্যের হার কমেছে।

সেখানে দেখা যাচ্ছে, রংপুর বিভাগে উল্লেখযোগ্যভাবে দারিদ্র্য কমেছে। আবার রংপুরের গাইবান্ধায় দারিদ্র্য দূরীকরণ নিয়ে প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগও আমরা দেখতে পাচ্ছি। প্রকল্পের সুফলভোগীরা সেখানে বঞ্চিত হয়েছেন। বিষয়টি হতাশাজনক।

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) অধীনে ‘গাইবান্ধা সমন্বিত পল্লী দারিদ্র্য দূরীকরণ কর্মসূচি’ নামের সাড়ে পাঁচ বছর মেয়াদের প্রকল্পটি শুরু হয় ২০১৮ সালের জানুয়ারিতে, শেষ হয় চলতি বছরের জুনে।

প্রকল্পটির জন্য বরাদ্দ দেওয়া হয় প্রায় ৫১ কোটি টাকা। এই টাকা খরচ করা হয় দরিদ্র নারী–পুরুষকে স্বাবলম্বী করে তুলতে নানা প্রশিক্ষণ, ভাতা ও ঋণ দেওয়ার পেছনে। প্রকল্পে ২৮ জন কর্মকর্তা-কর্মচারী সার্বিক কাজের তদারক করেন। তাঁদের পেছনেও খরচ হয় বরাদ্দের একটি অংশ।

প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয় ১৮ হাজার ৬০০ জন দরিদ্র নারী-পুরুষকে। এমব্রয়ডারি, বাঁশ ও কাঠশিল্প, হাঁস-মুরগি পালন, গরু মোটাতাজাকরণ, দুগ্ধ খামার, নার্সারি, মৃৎশিল্প, মোবাইল সার্ভিসিং, গ্রামীণ ইলেকট্রনিকস দোকান, হোসিয়ারি ও কাপড়ের ব্যাগ তৈরি বিষয়ে আট দিন থেকে এক মাস মেয়াদের এ প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের তালিকা প্রকল্পের ওয়েবসাইটে দেওয়া হয়েছে। কিন্তু তাঁদের অনেকেই প্রশিক্ষণের কথা জানেন না।

শুধু তা-ই নয়, প্রশিক্ষণপ্রাপ্ত ৫ হাজার ৬০০ জনকে কোনো ঋণ দেওয়া হয়নি। এমনকি প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের ভাতা কেটে নেওয়া, ভাতা ও ঋণ প্রদানে উৎকোচ গ্রহণের অভিযোগও রয়েছে। এ ছাড়া ঋণ নিয়ে কাজে সফল হননি অনেক সুবিধাভোগী। তার মানে কাগজে–কলমে প্রকল্পটির সফলতা দেখানো হয়েছে।

প্রকল্পের তালিকাভুক্ত অন্তত ৮০ জনের সঙ্গে কথা বলে বিভিন্ন অভিযোগের সত্যতা মিলেছে। ভুক্তভোগীরা বিআরডিবির মহাপরিচালকের কাছে লিখিত অভিযোগও দিয়েছেন। তবে প্রকল্প পরিচালক দাবি করেন, প্রকল্প নিয়ে এসব অভিযোগ সঠিক নয়। প্রশিক্ষণ না দিয়ে তালিকায় কারও নাম ওঠেনি।

দারিদ্র্য বিমোচনে সরকারি এ প্রকল্পের গুরুত্ব অত্যধিক। এর জন্য বিপুল অর্থ বরাদ্দও প্রশংসনীয়। কিন্তু সেই প্রকল্প এভাবে নয়ছয় হলে দুঃখজনক। এতে সুফলভোগীরা উপকৃত হওয়ার বদলে সরকারি অর্থের অপচয়ও ঘটে। গাইবান্ধায় এই দুর্নীতি ও অনিয়মের অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠন করা হোক। জড়িত ব্যক্তিদের কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই।