চিকিৎসকের পরামর্শ ছাড়া বিক্রি নয়

সম্পাদকীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিমাইক্রোবায়াল ড্রাগ, যাকে একসময় বিজ্ঞানের আশীর্বাদ ভাবা হতো, সেটাই হয়ে উঠেছে বিপজ্জনক। সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) অ্যান্টিবায়োটিকের কার্যকারিতাবিষয়ক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বিশেষজ্ঞ চিকিৎসক ও গবেষকেরা বলেন, অ্যান্টিবায়োটিকের মাত্রাতিরিক্ত ব্যবহার অপরাধের পর্যায়ে পৌঁছেছে। বাছবিচারহীনভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার রোগ প্রতিরোধে শুধু ব্যর্থই হচ্ছে না, স্বাস্থ্যের জন্য দীর্ঘস্থায়ী ঝুঁকি তৈরি করছে।

অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিমাইক্রোবায়াল ড্রাগ এমন একধরনের ওষুধ, যা ব্যাকটেরিয়া সংক্রমিত রোগের বিরুদ্ধে লড়াই করে। গবেষণায় দেখা গেছে, কিছু কিছু অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে কোনো কোনো জীবাণু ৭৫ থেকে ৯০ শতাংশ প্রতিরোধী হয়ে উঠেছে। এর অর্থ এসব অ্যান্টিবায়োটিক কাজে আসছে না। বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক মো. ফজলে রাব্বি চৌধুরী বলেন, কিছু অ্যান্টিবায়োটিক সংরক্ষিত হিসেবে বিবেচিত।

এগুলো শেষ আশ্রয়স্থল। একান্ত বিপদে না পড়লে সেই অ্যান্টিবায়োটিক ব্যবহার করা উচিত নয়। যথেচ্ছ ও অযৌক্তিক ব্যবহারের কারণে ওষুধ প্রতিরোধী ব্যাকটেরিয়া, ভাইরাস ও ছত্রাকে আক্রান্ত মানুষ ওষুধে সুস্থ হয়ে উঠছে না। মানুষ মারা যাচ্ছে। ২০১৯ সালে সারা বিশ্বে এই কারণে ১২ লাখ ৭০ হাজার মানুষের মৃত্যু হয়। একই সময় বাংলাদেশে অনুমিত ২৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়।

বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগে ২০২২ সালের ১ জানুয়ারি থেকে ২০২৩ সালের জুন পর্যন্ত ৭২ হাজার ৬৭০টি নমুনা পরীক্ষা করা হয়। এই পরীক্ষার ফলাফল উপস্থাপন করে শাহেদা আনোয়ার বলেন, এর মধ্যে ব্যাকটেরিয়া পাওয়া গেছে ১৫ হাজার ৭৫১টি নমুনায়। কিছু কিছু অ্যান্টিবায়োটিকের ক্ষেত্রে কোনো কোনো জীবাণু ৭৫ থেকে ৯০ শতাংশ প্রতিরোধী হয়ে উঠেছে। এর অর্থ গত চার বছরে অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহার আরও বেড়েছে।

গবেষণায় আরও বেরিয়ে এসেছে, আইসিইউতে চিকিৎসা নেওয়া রোগীদের মধ্যে অ্যান্টিবায়োটিক অকার্যকর হওয়ার প্রবণতাও বেশি। হাসপাতালে মানুষ একটি রোগের চিকিৎসার জন্য আসেন, এসে তাঁরা অ্যান্টিবায়োটিক প্রতিরোধী অন্য রোগে আক্রান্ত হন। অনেক সময় একটি অ্যান্টিবায়োটিক ব্যবহারে কাজ না হলে অন্যটি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়। এতে রোগী সুস্থ না হলেও চিকিৎসা খরচ কয়েক গুণ বেড়ে যায়।

সে ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহারে পরামর্শ দেওয়ার ক্ষেত্রে চিকিৎসকদের যেমন সতর্ক থাকতে হবে, তেমনি রোগীদেরও এর ব্যবহারে সজাগ থাকতে হবে। নির্দিষ্ট পরিমাণ অ্যান্টিবায়োটিক একটা ব্যবহার না করলে রোগের উপশম হয় না। কিন্তু অনেক রোগী পুরোপুরি সুস্থ হওয়ার আগেই অ্যান্টিবায়োটিক ব্যবহার বন্ধ করে দেন। ফলে দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার আশঙ্কা থাকে।

বিশেষজ্ঞরা চিকিৎসকদের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার ও বিক্রি না করার যে পরামর্শ দিয়েছেন, সেটা পুরোপুরি মেনে চলতে হবে। অন্যান্য দেশে চিকিৎসকের পরামর্শ ছাড়া সাধারণত কোনো ওষুধ বিক্রি করা হয় না। কিন্তু আমাদের দেশে বিক্রেতারা হরদম বিক্রি করছেন এবং রোগীরাও কিনছেন।

রোগের ধরন পাল্টে যাওয়ায় একই ওষুধ কাজে না-ও লাগতে পারে। উন্নত দেশগুলোয় ওষুধ নিয়ে অব্যাহত গবেষণা চলে। কিন্তু আমাদের এখানে সে রকম গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষা কমই হচ্ছে। কিছুদিন পরপর অ্যান্টিবায়োটিক ব্যবহার বিধি হালনাগাদ করা প্রয়োজন বলেও একজন বিশেষজ্ঞ পরামর্শ দিয়েছেন। হালনাগাদ করতে হলে আরও বেশি গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।

ওষুধ বিক্রেতা ও চিকিৎসকদের পাশাপাশি রোগী ও তার পরিবারকেও সজাগ হতে হবে। সামান্য উপসর্গ দেখা দিলেই অ্যান্টিবায়োটিক ব্যবহারের প্রবণতা বন্ধ করতে হবে। এ ক্ষেত্রে চিকিৎসক ও বিক্রেতাদের পাশাপাশি রোগীদেরও সজাগ হওয়ার বিকল্প নেই।