বৃহস্পতিবার রাতে কয়েক ঘণ্টার বৃষ্টিতে ঢাকা মহানগরীর অধিকাংশ এলাকা ডুবে যায় এবং ঘরমুখী লাখ লাখ মানুষ অবর্ণনীয় দুর্দশার মধ্যে পড়েন। বৃষ্টির সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিরপুরে এক পরিবারের তিন সদস্যসহ চারজনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এই মৃত্যু কি এড়ানো যেত না?
বেশি বৃষ্টি হলে ঢাকা শহরের নিচু এলাকায় পানি জমে যাওয়া অস্বাভাবিক নয়। কিন্তু বৃষ্টি থেমে যাওয়ার পর কোথাও ১২ ঘণ্টা, কোথাও ২৪ ঘণ্টা পানি জমে থাকবে কেন? দেড় কোটি জন–অধ্যুষিত এই শহরে পানিনিষ্কাশনের ন্যূনতম ব্যবস্থা এত বছরেও কেন হলো না, এই প্রশ্ন আবারও জোরালো হয়ে উঠল।
এমন দুর্যোগপূর্ণ আবহওয়া নিয়ে নগরবাসীকে পূর্বাভাস দিতেও ব্যর্থ হয়েছে আবহাওয়া অফিস। ফলে কোনো সতর্কবার্তা না পাওয়ায় কর্মস্থলফেরত হাজার হাজার নারী–পুরুষকে ভয়াবহ বিপদে পড়তে হয়েছে। অনেক সড়ক পানিতে ডুবে যাওয়ায় ব্যক্তিগত গাড়ি, সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল অচল হয়ে যায়। আশপাশে বিকল্প কোনো বাহন না পাওয়ায় আরোহীদের ঘণ্টার পর ঘণ্টা সেই ডুবন্ত বাহনেই অপেক্ষা করতে হয়েছে। অনেক সড়কে এতটা পানি উঠেছে যে রিকশাও চলাচল করতে পারেনি। এ রাতে গণপরিবহনের অভাবের বিষয়টি আবারও চরমভাবে প্রকাশ পেয়েছে।
এসব দুর্যোগের সময় ফায়ার ব্রিগেড ও ট্রাফিক পুলিশের সহায়তা পাওয়ার কথা। কিন্তু রাতে অনেক জায়গায় ট্রাফিক পুলিশের দেখা পাওয়া যায়নি। ফায়ার ব্রিগেডেরও কার্যক্রম ছিল খুবই সীমিত। এই ঢাকা নগরীর নাগরিক সেবার জন্য অনেকগুলো প্রতিষ্ঠান আছে, দুর্যোগ মোকাবিলার জন্য প্রতিষ্ঠান আছে। আছে নির্বাচিত জনপ্রতিনিধিও। বৃহস্পতিবার রাতের মহাদুর্যোগের সময় তঁারা কোথায় ছিলেন?
ঢাকা শহরের জলাবদ্ধতা এতটাই প্রকট ছিল যে শুক্রবার বিকেল পর্যন্ত অনেক এলাকা থেকে পানি সরে যায়নি। নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি দেওয়ান আমিনুল ইসলাম সংক্ষুব্ধ কণ্ঠে প্রথম আলোকে বলেন, ‘জলাবদ্ধতা হতে পারে। কিন্তু তাই বলে ১২ থেকে ১৪ ঘণ্টা পরও পানি নামবে না, এটা কেমন কথা? এই ব্যর্থতার জন্য যাঁরা দায়ী, তাঁদের শাস্তি হওয়া উচিত।’ প্রথম আলোর আলোকচিত্রীদের ছবিতে দেখা যায়, পুরান ঢাকা, নিউমার্কেট, আজিমপুর, ধানমন্ডি, মিরপুরের অনেক এলাকা ছিল জলমগ্ন। পানিতে থই থই করা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এক রাতের বৃষ্টিতে কেন এই অবস্থা হলো? চট্টগ্রামের জলাবদ্ধতার কারণ হিসেবে বৃষ্টির পাশাপাশি সমুদ্রের জলোচ্ছ্বাস ও পাহাড় নিধনের কথা বলা হয়। কিন্তু ঢাকার আশপাশে তো সমুদ্র নেই। তারপরও ঢাকা জলমগ্ন হওয়ার কারণ বৃষ্টির পানি সরতে না পারা। ক্ষমতাবানেরা ঢাকার খালগুলোকে গ্রাস করেছেন। বুড়িগঙ্গাসহ চারপাশের নদীগুলো প্রায় মুমূর্ষু অবস্থায় নিয়ে গেছেন দখল ও দূষণের মাধ্যমে। অতীতে খাল উদ্ধারের দায়িত্ব ছিল ঢাকা ওয়াসার ওপর। তারা সেটি পারেনি। বছর দুই আগে দুই সিটি করপোরেশনকে সেই দায়িত্ব দেওয়া হলেও পরিস্থিতির কোনো উন্নতি ঘটেনি। মেয়রদ্বয়ের হাঁকডাক শুনতে শুনতে আমরা হয়রান। তাঁরা কি কিছুই করতে পারবেন না?
নগরবাসীর দুর্ভোগ বলে দিচ্ছে, ঢাকা শহরের আসলে কোনো অভিভাবক নেই। নাগরিক সেবায় নিয়োজিত কোনো প্রতিষ্ঠানই দায়িত্ব পালন করছে না। ঢাকার খালগুলো উদ্ধার করতে না পারলে, আশপাশের নদীগুলো রক্ষা করতে ব্যর্থ হলে নগরবাসীকে এভাবে ডুবে মরতে হবে। জলাবদ্ধতার জন্য দায়ী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে চিহ্নিত করে জবাবদিহির আওতায় আনা হোক।
গতকাল পর্যন্ত কোনো জনপ্রতিনিধি মিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে মৃত ব্যক্তিদের স্বজনদের সঙ্গে দেখা করেছেন, এমন কোনো খবর আমরা পাইনি। ওই পরিবারের এক শিশু কোনোভাবে প্রাণে বেঁচেছে। এতিম শিশুটির দায়িত্ব রাষ্ট্র বা প্রতিষ্ঠানগুলোকেই নিতে হবে। এসব মৃত্যুর জন্য অবশ্যই ক্ষতিপূরণ দিতে হবে।