উদ্বোধনের পরও কার্যক্রম কেন শুরু হয়নি

সম্পাদকীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশে পাঠানোর আগে কর্মীদের দক্ষতা বাড়াতে ৪১টি উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে গত জুলাইয়ে ২৪টি ও সেপ্টেম্বরে ১টি কেন্দ্রের উদ্বোধন হয়েছে।

তবে কোনোটিতেই শুরু হয়নি প্রশিক্ষণ কার্যক্রম। পূর্ণ প্রস্তুতি ছাড়া এসব কেন্দ্রের উদ্বোধন হওয়ায় এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন ওঠাটা স্বাভাবিক।

প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের অধীন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের এ প্রকল্প বাস্তবায়ন করছে। বিএমইটি সূত্রের বরাত দিয়ে প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, ২০১৬ সালের জানুয়ারিতে ১ হাজার ৩৩১ কোটি টাকা ব্যয়ে প্রকল্পের কাজ শুরু হয়।

২০২০ সালের জুনে কাজ শেষ হওয়ার কথা থাকলেও প্রকল্পের মেয়াদ ২০২২ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়। এতে ব্যয় বেড়ে দাঁড়ায় ১ হাজার ৬৬৭ কোটি টাকা। তাতেও কাজ শেষ না হওয়ায় তৃতীয় দফায় আবার ২০২৩ সালের জুন পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়। এভাবে সময় ও ব্যয় বৃদ্ধি, প্রকল্পটি যারা বাস্তবায়ন করছে, তাদের অদক্ষতারই প্রমাণ।

প্রায় দেড় একর জায়গায় একাধিক ভবন নিয়ে একেকটি টিটিসি করা হয়েছে। এতে অধ্যক্ষ ও দুজন কর্মচারী নিয়োগ দেওয়া হলেও অনেক ভবনে এখনো তালা ঝুলছে। নিয়োগ হয়নি প্রশিক্ষক, সরবরাহ করা হয়নি প্রশিক্ষণের সরঞ্জাম। দু-একটি কেন্দ্র প্রশিক্ষণের জন্য বিজ্ঞপ্তি দিলেও কেউ ভর্তি হননি। বিস্ময়কর হলো, উদ্বোধনের তিন মাস পরও ফরিদপুরের নগরকান্দা টিটিসির নির্মাণকাজ শেষ হয়নি।

প্রবাসী কর্মীদের জন্য উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের এ উদ্যোগ অবশ্যই ইতিবাচক। কেননা, কোনো দক্ষতা অর্জন না করেই কর্মী হিসেবে বিদেশে গেলে তাঁদের নানা ভোগান্তিতে পড়তে হয়। আবার দক্ষতাহীন ও আধা দক্ষ কর্মী কাঙ্ক্ষিত আয়ও করতে পারেন না। সে জন্য প্রবাসে কর্মী পাঠানোর আগে তাঁদের দক্ষ করে গড়ে তোলার কথা দীর্ঘদিন ধরেই বলে আসা হচ্ছে। এসব কেন্দ্র থেকে প্রশিক্ষণ গ্রহণ করলে প্রবাসী কর্মীদের ভোগান্তি কমবে এবং প্রবাসী আয়ও বাড়বে।

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণে এ দীর্ঘসূত্রতা এবং উদ্বোধনের পরও প্রশিক্ষণ কার্যক্রম শুরু না করতে পারাটা হতাশাজনক। প্রশিক্ষণ কার্যক্রম শুরু না করতে পারার ক্ষেত্রে যে ঘাটতিগুলো আছে, কর্তৃপক্ষের উচিত দ্রুত তা পূরণ করা।

দেশে বিভিন্ন প্রকল্প বাস্তবায়ন এবং প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ও গতিশীলতা নিয়ে এর আগেও নানা রকম প্রশ্ন উঠেছে। এর জন্য দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে হবে।