ভবন নির্মাণ করে জনভোগান্তি দূর করুন

সম্পাদকীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কথা তো ছিল তৃণমূলের জনসাধারণের জন্য ইউনিয়ন পরিষদ কার্যালয় হবে ‘ওয়ান স্টপ সার্ভিস’। মানে স্থানীয় মানুষ এক জায়গা থেকে প্রয়োজনীয় সব সেবা পাবেন। সেই কাজও নেহাত কম নয়। ইউনিয়ন পরিষদের (ইউপি) বাধ্যতামূলক কাজ ১০টি, ঐচ্ছিক ৩৮টি।

কিন্তু গাইবান্ধার অন্তত ১৩টি ইউপিতে চেয়ারম্যানের বসারই জায়গা হয় না, তাঁরা তাঁদের মেম্বারদের নিয়ে কাজ করবেন কীভাবে? প্রথম আলোর প্রতিবেদন বলছে, এই ১৩ ইউপির নিজস্ব কার্যালয়, প্রশাসনিক ভবন কিছুই নেই। ভাড়াবাড়িতে কোনোরকমে পরিষদের কাজ চলে। সেই টাকা আবার নিজেদের পকেট থেকে দিতে হয়।

প্রথম আলোর খবর জানাচ্ছে, সেবাপ্রার্থীদের বসার ব্যবস্থা নেই। ইউনিয়ন ডেভেলপমেন্ট সেন্টার থেকে যে ডিজিটাল সেবা পাওয়ার কথা, তা-ও একরকম বন্ধ। ফলে জন্ম-মৃত্যু-নাগরিক সনদ পেতে ঘাম ছুটে যাচ্ছে মানুষের।

কোনো কোনো ইউনিয়ন থেকে নৌকায় ঘণ্টা দু-এক পর্যন্ত গিয়ে প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপি করিয়ে আনতে হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান-মেম্বারদের জায়গা খুঁজতে বলেছেন। এলজিইডি বলেছে, ওই সব ইউপির নিজস্ব জায়গা নেই বলে ভবন নির্মাণ করা যাচ্ছে না।

যেসব ইউপির চেয়ারম্যানরা ভবন নির্মাণে জায়গা কিনে অথবা দানপত্র করে দিচ্ছেন, সেখানেই ভবন তৈরি করে দেওয়া হয়ে থাকে। দুই বছর আগে কয়েকটির প্রস্তাবও পাঠানো হয়েছে। সেগুলোর অনুমোদন পাওয়া যায়নি। তবে সম্প্রতি জমি অধিগ্রহণ করে ইউপি ভবন নির্মাণের সরকারি নির্দেশনা দেওয়া হয়েছে।

খোঁজখবর নিয়ে জানা যাচ্ছে, ইউপি ভবন নির্মাণের প্রয়োজনীয়তার কথা জানিয়ে ২০১৩ সালে সরকার নির্দেশ জারি করেছিল। ইউনিয়ন পরিষদের জায়গা পছন্দ করে প্রশাসনকে জানানোর কথা। উপজেলা নির্বাহী কর্মকর্তা, অতিরিক্ত জেলা প্রশাসক ও জেলা প্রশাসকের সরেজমিনে পরিদর্শন করে জায়গা ঠিক করে দেবেন, এমন ছিল সরকারি সিদ্ধান্ত।

দেখা যাচ্ছে গাইবান্ধার যে ইউপিগুলো চরাঞ্চলে, সেগুলোই সমস্যায় পড়েছে। প্রশ্ন হলো, এখন সাধারণ সমতলভূমিতে যে ধরনের ভবন নির্মাণ করা যাবে, চরাঞ্চলে তেমনটি যাবে না। সে ক্ষেত্রে এলজিইডি তাদের প্রকৌশলীদের নিয়ে বসে চরাঞ্চলের জন্য উপযুক্ত ভবন নির্মাণ করে দিতে পারে। জমি কেনা বা দান হিসেবে গ্রহণের কাজে প্রশাসন সহযোগিতা করতে পারে।

আমাদের দুর্ভাগ্য, দেশের কর্তৃপক্ষগুলোর অবস্থা কানে দিয়েছি তুলো, পিঠে বেঁধেছি কুলো ধরনের। ফলে তারা জনগণের ভোগান্তির কথা বোঝে না। একটি জন্মনিবন্ধন সনদ বা মৃত্যু ও নাগরিক সনদ সময়মতো হাতে না পেলে মানুষ তার বহু অধিকার থেকে বঞ্চিত হয়।

তা ছাড়া গ্রামে আচার-বিচারের বড় কেন্দ্রও ইউনিয়ন পরিষদ। সরকার ও দাতা সংস্থাগুলোর পক্ষ থেকেও তুচ্ছ ঘটনায় আদালতে যাওয়ায় নিরুৎসাহিত করা হয়েছে। প্রশস্ত জায়গা না থাকলে চেয়ারম্যান, মেম্বাররা বিচার-সালিসই–বা কী করে করবেন। আমরা চাই দ্রুত ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণে সংশ্লিষ্ট সরকার ভূমিকা রাখুক।