এ মৃত্যুর দায় সরকার এড়াবে কীভাবে

সম্পাদকীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বুধবার নয়াপল্টনে বিএনপির অফিসের সামনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে মকবুল আহমেদ নামের এক কর্মীর নিহত হওয়ার ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত ও উদ্বিগ্ন। বিএনপির সমাবেশের স্থান নিয়ে যখন সরকার ও বিএনপির মধ্যে আলোচনা চলছিল, তখনই ঘটল এ ঘটনা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার যে অনুমতি দিয়েছে, দলটি সেখানে সমাবেশ করতে রাজি নয়। এ পরিস্থিতিতে বিএনপি তার আগের অবস্থান থেকে সরে এসে নয়াপল্টনের পাশে আরামবাগে বিকল্প স্থানের প্রস্তাব করেছিল। কিন্তু এ নিয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, ডিএমপি জনদুর্ভোগের যুক্তি দিয়ে কোনোভাবেই সড়কে সমাবেশ করতে দিতে রাজি নয়।

এ পরিস্থিতিতে বুধবার বিএনপির নেতা-কর্মীরা দলীয় অফিসের সামনে জড়ো হলে পুলিশ তাঁদের বিরুদ্ধে অভিযান চালায়। দুই পক্ষের মধ্যে বাধে সংঘর্ষ। একপর্যায়ে পুলিশ সেখানে কাঁদানে গ্যাস ও শটগানের গুলি ছোড়ে। এতে মকবুল আহমেদ মারা যান এবং অর্ধশত নেতা-কর্মী আহত হন।

কয়েকজন পুলিশ সদস্যও আহত হন। এরপর পুলিশ বিএনপির অফিসে অভিযান চালিয়ে সেখানে অবস্থানরত অনেক নেতা-কর্মীকে গ্রেপ্তার করে। পুলিশের দাবি, বিএনপির অফিস থেকে তারা ১৫টি ককটেল উদ্ধার করেছে। অন্যদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অভিযানে যাওয়ার সময় পুলিশ এসব ককটেল ব্যাগে করে বিএনপির অফিসে নিয়ে গেছে। যাতে কোনো আলামত না থাকে, সে জন্য বিএনপির অফিস থেকে সিসি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে গেছে তারা।

পুলিশের অভিযানের পর নয়াপল্টন এলাকায় ভুতুড়ে পরিবেশ তৈরি হয়েছিল। বিএনপির অফিস থেকে সব নেতা-কর্মীকে বের করে দিয়ে পুলিশ তালা ঝুলিয়ে দিয়েছে। এমনকি দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল বৃহস্পতিবার অফিসে ঢুকতে চাইলেও তাঁকে যেতে দেওয়া হয়নি। নয়াপল্টনের সড়কে গতকাল বিকেল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ ছিল।

অথচ সরকার বিএনপিকে নয়াপল্টনে সমাবেশ করার অনুমতি না দেওয়ার ক্ষেত্রে জনগণের যাতায়াতের সমস্যাকেই অজুহাত হিসেবে দেখিয়েছে। নয়াপল্টনে বিএনপির অফিসে অভিযানের আগে ও পরে ঢাকার বিভিন্ন স্থান থেকে বিএনপির বহু নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। পুরোনো মামলাগুলো পুনরুজ্জীবিত করে কারও কারও নামে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।

মানুষ দেখছে, সরকারি দল যেখানে চাইছে সভা, সমাবেশ ও সম্মেলন করতে পারছে, অথচ বিরোধী দলের ক্ষেত্রে যত শর্ত ও নিষেধাজ্ঞা। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বেশ কয়েকটি দেশ সব পক্ষকে গণতান্ত্রিক রীতি মানার তাগিদ দেওয়ার পাশাপাশি তাদের নাগরিকদের ওপর ভ্রমণ সতর্কতাও জারি করেছে।

কোনো দেশে যখন অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়, তখনই এটা করা হয়। এমন একটি অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করার কোনো যৌক্তিক কারণ ছিল না। পুলিশ অভিযান না চালালে পরিস্থিতি এ পর্যায়ে যেত বলে মনে হয় না। এ ছাড়া রাস্তা খালি করতে হলে কি গুলিবর্ষণ জরুরি?

গতকাল সংবাদ সম্মেলন করে বিএনপি বলেছে, গ্রহণযোগ্য বিকল্প না পেলে নয়াপল্টনেই সমাবেশ করবে তারা। এ পরিস্থিতি আরও সংঘাতের আশঙ্কা তৈরি করছে। দুই পক্ষের শুভবুদ্ধির উদয় হবে আশা করি। সমাবেশের স্থান নিয়ে সমঝোতা প্রত্যাশিত। বিএনপি শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করলে সরকার কেন বাদ সাধবে?