অং সান সু চিকে অভিনন্দন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ সেনাশাসনের প্রেক্ষাপটে মিয়ানমারে একটি অবাধ, স্বচ্ছ ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা। এই নির্বাচনে প্রমাণিত হলো যে বলদর্পী শাসকের দম্ভের চেয়ে নীরব ও নিরস্ত্র মানুষের ভোট অনেক বেশি শক্তিশালী।

এ পর্যন্ত যেসব খবর পাওয়া গেছে, তাতে গণতন্ত্রের নেত্রী অং সান সু চির দল এনএলডি পার্লামেন্টে দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়ী হবে বলে আশা করা যাচ্ছে। আমরা গণতন্ত্রের এই ক্লান্তিহীন যোদ্ধাকে অভিনন্দন জানাই। ২৭ বছরের বেশি সময় ধরে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই করতে গিয়ে তিনি যে জেল-জুলুম সহ্য করেছেন, তার সঙ্গে দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদী শাসকদের বিরুদ্ধে নেলসন ম্যান্ডেলার একটানা ২৭ বছরের লড়াইয়ের তুলনা করা যায়। প্রতিবারই অং সান সু চি ধৈর্য, সহিষ্ণুতা ও সাহসের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করেছেন, হিংসা বা হানাহানির আশ্রয় নেননি। এবারের নির্বাচনেও প্রতিপক্ষের সব উসকানি ও উগ্রতার বিপরীতে শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতির কথা প্রচার করেছেন। বিজয়ী দলের নেতা হিসেবে তিনি যে সমঝোতার সরকার গঠনের কথা বলেছেন, তা তাঁর রাজনৈতিক প্রজ্ঞারই পরিচয়।
এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে নির্বাচনে জয়ী হয়েও অং সান সু চি দেশটির প্রধান নির্বাহী বা প্রেসিডেন্ট হতে পারছেন না সাংবিধানিক বিধিনিষেধের কারণে। এ ছাড়া সংবিধানে পার্লামেন্টের এক-চতুর্থাংশ আসন যে সেনাবাহিনীর জন্য সংরক্ষিত রাখা হয়েছে, তাও গণতান্ত্রিক রীতির পরিপন্থী। প্রেসিডেন্ট থেইন সেইনের দল ইউএসডিপি নির্বাচনে তাদের হার মেনে নিয়েছে। এখন তাদের দায়িত্ব হবে সংবিধানের কালো আইনগুলো বাতিল করে নির্বাচনে বিজয়ী দলের নেত্রীর হাতে ক্ষমতা হস্তান্তরের পথ উন্মুক্ত করা।
প্রতিবেশী মিয়ানমারে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে সেখানকার সব ধর্মের ও সব জাতিসত্তার মানুষ তাদের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে আশা করা যায়। বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের রোহিঙ্গা সমস্যাসহ যেসব সমস্যা আছে, তা সুরাহার পথ খুলবে; শান্তিতে নোবেল বিজয়ীর কাছে এটুকু প্রত্যাশা করা নিশ্চয়ই অযৌক্তিক নয়।