অং সান সু চির অস্বীকৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আনান কমিশনের দেওয়া সুপারিশ বাস্তবায়নের অঙ্গীকার করা আর রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নির্মূলের ঘটনা ঘটেনি বলে দাবি করা একসঙ্গে যায় না। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে অং সান সু চি আবারও রোহিঙ্গাদের বিরুদ্ধে দেশটির নিরাপত্তা বাহিনীর পদ্ধতিগত নিষ্ঠুর অভিযান, যা বিশ্ব বিবেককে ভীষণভাবে নাড়া দিয়েছে, তা তিনি অস্বীকার করলেন।
জাতিসংঘসহ তাবৎ আন্তর্জাতিক সম্প্রদায় যখন রোহিঙ্গা নির্মূলকে মানবতাবিরোধী অপরাধ বা গণহত্যার সঙ্গে তুলনা করছে, তখন তিনি বলছেন, ‘জাতিগত নির্মূল’ বললে তা বেশ ‘কঠোর’ হয়ে যায়। অবশ্য এখন তাঁর বলা উচিত যে রাখাইনে যা ঘটছে, তাহলে তা কী। তথাকথিত নিরপেক্ষতা বজায় রাখার নামে তিনি যে অবস্থান নিয়েছেন, তা গ্রহণযোগ্য হতে পারে না। তিনি উল্টো গণমাধ্যমকে দায়ী করে বলেছেন, মানুষ বলছে আমি কিছুই বলি না। কারণ, মানুষ চায়, আমি একটি জনগোষ্ঠী বা অন্য আরেকটা জনগোষ্ঠীর কার্যকলাপের নিন্দা করব, তাদের মনমতো কথা আমি বলিনি।’ এই মনোভাব আপত্তিকর। কারণ, এর মধ্য দিয়ে তিনি সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধদের মধ্যে যারা চরমপন্থী, যারা নিরাপত্তা বাহিনী পরিচালিত গণহত্যায় মদদ দিচ্ছে, তাদের সঙ্গে তিনি অসহায়, পলায়নপর রোহিঙ্গাদের এক পাল্লায় মাপছেন।
মিয়ানমারের রাখাইন রাজ্যে দীর্ঘদিন ধরে যা ঘটেছে, সম্প্রতি যা ঘটেছে এবং ঘটে চলেছে, সে ব্যাপারে সু চির কারও ‘মনমতো’ কথা বলা দরকার নেই। আসল কথা হচ্ছে, সন্ত্রাসীর পরিচয় যা-ই হোক, তিনি তার বিচার করবেন, এটাই মানুষের চাওয়া। কিন্তু রাখাইনে তিনি আইনের শাসনের ন্যূনতম শর্তপূরণেও ব্যর্থ হয়েছেন। কঠোর সামরিক শাসনামলে রোহিঙ্গাদের নাগরিকত্ব নাকচ করা হয়েছিল, এই জুলুমের অবসানে অং সান সু চি এখনো কোনো উদ্যোগ নেননি।
অং সান সু চি সর্বশেষ সাফাই বক্তব্যে জান্তা সরকারের নিষ্ঠুরতার প্রতিই দৃঢ় সমর্থন প্রকাশ করেছেন। দুর্ভাগ্যজনকভাবে তিনি ক্রমেই এশীয় ঘরানার চিরচেনা ‘রাজনীতিবিদ’ হয়ে উঠছেন। রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রদান, কর্মসংস্থান, বাস্তুচ্যুতদের জন্য তৈরি করা অস্থায়ী শিবিরগুলো ভেঙে নিরাপত্তাসহ তাদের পুনর্বাসন এবং বাংলাদেশের সঙ্গে সমঝোতার ভিত্তিতে রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার যেসব সুপারিশ আনান কমিশন করেছে, তা বাস্তবায়নে মিয়ানমার কতটুকু আন্তরিক, তা স্পষ্ট নয়। সু চি প্রশাসন ‘অধিকাংশ’ সুপারিশ বাস্তবায়নের অঙ্গীকার করলেও আমরা মনে করি, এর দ্রুত বাস্তবায়ন চাইলে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে এ জন্য আরও বেশি চাপ দিতে হবে।