অকার্যকর সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শৃঙ্খলাভঙ্গের দায়ে বিভিন্ন সময়ে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর শাস্তির সিদ্ধান্ত নিলেও বেশির ভাগ ক্ষেত্রে সেগুলো কার্যকর হয় না। শাস্তিপ্রাপ্ত ব্যক্তিদের বেশির ভাগ ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মী
হওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন আনুকূল্য দেখাচ্ছে কি না, সে প্রশ্ন সামনে এসেছে। শিক্ষাঙ্গনে র্যাগিং, দলবাজি, মারামারি, চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত ও শাস্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা যদি আগের মতোই বীরদর্পে ঘুরে বেড়ান, ক্লাসে যান, পরীক্ষাও দিতে পারেন, তাহলে তো অপরাধী চক্রকেই পুরস্কৃত করা হয়। তাঁরাই বিশ্ববিদ্যালয় দাবড়ে বেড়াবেন এবং বাস্তবে সেটাই হচ্ছে।
২০ আগস্ট রাতে একটি হলে ছাত্রলীগের এক পক্ষের নেতা-কর্মীদের ওপর হামলা চালায় অপর পক্ষ। এ ঘটনায় সিন্ডিকেট ১৬ নেতা-কর্মীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে। খুব হালকা শাস্তি। কারণ, হামলাবাজির মূল কারণ আধিপত্য বিস্তার। সোজা কথা, চাঁদাবাজির নিরঙ্কুশ সাম্রাজ্য প্রতিষ্ঠা। বিশ্ববিদ্যালয় কি চাঁদাবাজির আখড়া? সিন্ডিকেট তাঁদের পুরোপুরি বহিষ্কার করে পুলিশের হাতে তুলে দিতে পারত।
গত তিন মাসে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অপরাধমূলক কয়েকটি ঘটনায় ছয়টি বিভাগের সাত শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। কিন্তু এসবের একটিও কার্যকর হয়নি। অনেক ক্ষেত্রে সিন্ডিকেট সিদ্ধান্ত নিলেও অফিস আদেশ জারি হয় না। আদেশ পাঠানো হলেও অনেক সময় বিভাগের অফিস জানে না কখন কী আদেশ এসেছে। সিদ্ধান্ত কার্যকর না করার পক্ষে অনেক সময় যুক্তিও দেখানো হয়। যেমন, হাইকোর্টে রিট করেছেন শাস্তিপ্রাপ্ত ‘দুজন’, কিন্তু শাস্তি দেওয়া হয়েছে তিনজনকে, এ অবস্থায় অফিস আদেশ জারি করা যায় কি না, তা কর্তৃপক্ষ খতিয়ে দেখছে। এই খতিয়ে দেখতে দেখতে শাস্তির মেয়াদ শেষ, আসামি খালাস!
এসব ঘটনা কোনো বিশ্ববিদ্যালয়ের মান বাড়ায় না। শাস্তিপ্রাপ্তরা ছাত্রলীগের না কার, সেটা দেখার দরকার নেই। অপরাধীকে শাস্তি পেতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে এ সামান্য দাবিটুকু অনায়াসে করা যায়।