অগণতান্ত্রিক বিধানটি বাদ দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশন পৌরসভা নির্বাচনের জন্য যে আচরণবিধি চূড়ান্ত করেছে, তাতে প্রধানমন্ত্রী ও মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ‘অতি গুরুত্বপূর্ণ’ ব্যক্তিদের অংশগ্রহণের সুযোগ রাখা হয়েছে, যা নির্বাচনের প্রার্থীদের সুযোগের সমতা ক্ষুণ্ন করবে। এ ধরনের পদক্ষেপ গণতান্ত্রিক নীতির পরিপন্থী এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
প্রথমত, বিদ্যমান পৌর আইনে এ ধরনের কোনো সুযোগ নেই। অর্থাৎ প্রস্তাবিত আচরণবিধির এই অংশটি হবে পৌর আইনের পরিপন্থী। দ্বিতীয়ত, নির্বাচন কমিশন সচিবালয় পৌর নির্বাচনের আচরণবিধিতে এমন সুযোগ না রাখার পক্ষে মত দিয়েছিল। উপরন্তু খোদ নির্বাচন কমিশনের মধ্যেও এ ব্যাপারে সবার সম্মতি ছিল না।

প্রস্তাবিত আচরণবিধিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ও মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সরকারি সুযোগ-সুবিধা ব্যবহার না করে নিজ নিজ দলের প্রার্থীদের পক্ষে প্রচারণায় অংশ নিতে পারবেন। কিন্তু সরকারি বিভিন্ন পদে অধিষ্ঠিত ব্যক্তিরা সরকারি সুযোগ-সুবিধা ব্যবহার না করেও যখন নিজ নিজ প্রার্থীদের পক্ষে ভোট আকর্ষণের লক্ষ্যে নানা ধরনের প্রতিশ্রুতি দেবেন, তখনই নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড ক্ষুণ্ন হবে। কারণ, পদাধিকারী ব্যক্তিদের প্রতিশ্রুতি দ্বারা সাধারণ ভোটারদের প্রভাবিত হওয়ার সম্ভাবনা প্রবল।
তা ছাড়া, আচরণবিধিতে এ ধরনের পরিবর্তন আনার আগে সব রাজনৈতিক দলের মতামত নেওয়া হয়নি। সংসদে না থাকলেও দেশের প্রধান বিরোধী রাজনৈতিক দল হিসেবে বিবেচিত বিএনপি, এমনকি সরকারের অন্যতম শরিক ও সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টিও এই প্রস্তাবিত বিধানের বিরুদ্ধে। বিএনপি বলেছে, নির্বাচন কমিশন এই উদ্যোগ নিয়েছে সরকার-সমর্থিত প্রার্থীদের জয় নিশ্চিত করার উদ্দেশ্যে।
নির্বাচন কমিশনের এমন কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, যার ফলে নির্বাচন অনুষ্ঠানে গণতান্ত্রিক পদ্ধতি প্রশ্নবিদ্ধ হয়। নিরপেক্ষ ভাবমূর্তি রক্ষার ব্যাপারে নির্বাচন কমিশন সব সময় সতর্ক থাকবে, এটাই প্রত্যাশিত। নির্বাচন কমিশন ক্ষমতাসীন দলের জন্য বাড়তি সুবিধা সৃষ্টি করতে চায়—এ ধরনের অভিযোগ ওঠাই তো এই সাংবিধানিক প্রতিষ্ঠানের ভাবমূর্তির জন্য যথেষ্ট ক্ষতিকর।
অবিলম্বে পৌর নির্বাচনের প্রস্তাবিত আচরণবিধি থেকে উল্লিখিত অংশটি বাদ দেওয়া হোক।