মিরপুরে কারখানার আগুনে প্রাণ হারালেন ১৩ জন। এ মর্মন্তুদ ঘটনা আবারও দেখিয়ে দিল, অজস্র প্রাণ গেলেও সরকার ও শিল্পোদ্যোক্তারা নিয়ম মানতে নারাজ। মানুষের জীবনকে এতটুকু তুচ্ছ গণ্য করে ব্যবসা চালানোর কি কোনো শেষ নেই?
গত শনিবার মিরপুরে একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ড ঘটে। যথারীতি রাসায়নিক ও গ্যাসীয় পদার্থভর্তি কারখানাটি আবাসিক এলাকার মধ্যেই অবস্থিত। যথারীতি, কারখানাটির অগ্নিনিরাপত্তাব্যবস্থা অপর্যাপ্ত। এবং যথারীতি এ ঘটনায় প্রাণ হারিয়েছেন শ্রমজীবী মানুষ। তবে মালিকপক্ষীয় একজনের মৃত্যু প্রমাণ রেখে গেল, শিল্প-দুর্ঘটনায় মালিক ও ব্যবস্থাপক পক্ষীয়রাও নিরাপদ নন।
২০১০ সালে পুরান ঢাকার নিমতলীর আবাসিক এলাকায় রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডে নিহত হন ১১৯ জন। একের পর এক যাত্রাবাড়ীতে, হা-মীম গার্মেন্টসে, মোহাম্মদপুরে, চট্টগ্রামে শত শত শ্রমিক আগুনে পুড়ে মারা যান। ২০১২ সালে তাজরীন ফ্যাশনসে নিহত হন কমপক্ষে ১১৩ জন শ্রমিক। ঘটনা ঘটে চলেছে, অথচ শ্রম মন্ত্রণালয় কারখানাগুলোর অগ্নিনিরাপত্তাব্যবস্থা উন্নত করতে কার্যকর কিছুই করেনি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আইন, ২০০৩ অনুযায়ী আবাসিক এলাকায় রাসায়নিক এবং দাহ্য পদার্থ গুদামজাত করা সম্পূর্ণ বেআইনি ও নিষিদ্ধ। যদি কোনো ব্যক্তি এই আইনের বিধান লঙ্ঘন করে কোনো ভবন বা স্থানে দাহ্য বস্তু সংরক্ষণ, প্রক্রিয়াকরণ বা বাছাই করেন, তবে তিনি অন্যূন দুই বছরের কারাদণ্ড এবং অতিরিক্ত অর্থদণ্ডে দণ্ডিত হবেন। এ ছাড়া উক্ত দাহ্য বস্তু সরকার বরাবর বাজেয়াপ্ত হবে। আইন পালিত না হওয়ার দায় সম্পূর্ণত সরকারের নয়। অব্যাহত গণমৃত্যু মানা যায় না।
সুতরাং অসংখ্য মানুষকে কারখানার আগুনের ঝুঁকিতে রেখে মালিক কর্তৃপক্ষ ও সরকার মারাত্মক সুবিধাবাদী মিতালি চালিয়ে যাচ্ছে। মিরপুরের আগুনে ১৩ জনের মৃত্যুকে তাই দুর্ঘটনা না বলে কাঠামোগত হত্যাকাণ্ড বলাই শ্রেয়।