অগ্রসরমাণ বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউএনডিপির সর্বশেষ বার্ষিক উন্নয়ন সূচকে দেখা যাচ্ছে, মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশ আগের বছরের তুলনায় এক ধাপ এগিয়ে ১৪২তম অবস্থানে উঠেছে। বিশেষত নারী-পুরুষ সমতা উন্নয়নে বাংলাদেশের অবস্থান ভারত ও পাকিস্তানের তুলনায় ভালো। আর সার্বিকভাবে মানবসম্পদ উন্নয়নে আমাদের অগ্রগতির ধারা দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের তুলনায় দ্রুততর।
অন্যদিকে প্রভাবশালী চিকিৎসা সাময়িকী ল্যানসেট-এর দেওয়া সর্বসাম্প্রতিক তথ্য অনুযায়ী, যক্ষ্মা ও ম্যালেরিয়া—এ দুটি প্রাণঘাতী ব্যাধিতে মৃত্যুর হার দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশেই সবচেয়ে কম। স্বাস্থ্য ও পুষ্টি খাতে আমাদের ক্রমোন্নতি বেশ কয়েক বছর ধরেই আলোচিত বিষয়। সন্দেহ নেই যে এ তথ্যগুলো আমাদের জন্য বেশ আনন্দদায়ক ও আশাব্যঞ্জক।
রাজনৈতিক অস্থিরতা, গণতন্ত্র ও সুশাসনের অভাব আর মাঝে মাঝে প্রাকৃতিক দুর্যোগের পরও বাংলাদেশ যে উন্নয়নের পথে এগিয়ে চলেছে—এটাকে কেউ কেউ একটা ‘মিরাকল’ বা অব্যাখ্যাত ব্যাপার বলে থাকেন। কিন্তু বাস্তব জগতে ব্যাখ্যার অতীত কিছুই নয়। বাংলাদেশের ক্রমোন্নয়নের পথে এগিয়ে চলার পেছনে রয়েছে এ দেশের সাধারণ মানুষের অক্লান্ত পরিশ্রম, শত বাধাবিপত্তির মুখেও সামনে এগিয়ে চলার অদম্য উদ্দীপনা।
তবু বৈশ্বিক বিবেচনায় উন্নয়নের পথে আমরা এখনো অনেক পেছনে রয়েছি। বিশ্বের ১৪১টি দেশ সার্বিক মানবসম্পদ উন্নয়নে আমাদের তুলনায় এগিয়ে রয়েছে। এমনকি দক্ষিণ এশিয়াতেই শ্রীলঙ্কা এগিয়ে রয়েছে অনেক; দেশটির অবস্থান ৭৩। সুবিশাল জনগোষ্ঠীর দেশ ভারতও ১৩৫তম অবস্থানে, অর্থাৎ আমাদের তুলনায় ছয় ধাপ এগিয়ে রয়েছে। আমাদের উন্নয়নের গতি যদিও উৎসাহব্যঞ্জক, তবু শ্রীলঙ্কার কাছাকাছি পৌঁছাতে আমাদের আরও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে।
উন্নয়নের বর্তমান গতিধারা উৎসাহব্যঞ্জক হলেও বৈশ্বিক বিবেচনায় তা যথেষ্ট নয়। আমাদের আরও দ্রুত উন্নতি করতে হবে। এর জন্য প্রথমেই যা প্রয়োজন, তা হলো গণতন্ত্র ও সুশাসন। রাজনৈতিক অস্থিরতা, সুশাসনের অভাব দূর করা গেলে আমরাও আরও দ্রুতগতিতে সামনে এগিয়ে যেতে পারি।