বিএনপি ও ২০-দলীয় জোটের এখন গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে লাগাতার অবরোধ-হরতালের কর্মসূচি আর চালিয়ে যাওয়া উচিত কি না। এ ধরনের কর্মসূচি তাদের পুনর্বিবেচনা করার সময় এসেছে। কারণ, হরতাল তো আসলে সেভাবে কেউ মানছে না। ঢাকাসহ বড় শহরগুলোতে তাদের কর্মসূচি চলছে না। যানবাহন চলাচল স্বাভাবিক। দোকানপাট খোলা। দিনের বেলা আন্তজেলা বাস-ট্রাক যোগাযোগ চলছে, যদিও নাশকতার আশঙ্কায় রাতে বন্ধ রাখা হয়েছে। ২০-দলীয় জোটের নেতারাও চলাফেরা করছেন ব্যক্তিগত গাড়িতে। তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠানও অনেকেই খোলা রাখছেন। তাহলে হরতালের আর থাকল কী?
এ অবস্থায় হরতাল চালিয়ে যাওয়া এক অর্থে জোরজবরদস্তি। জোর করে ‘গণ-আন্দোলন’ করা যায় না। বিএনপি ও ২০-দলীয় জোটের দাবি আদায়ের জন্য আন্দোলনের এক বড় অবলম্বন হরতাল–অবরোধ। কিন্তু বাস্তবতাবিবর্জিত আন্দোলন করতে গিয়ে যদি ওরা জনসমর্থন হারায়, তাহলে গণতান্ত্রিক অধিকার অর্জনের একটি বড় হাতিয়ার হারাবে দেশবাসী। তাই তাদের পুরো বিষয়টি ভেবে দেখতে হবে। প্রয়োজনে আন্দোলনের নতুন কৌশল নিতে হবে। জনসম্পৃক্তি বাড়ানোর প্রতি যত্নবান হতে হবে।
নামেই হরতাল, ঢাকা কর্মমুখরঅবশ্য এটা ঠিক যে অর্থবহ হরতাল না চললেও চোরাগোপ্তা ককটেল ও পেট্রলবোমা বিস্ফোরণ ঘটানো হচ্ছে। ফলে কিছু যানবাহন পুড়ছে, মানুষের শরীর ঝলসে যাচ্ছে। মানুষ মারা যাচ্ছে। ৫৩ দিনের অবরোধ-হরতালে শতাধিক মানুষের মৃত্যু মানুষকে বিচলিত না করে পারে না। এ কারণে হরতালে জনজীবন কিছুটা হলেও ব্যাহত হচ্ছে। কিন্তু একে মানুষের সমর্থনপুষ্ট কোনো আন্দোলন বলে দাবি করা যাবে না। এমনকি বিশিষ্ট রাজনীতি বিজ্ঞানীরাও বলেন, বর্তমানে যা চলছে, সেটা আন্দোলন নয়, সহিংস সন্ত্রাস। আন্দোলনের এ নৃশংস পদ্ধতি সব সময় মানুষ প্রত্যাখ্যান করেছে। তাই এ অভিশপ্ত পথ থেকে সরে আসাই হবে রাজনৈতিক দূরদর্শিতার পরিচয়।
একটি অংশগ্রহণমূলক অবাধ নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের দাবি সবার। এ দাবি আদায়ে যেকোনো রাজনৈতিক দল আন্দোলন করতে পারে, তবে এর নামে সহিংসতা-নাশকতা নয়।