দেশের পুষ্টিবিষয়ক সর্বোচ্চ নীতিনির্ধারণী প্রতিষ্ঠান জাতীয় পুষ্টি পরিষদে স্থবিরতা দেখা দিয়েছে। ২ জুলাই প্রথম আলোয় প্রকাশিত খবর থেকে জানা গেছে, এই প্রতিষ্ঠানের কার্যালয়ের সচিব পদে কেউ না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। নয় মাস আগে পরিষদ পুনর্গঠিত হলেও এখনো কোনো বৈঠক হয়নি। পরিষদ ঠিকমতো চলছে না বলে পুষ্টি বিষয়ে অনেক নীতিগত সিদ্ধান্তই নেওয়া যাচ্ছে না। পুষ্টির বিষয়টি সার্বিকভাবে কতটা অবহেলিত, তার একটি ধারণা পাওয়া যায় এই পরিস্থিতি থেকে।
সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৩৫ শতাংশ নবজাতক প্রয়োজনের তুলনায় কম ওজন নিয়ে জন্ম নেয়। প্রায় ছয় লাখ শিশু তীব্র অপুষ্টিতে ভুগছে। পাঁচ বছরের কম বয়সী ৩৬ শতাংশ শিশু খর্বকায়। গুরুতর এই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট নীতিনির্ধারক মহলের যে বিশেষ কোনো মাথাব্যথা নেই, তা জাতীয় পুষ্টি পরিষদের কার্যক্রমেই টের পাওয়া যাচ্ছে।
প্রথম আলোর খবরে বলা হয়েছে, সচিব পদে কেউ না থাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক অতিরিক্ত সচিবকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে পুষ্টি পরিষদের সচিবের দায়িত্ব পালন করতে হচ্ছে। বলা হচ্ছে, এই পদের জন্য উপযুক্ত লোক পাওয়া যাচ্ছে না। এই অজুহাত কতটা বাস্তবসম্মত? নাকি এ ক্ষেত্রে আন্তরিকতার অভাব ও দায়িত্বহীনতা রয়েছে?
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় গত বছরের ২২ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করে ৩৯ সদস্যের পুনর্গঠিত জাতীয় পুষ্টি পরিষদ ঘোষণা করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর সভাপতি। নয়জন মন্ত্রী ও তিনজন প্রতিমন্ত্রী এই পরিষদের সদস্য। কার্যপরিধিতে ছয় মাস পরপর পরিষদের বৈঠক হতে হবে, এমন কথা বলা আছে। অথচ এ পর্যন্ত একটি বৈঠকও হয়নি। এই পরিস্থিতি খুবই হতাশাজনক। সচিব পদে লোক নিয়োগ দিয়ে অবিলম্বে জাতীয় পুষ্টি পরিষদের অচলাবস্থা দূর করুন।