অজুহাত ‘জনগণ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংসদ চলছে। নবম জাতীয় সংসদের অষ্টম অধিবেশন। প্রধান বিরোধী দল বিএনপি আগের মতো এ অধিবেশনেও সংসদে নেই। যোগ দেবে—এমন আনুষ্ঠানিক ঘোষণাও পাওয়া যায়নি। তবে এই অধিবেশনে যে বিএনপি সংসদে যাবেই, তা অনেকেই ধরে নিয়েছেন। কবে বিএনপি সংসদে যাবে—এ প্রশ্নের চেয়ে কোন অছিলায় বিএনপি সংসদে যাবে, সেটাই অনেককে ভাবিয়ে তুলেছে। সত্যিই সংসদে যাওয়ার একটি অছিলা বিএনপিকে বের করতেই হবে! এই অধিবেশনে যোগ না দিলে যে দলের প্রধান খালেদা জিয়াসহ কারোরই সদস্যপদ থাকছে না।খালেদা জিয়া সংসদে অনুপস্থিত আছেন টানা ৫০ দিন, আর ৪০ দিন অনুপস্থিত থাকলেই সদস্যপদ বাতিল। কারণ, সংবিধান বলছে, স্পিকারের অনুমতি ছাড়া কোনো সংসদ সদস্য টানা ৯০ দিন সংসদে অনুপস্থিত থাকলে তিনি তাঁর সদস্যপদ হারবেন। এই অধিবেশন চলবে আগামী ১০ এপ্রিল পর্যন্ত, ৪৪ দিন। এই অধিবেশনে যোগ দেওয়া ছাড়া সদস্যপদ বাঁচানোর আর কোনো পথ নেই। শুধু খালেদা জিয়া নন; বিএনপির প্রায় সব সদস্যের ক্ষেত্রেই বিষয়টি তা-ই। বিরোধী দলের সদস্যদের সংসদে টানা অনুপস্থিতি নাকি গড়ে প্রায় ৪৮ দিন। এই যখন অবস্থা, তখন বিএনপি কী বলে সংসদে গিয়ে হাজির হবে—এই কৌতূহল খুবই স্বাভাবিক। সদস্যপদ বাঁচাতে সংসদে যাচ্ছি—এমন কথা বলে তো আর সংসদে যাওয়া যায় না!বিএনপি সংসদে যাবেই, সেটাই বা আমরা ধরে নিচ্ছি কেন? সংসদে যখন যাচ্ছেই না, তখন সদস্যপদ থাকল কি না, তাতে কী-ই বা আসে যায়! কিন্তু হিসাবটি তো এত সাদা-কালো নয়। সদস্যপদ হারানো মানেই যে সম্মানী নামের বেতন-ভাতা ও সুযোগ-সুবিধা হারানো। কাজ করার দরকার নেই, সদস্যপদটি কোনো রকমে ধরে রাখতে পারলেই হলো, সব নিশ্চিত। এমন সুযোগ কে ছাড়ে! সদস্যপদ কেন ধরে রাখা জরুরি, তা সরকারি দলের চিফ হুইপ ভালোই জানেন। তাই অনেকটা আত্মবিশ্বাসের সুরে ‘আশা প্রকাশ’ করেছেন, ‘সদস্যপদ রক্ষার জন্য তাঁরা এ অধিবেশনে যোগ দেবেন।’ বিরোধী দলে থেকে তাঁরাও যে এই কাজটি করে এসেছেন! বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন যেন সরকারি দলের চিফ হুইপের কথারই জবাব দিয়েছেন, ‘আওয়ামী লীগের সংসদ সদস্যরা সংসদ বর্জন ও সদস্যপদ রক্ষায় ৯০ দিনের বাধ্যবাধকতায় কতবার সংসদে গেছেন, সংসদে না গিয়ে বেতন-ভাতা নিয়েছেন, তা দেশের মানুষ ভুলে যায়নি।’ (প্রথম আলো, ১ ফেব্রুয়ারি)।ব্রিটিশ কবি, লেখক, সমালোচক স্যামুয়েল জনসন, নৈতিকতাবাদী হিসেবেও রয়েছে যাঁর বিশেষ পরিচিতি, বলেছেন, দুরাচারের শেষ আশ্রয় দেশপ্রেম। আর আমাদের দেশে রাজনীতিবিদদের শেষ আশ্রয় ‘জনগণ’। তাঁরা যা করেন, তা জনগণের নামেই করেন। বিরোধী দলে থেকে সংসদ বর্জন যেমন জনগণের নামে হয়, তেমনি সংসদে ফিরে যাওয়ার দোহাইটিও শেষ পর্যন্ত জনগণই হবে। বিএনপির মহাসচিব জানিয়েছেন, সংসদে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হবে দলের সংসদীয় কমিটির সভায়। দলীয় ফোরামেও বিষয়টি নিয়ে আলোচনা হবে। তবে তিনি বলেছেন, ‘বিএনপি সদস্যপদ রক্ষায় সংসদে যেতে বাধ্য হচ্ছে, এটা ঠিক নয়।’ তবে এত দিন পর সংসদে যাওয়ার কী এমন ‘পরিবেশ’ তৈরি হলো যে বিএনপিকে সংসদে যাওয়ার কথা ভাবতে হচ্ছে!বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার অবশ্য খুব লুকোচুরির ধার ধারেননি। তিনি বলেছেন, সদস্যপদ রাখতে হলে বিএনপিকে এই অধিবেশনে যেতে হবে। সংসদে যাওয়ার মতো কোনো পরিবেশ তৈরি হয়নি বলেও তিনি মনে করেন। ‘তবে এখনো সংসদ থেকে পদত্যাগ করার সময় হয়নি। দেশের সার্বিক অবস্থা বিবেচনায় রেখে এই অধিবেশনে যোগ দিয়ে বিএনপি জনগণের পক্ষে কথা বলার সুযোগ নেবে।’ আমরা যারা জনগণ, তারা ঠিক বুঝতে পারি না সারা বছর সংসদে গিয়ে ‘জনগণের পক্ষে কথা বলার সুযোগ’ নিতে তাঁদের কে না করেছে?সংসদে যাওয়ার ‘পরিবেশ’ও নেই, আবার সংসদ থেকে ‘পদত্যাগের’ সময়ও হয়নি—এমন পরিস্থিতিতে বিরোধী দলের কী-ই বা করার আছে! তারা ‘জনগণের পক্ষে কথা বলার সুযোগ’ নিতে সংসদে যাবে এবং সংসদের এই অধিবেশনেই। আমাদের (জনগণ) পক্ষে সংসদ আবার কিছু সময়ের জন্য হলেও সরগরম হয়ে উঠবে, বিরোধী দলের সদস্যদের সদস্যপদও রক্ষা হবে। এরপর সংসদে না গেলেও আরও বছর দুয়েকের জন্য বিরোধী দলের সাংসদদের সদস্যপদ ঝুঁকিহীন থাকবে, নিশ্চিত থাকবে বেতন-ভাতা, বিদেশ যাওয়ার সুযোগ। তত দিনে আবার নির্বাচনের সময় ঘনিয়ে আসবে। জনগণের জন্য, জনগণের দ্বারা জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য আবার তাঁরা আমাদের (জনগণ) কাছে ভোট চাইতে আসবেন। অপেক্ষা করা ছাড়া জনগণের আর কী করার আছে!এ কে এম জাকারিয়া: সাংবাদিক।[email protected]