সীতাকুণ্ডের ত্রিপুরাপাড়ায় বহু শিশুর ‘অজ্ঞাত’ রোগে আক্রান্ত হওয়া এবং নয় শিশুর মৃত্যুর ঘটনাটির রহস্য ভেদ হয়েছে। এখন জানা যাচ্ছে হামে আক্রান্ত হয়ে এই শিশুগুলো মারা গেছে। এই শিশুগুলো কখনো হামের টিকা পায়নি। সবচেয়ে বিস্ময়কর ও অগ্রহণযোগ্য তথ্য হচ্ছে সরকারের টিকাদান কর্মসূচিতে এই ত্রিপুরাপাড়ার কোনো অস্তিত্ব নেই।
১৯৭৯ সাল থেকে আমাদের দেশে সরকারি পৃষ্ঠপোষকতায় সম্প্রসারিত টিকাদান কর্মসূচি পালিত হয়ে আসছে। এই কর্মসূচির কল্যাণে শিশুমৃত্যু রোধে বাংলাদেশ অনেক সফল হয়েছে। এই কর্মসূচির আওতায় শিশুর জন্মের পর বিভিন্ন সময়ে হাম, যক্ষ্মা, ডিপথেরিয়া, হুপিং কাশিসহ নয়টি রোগের টিকা দেওয়া হয়। সময়মতো টিকা দেওয়া হলে শিশুরা এসব রোগের আশঙ্কামুক্ত থাকে। তদন্তে প্রমাণিত হয়েছে, মারা যাওয়া ও হামে আক্রান্ত এই শিশুরা টিকা পায়নি।
সরকারি টিকাদান কর্মসূচির মাইক্রো প্ল্যানে ত্রিপুরাপাড়া বলে কিছু না থাকায় ওই এলাকার ৮৫টি পরিবারের ৩৮৮ জন বাসিন্দার কেউ হামের টিকা পায়নি। আমাদের প্রশ্ন, একটি পুরো এলাকা কর্মসূচি থেকে বাদ পড়ে কীভাবে? টিকাদান কর্মসূচিতে কর্তব্যে অবহেলার অভিযোগে স্বাস্থ্য বিভাগের ছয় মাঠকর্মীকে সীতাকুণ্ড থেকে বদলি করে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার দুর্গম উরকির চরে পাঠানো হয়েছে। কর্তব্যে অবহেলার বিষয়টি প্রমাণিত হলে শাস্তি নিশ্চয়ই পেতে হবে, কিন্তু এত শিশুর মৃত্যুর জন্য এই ছয় মাঠকর্মী শুধু দায়ী নন। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির মাইক্রো প্ল্যানে কেন ত্রিপুরাপাড়ার নাম নেই, তা খতিয়ে দেখতে হবে। আর চিকিৎসকেরাও কেন হামের মতো একটি রোগ শনাক্ত করতে পারলেন না, সেটাও বিস্ময়কর। এরও তদন্ত হওয়া প্রয়োজন।
হামে আক্রান্ত ৮৩টি শিশু এখনো হাসপাতালে ভর্তি আছে। এরা যাতে সুচিকিৎসা পায়, তা সরকারকে নিশ্চিত করতে হবে। এ ছাড়া টিকাদান কর্মসূচি যাতে ঠিকভাবে পরিচালিত হয়, সে জন্য উদ্যোগ নিতে হবে। এ ঘটনা এই কর্মসূচির গুরুত্ব ও প্রয়োজনীয়তার বিষয়টি চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেল। এই কর্মসূচি যেমন জোরদার রাখতে হবে, তেমনি কোনো ধরনের গাফিলতির সুযোগও নেই।