অজ্ঞান পার্টির দৌরাত্ম্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল আজহা ও শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি শুরুর আগে থেকেই রাজধানী ঢাকায় অজ্ঞান পার্টিগুলোর দৌরাত্ম্য বেড়েছে এবং কাছাকাছি সময়ে এ দুটি উৎসব এগিয়ে আসার সঙ্গে সঙ্গে তারা ভয়ংকর বেপরোয়া হয়ে উঠেছে। গতকালের প্রথম আলোয় প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার পর্যন্ত ২৯ দিনে রাজধানীতে অজ্ঞান পার্টির কবলে পড়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩৮৪ জন। আরও বড় উদ্বেগের খবর হলো, এঁদের মধ্যে দুজন হাসপাতালে মারা গেছেন।

দুজনের মৃত্যুর ফলে এবার পুলিশের টনক নড়েছে বলে খবর পাওয়া গেল।  গোয়েন্দা পুলিশ দাবি করছে, তাদের চারটি দল রাজধানীতে অজ্ঞান পার্টিগুলোর বিরুদ্ধে সক্রিয় হয়েছে এবং গত কয়েক দিনে ১১ জনকে গ্রেপ্তার করেছে। পুলিশের দাবি অনুযায়ী, রাজধানী ও তার আশপাশে অজ্ঞান পার্টির ১২টি চক্র সক্রিয় রয়েছে। এই তথ্য যদি তাদের জানাই থাকে, তাহলে এত বেশিসংখ্যক মানুষ অজ্ঞান পার্টির দ্বারা আক্রান্ত হওয়ার অর্থ দাঁড়ায়, পুলিশ তাদের দমনে যথেষ্ট তৎপর ছিল না। এখন যদি তারা সত্যিই তৎপর হয়ে থাকে, তাহলে নিশ্চয়ই তার সুফল জনগণের অচিরেই দেখতে পাওয়ার কথা।

ঈদ ও পূজার কদিন বাকি আছে। মানুষের নগদ টাকা বহন ও লেনদেন আরও কদিন চলবে। এই সময় যেন পথেঘাটে কেউ অজ্ঞান পার্টির কবলে না পড়ে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সে ব্যাপারে বিশেষভাবে তৎপর থাকা উচিত। এই অপরাধ স্থায়ীভাবে দমনের জন্য ব্যাপক ও প্রবল অভিযান চালিয়ে অজ্ঞান পার্টির সব চক্রকে নির্মূল করা হোক।