অটিস্টিক শিশুদের জন্য ঢাকার একটি বিশেষায়িত বিদ্যালয় ‘স্মাইলিং চিলড্রেনস স্পেশাল স্কুল’। বেশ ব্যয়বহুল শিক্ষাপ্রতিষ্ঠান এটি—মাসিক টিউশন ফি ১০ হাজার ৫০০ টাকা। উপরন্তু বিভিন্ন থেরাপি অনুযায়ী আলাদা ফিও প্রদান করতে হয়। এই বিদ্যালয়ে শুধু যে ধনাঢ্য পরিবারের সন্তানেরা ভর্তি হয় এমনটা মোটেও নয়; অধিকাংশই মধ্যবিত্ত পরিবারের। তবু আর্থিক কষ্টটা মেনে নিয়েই অভিভাবকেরা এই বিদ্যালয়ে তাঁদের শিশুসন্তানদের ভর্তি করেন এই আশায় যে সেখানে তারা তাদের উপযুক্ত শিক্ষা পাবে, জীবনদক্ষতা বা লাইফস্কিল অর্জন করবে, সর্বোপরি পাবে শিক্ষকদের স্নেহ–মমতা।
কিন্তু বিদ্যালয়টির অভিভাবকদের অভিযোগ, তাঁদের সন্তানেরা শিক্ষকদের কাছ থেকে ভালো আচরণ পায় না। এমনকি শিশুদের মারধর করার অভিযোগও করা হয়েছে। অটিস্টিক শিশুদের জন্য একটি বিদ্যালয়ের জন্য এটি গুরুতর অভিযোগ। এ অভিযোগের বিন্দুমাত্র সত্যতা থাকলে অবশ্যই এর প্রতিকারের পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এ ছাড়া বিদ্যালয়টির শিক্ষকদের মধ্যে পারস্পরিক রেষারেষি ও কোন্দল আছে, আবার শিক্ষকদের একটা অংশের সঙ্গে বিদ্যালয় কর্তৃপক্ষের বিরোধ আছে। শিক্ষকদের বেতন বাড়ানোর দাবিকে কেন্দ্র করে কর্তৃপক্ষ গত ২৮ মার্চ বিদ্যালয়টি বন্ধ করে দিয়েছে। তারপর এই বন্ধের সঙ্গে যোগ করেছে গ্রীষ্মকালীন ছুটি। ফলে ৫ এপ্রিল পর্যন্ত বিদ্যালয়টি বন্ধ থাকছে। অভিভাবকেরা অসহায়ের মতো বিদ্যালয়ের ফটকে ভিড় করে দাবি জানাচ্ছেন, বিদ্যালয় খুলে দেওয়া হোক।
আমরা এই সংবাদ পেলাম এমন এক সময়, যখন বিশ্ব অটিজম সচেতনতা দিবস (২ এপ্রিল) উপলক্ষে অটিজম বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টি ও অটিস্টিক শিশুদের অধিকার প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছিল।
শিশুদের অটিজম এমন এক অসুখ, যা সারা বিশ্বে অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে দেখা হয়। অটিস্টিক শিশুদের জন্য বিশেষায়িত বিদ্যালয়গুলোর বাণিজ্যিক প্রবণতা শুধু অগ্রহণযোগ্যই নয়, নিন্দনীয়ও বটে। কিন্তু রাজধানীর আফতাবনগরের স্মাইলিং চিলড্রেনস স্পেশাল স্কুল নামের বিদ্যালয়টিকে শুধু বাণিজ্যিক প্রতিষ্ঠান বললে যথেষ্ট হয় না, এই প্রতিষ্ঠান অটিস্টিক শিশুদের কাছ থেকে যে অর্থ নেয়, তার যথার্থ প্রতিদানও দেয় না। এর ব্যবস্থাপনায় বিরাট সমস্যা আছে, এর আগেও বিদ্যালয়টি অকারণে বন্ধ রাখা হয়েছিল।
বেসরকারি এই বিশেষায়িত বিদ্যালয়ের ওপর সরকারি কোনো কর্তৃপক্ষের নজরদারি আছে বলে মনে হয় না। নজরদারি থাকলে বিদ্যালয় কর্তৃপক্ষ খেয়ালখুশিমতো বিদ্যালয় বন্ধ রাখতে পারত না। কিন্তু নজরদারি অবশ্যই থাকতে হবে। শিক্ষার্থীদের টিউশন ফি নির্ধারণে সরকারি নির্দেশনা থাকা উচিত, থেরাপির জন্য আলাদা ফি কেন দিতে হবে, তা বোধগম্য নয়। অটিস্টিক বিদ্যালয়ে শিশুদের প্রয়োজনীয় সব থেরাপিই তার শিক্ষা কোর্সের অন্তর্ভুক্ত।
আর বিদ্যালয়টির সুষ্ঠু পরিচালনার জন্য অভিভাবকদের প্রতিনিধিত্বসহ একটি পরিচালনা পর্ষদ গঠন করা একান্ত আবশ্যক।