নিয়ম প্রতিষ্ঠায় সরকারকে কঠোর হতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবহন খাতকে যাত্রীবান্ধব করতে সরকারের নানাবিধ উদ্যোগ চোখে পড়লেও তা কার্যকর হচ্ছে না। এখন সিএনজিচালিত অটোরিকশার মালিক ও চালকেরা যা করছেন, তাতে আইনের শাসনের চরম ব্যত্যয় ঘটছে। তাঁরা কোনো নিয়মকানুনের তোয়াক্কা না করে একটি নৈরাজ্যিক অবস্থা নিশ্চিত করেছেন। এটা আর চলতে পারে না।
১৫ বছরের পুরোনো অটোরিকশা, যা নিয়ম গুঁড়িয়ে কার্যত ৩০ বছরের রাস্তা (দৈনিক আট ঘণ্টার পরিবর্তে দ্বিগুণ সময় চলেছে) পার করেছে, তারা এখন আরও ছয় বছর রাস্তায় থাকার বায়না ধরেছে। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে এর মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক অটোরিকশা রীতিমতো ‘চলন্ত বোমায়’ পরিণত হয়ে আছে। এর আগে সিলিন্ডার পরীক্ষাসহ ছয়টি শর্তে পুরোনো অটোরিকশার মেয়াদ বাড়ানোর অভিজ্ঞতা সুখকর হয়নি। মালিক বা চালক কেউ কোনো শর্ত পূরণ করেননি। এই উচ্ছৃঙ্খলার রাশ এখনই টানতে হবে। তাঁদের সাফ বলতে হবে যথেষ্ট হয়েছে, আর নয়।
অটোরিকশার মেয়াদ আর না বাড়িয়ে নতুন অটোরিকশা নামানোর যে প্রয়োজনীয়তা, তা কোনো বিকল্প বা ঐচ্ছিক বিষয় হিসেবে গণ্য হওয়ার নয়। সরকার একটি বিশেষ সুবিধাভোগী গোষ্ঠীর কাছে আত্মসমর্পণ করে সড়কে নিরাপদ চলাচলের ধারণাকে নস্যাৎ করার কোনো অধিকার রাখে না। সে কারণে চালকদের রক্তচক্ষু অবশ্যই উপেক্ষা করতে হবে। সিএনজিচালিত অন্তত ১০ হাজারের বেশি অটোরিকশা, যা শর্ত মোতাবেক অনেক আগেই ধ্বংস করার কথা ছিল, সেগুলো এখনো চলছে। এসবকে আর প্রশ্রয় দেওয়া যাবে না।
২০০১–পরবর্তী গত ১৬ বছরে কাগজে-কলমে পাঁচ দফা ভাড়া বৃদ্ধির ঘটনা ঘটেছে। কিন্তু মিটার ও নির্ধারিত ভাড়া মেনে চলা চালকদের শাস্ত্রে নেই। এমনকি কখনো নির্ধারিত ভাড়ার দ্বিগুণ দিয়েও তাঁদের তুষ্ট করা যায় না। যাত্রীরা অটোরিকশাচালকদের সম্পূর্ণ মেজাজ–মর্জির ওপর নির্ভরশীল। জিম্মি যাত্রীরা পারতপক্ষে এর কোনো প্রতিকার আশা করেন না। কিন্তু এর অবসান হওয়া দরকার।
আমরা এ খবরে উদ্বিগ্ন যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ ধর্মঘটের হুমকির মুখে কথিত মতে নতি স্বীকার করেছে। মালিক সমিতি বড় গলায় বলছে, তারা আরও ছয় বছর বেশি চালানোর অনুমোদন লাভের আশ্বাস পেয়েই ধর্মঘট
প্রত্যাহার করেছে।
আমরা মনে করি, মালিক ও চালকদের সবাই অবিবেচক ও স্বার্থপর নন। বৈধভাবে তাঁদের স্বার্থ রক্ষা করেও সমস্যার সুরাহা সম্ভব।