অটোরিকশার পুনর্নির্ধারিত ভাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীতে সিএনজিচালিত অটোরিকশার ভাড়া নতুন করে নির্ধারণ করা হলেও সমস্যায় প্রলেপ পড়েছে মাত্র। নতুন ভাড়ায় মিটারে চলাচলের বিষয়টি প্রথম দিন অনেকটা কার্যকর করা গেছে বটে, কিন্তু সেটা সম্ভবত ভ্রাম্যমাণ আদালতের ভয়ে। অনেক অটোরিকশা রাস্তায় না নামায় বোঝা যায় যে মিটার মেনে ভাড়া আদায়ের ব্যাপারে যেন তাদের আপত্তি রয়েছে।
অটোরিকশা ভাড়ার গোড়ায় রয়েছে মালিক-চালক-যাত্রীর ত্রিভুজ সংঘাত। মালিকেরা জমা বেশি রাখেন বলে চালকেরা যাত্রীদের কাছ থেকে মিটারের থেকে বেশি ভাড়া আদায় করেন। কোনো কোনো চালকের অভিযোগ, মিটারে ভাড়া বাড়ানোর পর কিছু কিছু মালিক জমার পরিমাণও বাড়িয়ে দিচ্ছেন। ফলে আবার মিটারের জায়গায় চুক্তির ধারা ফিরে আসার আশঙ্কা থাকছে। এ ক্ষেত্রে ভ্রাম্যমাণ আদালত এবং ট্রাফিক পুলিশের কার্যক্রম নিরন্তর হতে হবে। আর অটোরিকশার চালক ও যাত্রীদের দর-কষাকষির পেরেশানি থেকে রেহাই দিতে মালিকদের জমা গ্রহণের বিষয়টা কঠোর তদারক করতে হবে। মিটারে চলার বিষয়টি স্থায়ীভাবে নিশ্চিত করতে হবে।
মিটারে চুক্তির কাছাকাছি ভাড়া আসছে, চালকেরা খুশিরাজধানীতে ট্যাক্সিক্যাব বলে কিছু চোখে পড়ে না। একটি আধুনিক শহর কীভাবে ট্যাক্সিক্যাব ছাড়া চলে, সেটা সত্যিই বিস্ময়কর। তবে কার্যকর গণপরিবহন হলো বাস, ট্রেন, ট্রাম। রাজধানীতে বাসের ক্ষেত্রে নৈরাজ্য চলে। সরকারি বাস কমছে, ব্যক্তিমালিকানাধীন বাস বাড়ছে। এবং ব্যক্তিমালিকানাধীন বাসমালিকেরা গণযোগাযোগে একচেটিয়া নিয়ন্ত্রণ আরোপ করার ক্ষমতা রাখেন।
মন্ত্রণালয় হয় তাদের কাছে জিম্মি, নতুবা তাদেরই স্বার্থের রক্ষক। উড়ালসড়ক ও মেট্রোরেল এসব নানা প্রকল্প হাতে নিচ্ছে সরকার, কিন্তু এগুলো সবই দীর্ঘমেয়াদি ব্যাপার। তার আগে রাজধানীবাসী কি অসহনীয় যানজট ও অনুপযুক্ত বাসেই চলাচল করবে? যোগাযোগ বিশেষজ্ঞরা সবাই যাত্রী পরিবহন বাসকে একক কোম্পানির অধীনে এনে শৃঙ্খলার সঙ্গে পরিচালনার সুপারিশ করে আসছেন। এটা করলে সব রুটে ও সব সময়ে বাস ও তাতে সিটের সহজপ্রাপ্যতা বাড়বে। এ ধরনের উদ্যোগ নিতে সমস্যা কোথায়?