অটোরিকশা বন্ধে পুলিশের বাড়াবাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মহাসড়কে তিন চাকার অটোরিকশা বন্ধের সাম্প্রতিক সিদ্ধান্তের প্রতিবাদে মালিক-চালকেরা প্রথমে রাস্তায় নামলেও এখন তাঁরা অনেকটাই শান্ত। তারপরও কিছু জায়গায় নিয়ম ভেঙে অটোরিকশার চলাচল বন্ধের জন্য পুলিশ যদি চালকদের মারধর ও যানবাহনের কাচ ভাঙচুর করে, তাহলে হিতে বিপরীত হতে পারে। শনিবার নারায়ণগঞ্জের কাছে জাতীয় মহাসড়কের একটি অংশে পুলিশের এ ধরনের বলপ্রয়োগের অভিযোগ সেদিক থেকে উদ্বেগজনক। বাড়াবাড়ি কখনো সুফল দেয় না। পুলিশের কাছে আইনানুগ ব্যবস্থাই মানুষ আশা করে।
অটোরিকশা সামলাতে পুলিশের পিটুনিকোনো দেশেই জাতীয় মহাসড়কে ধীরগতির গাড়ি চলতে দেওয়া হয় না। আমাদের দেশে এর আগে সাধারণভাবে নিরুৎসাহিত করা হলেও মহাসড়কে অটোরিকশা চলত। ভটভটি-নছিমন-করিমনেরও ছিল দোর্দণ্ড প্রতিপত্তি। এ কারণে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিত্যদিনের দুঃসংবাদ হয়ে দাঁড়ায়। এর একটা নিষ্পত্তি জরুরি ছিল। সরকার উদ্যোগ নিয়ে ভালোই করেছে। কিন্তু কিছু এলাকায় বাড়াবাড়ির কারণে এ উদ্যোগ ভেস্তে গেলে মহাসড়কে আবার ধীরগতির যান চলাচল শুরু হয়ে যাবে। এটা কাম্য নয়।
আইন কঠোরভাবে কার্যকর করতে হবে, কিন্তু সেটা হতে হবে আইনানুগ পদ্ধতিতে। কোনো অটোরিকশা মহাসড়কে চললে তা আটক, জব্দ ও মালিককে জরিমানা করা যায়। কিন্তু মহাসড়কের পাশের খাদে একটি নছিমন ঠেলে ফেলে দেওয়ার যে অভিযোগ উঠেছে, তা কি পুলিশের আইনানুগ পদ্ধতির মধ্যে পড়ে? কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অভিযোগ, অটোরিকশা চালকেরা নাকি নিষেধ মানেন না, থামতে বললে থামেন না, পুলিশের গায়ের ওপর গাড়ি উঠিয়ে দেন! এটা অন্যায়, কিন্তু এর বিরুদ্ধেও কড়া শাস্তির বিধান আছে। পুলিশ ধৈর্যের পরিচয় না দিলে মহাসড়কে আরেক ধরনের নৈরাজ্য শুরু হয়ে যাবে।
মহাসড়কে স্বল্প দূরত্বের জন্য বাস-মিনিবাস ও সাশ্রয়ী ভাড়ায় ট্যাক্সিক্যাব চালুর বিশেষ উদ্যোগ এখন দরকার। যাতায়াতের ভালো বিকল্প ব্যবস্থা না করে শুধু পুলিশি ব্যবস্থায় অটোরিকশা বন্ধের আইন কার্যকর করা কঠিন। সরকারকে এদিকে মনোযোগ দিতে হবে।