বাংলাদেশে অটোরিকশার যাত্রী মাত্রই জানেন, মিটারের সঙ্গে এই বাহনটির ভাড়ার কোনো সম্পর্ক নেই। অটোরিকশার মালিকেরা চালকদের কাছ থেকে নির্ধারিত হারের চেয়ে অনেক বেশি জমা আদায় করে থাকেন। আর অটোরিকশাচালকেরা সেই বাড়তি জমার বোঝা চাপিয়ে দেন যাত্রীদের ওপর। গতকাল প্রথম আলোর খবরে চট্টগ্রাম মহানগরে অটোরিকশা ভাড়া নিয়ে চালকদের জবরদস্তি ও যাত্রীদের অসহায়ত্বের চিত্র তুলে ধরা হয়েছে। বিষয়টি দেখার কথা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ)। কিন্তু তাদের নীরবতা ও উদাসীনতার কারণেই অটোরিকশাচালক ও মালিকদের কাছে যাত্রীরা জিম্মি হয়ে পড়েছে। আর সমস্যাটি কেবল চট্টগ্রাম মহানগরেই সীমাবদ্ধ নয়, ঢাকাসহ সব মহানগরের অটোরিকশার মালিক ও চালকেরা এই দৌরাত্ম্য চালাচ্ছেন। তাঁরা নিয়মনীতি মানছেন না, মিটার ব্যবহার করছেন না। সিএনজির দামের সঙ্গে খাপ খাইয়ে বিআরটিএ অটোরিকশার ভাড়াও দফায় দফায় বাড়িয়েছে। তার পরও অটোরিকশাচালকদের মিটার ব্যবহার না করা আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন ছাড়া কিছু নয়। এ বিষয়ে বিআরটিএর কি কোনো দায়িত্ব নেই? ভাড়া নির্ধারণ করে দেওয়ার পরও কীভাবে অটোরিকশাচালকেরা তা অমান্য করেন? এটি বেআইনি হলে কর্তৃপক্ষ কেন চালকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিচ্ছে না? অস্বীকার করার উপায় নেই, মহানগরগুলোর যাত্রীসাধারণের সুবিধার জন্য গণপরিবহনের সংখ্যা বাড়ানো জরুরি। সেই সঙ্গে ট্রাফিক আইন পালনেও সবাইকে বাধ্য করতে হবে। এটা নিশ্চিত করা গেলে ঢাকাসহ বিভিন্ন মহানগরের অসহনীয় যানজট কিছুটা হলেও কমবে। বিআরটিএকে বুঝতে হবে, সীমিতসংখ্যক অটোরিকশা দিয়ে বিপুলসংখ্যক যাত্রীর চাহিদা মেটানো সম্ভব নয়। অতএব অটোরিকশার ভাড়ায় শৃঙ্খলা ফিরিয়ে আনার পাশাপাশি মহানগরে অধিক হারে বাস-মিনিবাস নামানোর বিকল্প নেই।