অতিথি নিবাস বানানোর জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের রাজধানীর হাতিরপুল এলাকায় সাড়ে তিন কাঠা জমি কেনা নিয়ে দুটি মৌলিক প্রশ্ন উঠেছে। প্রথমত, নীতিগত এর প্রয়োজন আছে কি না। দ্বিতীয়ত, জমি কেনার ক্ষেত্রে গুরুতর যে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। দলিলে জমির দাম সাড়ে ৩ কোটি টাকা দেখানো হলেও সিন্ডিকেটে চুক্তিপত্র অনুমোদন করানো হয়েছে ১১ কোটি টাকা। প্রতি কাঠা ৩ কোটি ১৪ লাখ টাকারও বেশি।
বিশ্ববিদ্যালয় বা যেকোনো প্রতিষ্ঠানের জমি কেনার ক্ষেত্রে কিছু নিয়ম বা বিধি আছে। এখানে সেটি রক্ষিত হয়নি। প্রথম দরপত্র বাতিল হওয়ার পর দ্বিতীয়বার জমি কেনা হয়েছে দরপত্র ছাড়াই। দরপত্র ছাড়া বিশেষ ‘আইটেম’ কেনা কিংবা ‘ডাইরেক্ট পারচেজ’ এর বিধান থাকলেও সেটি জমির ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে না। জমির প্রকৃত দাম আর দলিলে বর্ণিত দামের মধ্যে যে গরমিল, তার পেছনে অন্য কোনো রহস্য আছে কি না, সেটাই প্রশ্ন। এখানে সরকারকে ক্ষতিগ্রস্ত করে অন্য কেউ লাভবান হয়েছেন কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন।
এর চেয়েও মৌলিক প্রশ্ন হলো, আধুনিক তথ্যপ্রযুক্তির যুগে রাজধানীর বাইরের সব বিশ্ববিদ্যালয়ের জন্য ঢাকায় একটি করে অতিথি নিবাস নির্মাণ করতে হবে কেন? এ ক্ষেত্রে রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অন্য বিশ্ববিদ্যালয়ের উদাহরণ দেখাতে পারে। কিন্তু সেই যুক্তি ধোপে টেকে না। আবার জমি কিনলেই তো অতিথি নিবাস হবে না। সেই জমিতে ভবন করতে অনেক টাকা খরচ করতে হবে। সেই ভবন দেখাশোনার জন্য লোক নিয়োগ করতে হবে।
আমরা ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার কথা বলব, আবার প্রতিটি বিশ্ববিদ্যালয় তথা প্রতিষ্ঠানের একটি করে অতিথি নিবাস বা অফিস ঢাকায় স্থাপন করব, এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্রেণিকক্ষ ও ছাত্রাবাসের সংকট রয়েছে, সেখানে মোটা অঙ্কের টাকা দিয়ে ঢাকার অতিথি নিবাসের জমি কেনা বিলাসিতা ছাড়া কিছু নয়।
খবর প্রকাশের পর ইউজিসি রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে কৈফিয়ত তলব করেছে। কিন্তু প্রয়োজন অতিথি ভবনের নামে বিলাসিতা বন্ধ করা।