অতিষ্ঠ চার বোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে কি আইন বলে কিছু নেই? থাকলে তো এমন হওয়ার কথা নয়। গৌরীপুর থানা-পুলিশ ও স্থানীয় প্রশাসন কী করছে? মেয়েটির আপত্তিকর ছবি তোলার পর তার পরিবার থানায় গেলে পুলিশ শুধু লিখিত অভিযোগ দিতে বলে। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালেও তিনি এ ব্যাপারে নিশ্চুপ থাকেন। পরে প্রথম আলোয় এ নিয়ে খবর প্রকাশিত হলে গৌরীপুর থানা লিখিত অভিযোগকে মামলা হিসেবে নেয়। ৫ ডিসেম্বর মামলা হলেও গতকাল পর্যন্ত দেলোয়ার গ্রেপ্তার হননি। এই পুলিশ ও প্রশাসন আসলে কার পক্ষে! দেলোয়ারের পরিবার এলাকায় মোটামুটি প্রভাবশালী এবং তারা উপজেলা চেয়ারম্যানের আত্মীয়। এ কারণেই কি দেলোয়ারকে গ্রেপ্তারে পুলিশ গড়িমসি করছে?

ইভ টিজিং, নারীদের যৌন হয়রানি—এসব এখন আমাদের দেশে সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। নৈতিকতার অভাব, পারিবারিক অসচেতনতা এবং টিভি ও সিনেমার প্রভাবকে এর জন্য দায়ী করা হলেও সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আইনের প্রয়োগ না হওয়া। নারী ও শিশু নির্যাতন দমন আইনে নারীদের উত্ত্যক্ত করার জন্য কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়ার বিধান রয়েছে। আইনের প্রয়োগ নিশ্চিত করতে না পারলে এসব সমস্যা দূর করা যাবে না। আমরা অবিলম্বে অভিযুক্ত বখাটে দেলোয়ারকে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি দেখতে চাই।