অতীতের ব্যর্থতা থেকে পরিকল্পনা করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পথশিশুদের বিষয়ে বিভিন্ন সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে; তাদের পথকলি ও টোকাই বলা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বই লিখেছিলেন, ওরা টোকাই কেন। কিন্তু পথেঘাটে উদ্বাস্তু শিশুদের সংখ্যা না কমে বরং বেড়েছে। সম্প্রতি সরকারের মহিলা ও শিশু-বিষয়ক মন্ত্রণালয় এ সমস্যা সমাধানের জন্য ২০ কোটি টাকা ব্যয়ে প্রকল্প হাতে নিয়েছে। নিশ্চয়ই উদ্দেশ্য সাধু, কিন্তু অতীতের মতো এটাও আড়ম্বরে শেষ হবে, নাকি পথশিশুদের ভাগ্য বদলাবে, সেটাই এখন প্রশ্ন।
যে শিশুরা আবাসন ও পরিবার হারিয়ে বা ছেড়ে শহরে-বন্দরে ঘোরে, তারা পরিস্থিতির শিকার। চরম দারিদ্র্য, পাচার, উদ্বাস্তুকরণ, চাকরির প্রলোভন, প্রাকৃতিক দুর্যোগ, নেশাগ্রস্ততার টোপে পড়ে শিশুদের অনেকেই পথকেই আশ্রয় করে। এ জীবনে হয়তো তারা ভিন্ন ধরনের স্বাধীনতার স্বাদ পায়, কিন্তু পায় না আশ্রয় ও নিরাপত্তা। তা ছাড়া রোগব্যাধি ও নির্যাতনও প্রতিদিনের ঘটনা। মাদক ও অপরাধী চক্রগুলো এদের ব্যবহার করে প্রায়ই। তা সত্ত্বেও এতেই তারা অভ্যস্ত হয়ে পড়ে। এই অভ্যাস থেকে সরিয়ে তাদের সুস্থ, সামাজিক ও গঠনমূলক পরিবেশে থাকতে আগ্রহী করে তোলা খুবই কঠিন কাজ।
গত বছরের ১১ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্ব শিশু দিবসে ‘একটি শিশুও রাস্তায় ঘুরবে না’ বলে অঙ্গীকার করেন। এই অঙ্গীকার ২০১১ সালের জাতীয় শিশু নীতিরই প্রতিধ্বনি। পথশিশুদের নিজ নিজ পরিবারে পুনর্বাসনই প্রথম লক্ষ্য হওয়া উচিত। কিন্তু চরম দরিদ্র পরিবার তাদের রাখতে পারবে না। যেসব পরিবার ভেঙে গেছে, সেখানেও আশ্রয়ণ কঠিন। তা ছাড়া, অনেকেই পরিবারহীন ও এতিম। এদের জন্য সরকার শুরুতে দুটি দিশারি বা পথপ্রদর্শক প্রকল্প করবে ঢাকার দুটি ওয়ার্ডে। তারা সেখানে রাতে থাকবে, দিনে স্কুলে যাবে, দুই জায়গাতেই খাবার পাবে। সবচেয়ে বড় কথা, তাদের প্রতিষ্ঠিত করার নিশ্চয়তা না দিলে তারা আশা পাবে না। প্রকল্পটি সফল করতে শিশু বিশেষজ্ঞসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিদের অভিজ্ঞতালব্ধ পরীক্ষিত জ্ঞানের প্রয়োগ ঘটাতে হবে।