কোনো দেশে একটি পাঁচ বছর মেয়াদি সরকার তার শেষ বছরে পদার্পণ করার অর্থ হচ্ছে দেশে নির্বাচনী প্রস্তুতি শুরু হয়ে যাওয়া, বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। ৬ জানুয়ারি মহাজোট তথা আওয়ামী লীগ সরকার তার ঘটনাবহুল চার বছরের মেয়াদ শেষ করেছে। এই দিন সরকার বা দলের পক্ষ থেকে এই চার বছর পূর্তিতে কোনো কর্মসূচির আয়োজন ছিল না, তবে দিনটি বিএনপি আর তার মিত্ররা পালন করেছে হরতাল দিয়ে। হরতাল ডাকার কারণ হিসেবে বলা হয়েছে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি। বর্তমান সরকারের আমলে এই নিয়ে পাঁচবার জ্বালানি তেলের দাম বাড়ানো হলো। পূর্ববর্তী চারদলীয় জোট সরকারের আমলে নয়বার তেলের দাম বাড়ানো হয়েছিল। এইবার তেলের মূল্যবৃদ্ধিতে যতই যৌক্তিকতা থাকুক (তা নিয়ে বিতর্ক আছে), দাম বাড়ানোর সময়টা ছিল কৌশলগত ভুল। এর অর্থ এই নয় যে বিএনপি বা তার মিত্ররা ৬ তারিখ হরতাল আহ্বান করা থেকে বিরত থাকত। সরকারের চার বছর পূর্তিতে দেশের তিনটি শীর্ষস্থানীয় পত্রিকা সরকারের সফলতা আর ব্যর্থতা নিয়ে পৃথকভাবে জরিপ চালিয়েছে। জরিপ নিয়ে দেশের ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়াতে হররোজ নানা আলোচনা, সমালোচনা হচ্ছে। কোনো কোনো বিজ্ঞ আলোচক এই জরিপকে তুড়ি মেরে উড়িয়ে দিচ্ছেন এবং বলছেন যদিও তিনটি জরিপে বলছে শেখ হাসিনার প্রতি মানুষের আস্থা বেড়েছে এবং এখন ভোট হলে আওয়ামী লীগকে দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ভোট দেবেন, তাঁরা তা মানতে নারাজ। তাঁদের মতে, এটি নিশ্চিত, এই মুহূর্তে ভোট হলে বিএনপি ও তার মিত্ররা হেসেখেলে সরকার গঠন করবে। আবার পাল্টা যুক্তি দিয়ে অন্যরা বলছেন বিএনপির অতীত এতই অন্ধকারাচ্ছন্ন যে তারা অতীত থেকে শিক্ষা না নিলে এবং একাত্তরের ঘাতক দল জামায়াতের সংস্রব ত্যাগ না করলে তাদের ভবিষ্যৎ নেই। একটি টিভি চ্যানেল টক শোতে অংশগ্রহণ করতে গিয়েছিলাম একজন সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে। সেই অনুষ্ঠানে তৃতীয় অংশগ্রহণকারী ছিলেন একটি রাজনৈতিক দলের শীর্ষ কর্ণধারের এক ডাকসাইটে উপদেষ্টা। তিনি এসে আয়োজকদের কাছে জানতে চাইলেন কারা কারা তাঁর সঙ্গে থাকছেন। আমাদের নাম শুনে ভদ্রলোক প্রযোজক, নিম্নস্তরের কর্মচারীসহ সবাইকে একহাত নিলেন এবং সবাইকে হতভম্ব করে স্থান ত্যাগ করলেন। বুঝলাম, ভদ্রলোকের আমাদের মতো দুজন অর্বাচীনকে পছন্দ হয়নি এবং মোটামুটি এটি ধরে নেওয়া যায় তিনি সামনের নির্বাচনের পর মন্ত্রী-মিনিস্টার হওয়ার খোয়াবে বিভোর। পরে শুনেছি তিনি এর আগেও মন্ত্রী ছিলেন এবং এক-এগারোর পর দীর্ঘদিন পলাতক ছিলেন। সেদিনের অনুষ্ঠান শেষে সঞ্চালক আমাদের দুজনের কাছে সরকারকে পাস-ফেল নম্বর দিতে অনুরোধ করলেন। আমার সহ-আলোচক বললেন, পাস নম্বর যদি ৪০ হয়, তাহলে তিনি বর্তমান সরকারকে পাস নম্বর দিতে পারছেন না। উত্তরে আমি বলি, শিক্ষকতা যেহেতু আমার পেশা, আমরা এখন আর নম্বর দিয়ে পাস-ফেল নির্ধারণ করি না। বর্তমানে গ্রেড পদ্ধতি চালু আছে। সুতরাং এই পদ্ধতিতে আমি বর্তমান সরকারকে তাদের চার বছরের সফলতা আর ব্যর্থতাকে মূল্যায়ন করে বি-প্লাস দিতে রাজি আছি। কেউ ভালো কাজে অসফল হোক তা আমি প্রত্যাশা করি না। আর লেখাপড়া আর রাষ্ট্র পরিচালনা তো অবশ্যই ভালো কাজ। ফিরে আসি জরিপের বিষয়ে। যে জরিপ নিয়ে এত আলোচনা তা একটি সামাজিকবিজ্ঞানের প্রচলিত জরিপ। এর প্রক্রিয়া-পদ্ধতি নিয়ে সব সময় বিতর্ক থাকবে। কারা এই জরিপে অংশ নিয়েছে, কারা পরিচালনা করেছে অথবা কোন সময় এই জরিপকাজটি করা হয়েছে? জরিপ যাদের উদ্যোগে পরিচালিত, তাদের মতলব কী ছিল এবং তারা জরিপের ফলাফলকে পরিবর্তন, পরিমার্জন করার মতো নাজায়েজ কাজ করেছে কি না। এমন একটি জরিপ যদি বিএনপি-জামায়াত ঘরানার কোনো গণমাধ্যম করত তাহলে জরিপের ফলাফল সম্পূর্ণ ভিন্ন হওয়া বিচিত্র ছিল না। তবে এই ধরনের গণমাধ্যমের বাজারে গ্রহণযোগ্যতা তেমন থাকে না। যে তিনটি পত্রিকার জরিপ নিয়ে আলোচনা, সেই তিনটি পত্রিকার গ্রহণযোগ্যতা নিয়ে বড় অভিযোগ নেই, তবে পাঠক আমার সঙ্গে সম্পূর্ণ একমত না-ও হতে পারেন। আমার নিজেরও কোনো কোনো সময় এই তিনটি পত্রিকার কোনো কোনো সংবাদ পড়ে নিজেকে প্রশ্ন করি, সংবাদে নেতিবাচক দিকটাকে প্রাধান্য না দিয়ে ইতিবাচক বিষয়টাকে কি প্রাধান্য দেওয়া যেত না? তবে বাস্তবে সংবাদের কোনটিকে প্রাধান্য দেওয়া হবে, তা নির্ধারণের দায়িত্ব সম্পাদকের, পাঠকের নয়। ধরে নিচ্ছি, জরিপ তিনটি যতটুকু সম্ভব বস্তুনিষ্ঠভাবেই করা হয়েছে।তিনটি জরিপেই কিন্তু একধরনের অভিন্নতা আছে। তিনটি জরিপই পরিচালিত হয়েছে অনেকটা আওয়ামী লীগের গতবারের নির্বাচনী ইশতেহার সামনে রেখে এবং গুরুত্ব দেওয়া হয়েছে প্রত্যাশা আর প্রাপ্তিকে। এটি অনস্বীকার্য, বাংলাদেশে একবারে তৃণমূল থেকে উঠে আসা রাজনৈতিক দল বলতে আওয়ামী লীগই। একসময় এই দলের নেতৃত্ব দিয়েছেন মওলানা আবদুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী আর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিব। এই দলের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে। সুতরাং আওয়ামী লীগের প্রতি দেশের মানুষের স্বাভাবিক কারণেই প্রত্যাশা অন্য যেকোনো দলের চেয়ে বেশি থাকে। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে জনমুখী অনেক অঙ্গীকার ছিল। এসব অঙ্গীকারের কিছু আছে, যার বাস্তবায়ন হলো কি হলো না, তা স্বল্প মেয়াদে মানুষ বুঝতে পারবে আর কিছু আছে তার ফলাফল পেতে হলে অপেক্ষা করতে হয়। সবই তাৎক্ষণিক পাওয়ার বিষয় নয়। কিন্তু মানুষ বাস্তবে এত সব কিছু বুঝতে চায় না। মহাজোট সরকারের শুরুতে দেশের মানুষ বলল আমরা বুঝি না বিদ্যুৎ কোথা থেকে আসবে, কিন্তু বিদ্যুৎ চাই। তখন মানুষ দিনে ১০-১২ ঘণ্টা পর্যন্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ। সরকার বেছে নিল কুইক রেন্টালের মতো চটজলদি ব্যবস্থা। এখন লোডশেডিং আগের যেকোনো সময়ের তুলনায় কম। প্রায় জায়গায় দিনে এক বা বড়জোর দুই ঘণ্টা। কিন্তু এটি দীর্ঘমেয়াদি সমাধান নয়। তার জন্য চাই গ্যাস বা কয়লাভিত্তিক বড় বেসিক পাওয়ার প্ল্যান্ট। হতে কয়েক বছর সময় তো লাগবে। মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে থাকুক, সবাই চান। বাংলাদেশে বাজারব্যবস্থা এতই অদক্ষ এবং মধ্যস্বত্বভোগী নিয়ন্ত্রিত যে তা রাতারাতি নিয়ন্ত্রণে আনা দুরূহ। কাজটি আরও দুরূহ হয়ে পড়েছে, যেহেতু বাংলাদেশের রাজনীতি বর্তমানে ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে চলে গেছে। আবার চালের দাম কমলে শহরবাসী বেজায় খুশি কিন্তু গ্রামের কৃষক তাঁর কৃষিপণ্য উৎপাদনের খরচ তুলে আনতে না পারলে তাঁরা সরকারের ওপর নাখোশ হন। এটি জরিপেও প্রতিফলিত।তিনটি জরিপেই বর্তমান যে কটি বড় ব্যর্থতা হিসেবে চিহ্নিত হয়েছে তার মধ্যে আছে (১) দুর্নীতি, (২) আইনশৃঙ্খলা পরিস্থিতি, (৩) শেয়ারমার্কেট কেলেঙ্কারি, (৪) ছাত্রলীগ নামধারীদের দুর্বৃত্তপনা উল্লেখযোগ্য। দুর্নীতির কথা এলেই পদ্মা সেতু, হল-মার্ক, সোনালী ব্যাংক কেলেঙ্কারি, ডেসটিনি-২০০০ সামনে চলে আসে। পদ্মা সেতু ঘটনাটা ব্যতিক্রমী। এটির সঙ্গে বিশ্বব্যাংক জড়িত এবং এই সেতু নিয়ে সরকার তো বটেই, দক্ষিণবঙ্গের প্রায় তিন কোটি মানুষ অনেক বড় স্বপ্ন দেখছে। চারদলীয় জোট সরকারের আমলে একাধিক প্রকল্পে দুর্নীতির অভিযোগে বিশ্বব্যাংক অর্থায়ন বন্ধ করে দিয়েছিল, কিন্তু তা এত বড় সংবাদ হয়নি। কারণ, ওই সব প্রকল্প ঘিরে সাধারণ মানুষের বড় স্বপ্ন ছিল না।বিশ্বব্যাংক বলেছে, এই প্রকল্প বাস্তবায়নকালে দুর্নীতি করার ষড়যন্ত্র করা হয়েছে। সরকার প্রথম দিকে এই অভিযোগকে তেমন একটা গুরুত্ব না দিলেও এখন তাকে যথাযথ গুরুত্ব দিচ্ছে। এই কাজটি এক বছর আগে করলে সরকার এত সমালোচিত হতো না। এখন নতুন করে আশা জেগেছে, হয়তো বিশ্বব্যাংক পদ্মা সেতুর অর্থায়নে ফিরে আসবে। হল-মার্ক, সোনালী ব্যাংক কেলেঙ্কারির সঙ্গে যাঁরা জড়িত ছিলেন, তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। বিগত সরকারের সময় দুর্নীতির কারণে ওরিয়েন্টাল ব্যাংক বন্ধই হয়ে গেল কিন্তু কারও শাস্তি হয়নি। শেয়ারমার্কেটকে কেন্দ্র করে যেটি হয়েছে, তা যত না দুর্নীতি, তার চেয়ে তা বেশি অনৈতিক। এই অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যাঁরা জড়িত ছিলেন, খোন্দকার ইব্রাহিম খালেদ কমিটি তাঁদের নাম তদন্তে উল্লেখ করেছে। সরকারের উচিত ছিল এঁদের নাম প্রকাশ করা। এই অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে বড় দুই দলেরই ব্যবসায়ী নেতারা জড়িত ছিলেন বলে শোনা যায়। ছাত্রলীগ নামধারীদের কথা যত কম বলা যায় তত ভালো। এদের হাতের সর্বশেষ বলি গত মঙ্গলবার রাতে দক্ষিণ চট্টগ্রাম ছাত্রলীগের আহ্বায়ক আবদুল মালেক জনি। বেচারাকে পিটিয়ে মারল তারই সংগঠনের সতীর্থরা। এদের ওপর আওয়ামী লীগের নেতারা যত কম ভরসা করেন, ততই মঙ্গল। সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হলেও এখনো অনেক অপরাধের শাস্তি হয়নি বা অপরাধীদের শনাক্ত করা সম্ভব হয়নি। তিনটি জরিপেই দেখা যাচ্ছে, বেশির ভাগ মানুষেরই আস্থা এখনো শেখ হাসিনা। এর একটি প্রধান কারণ, ২০০৮ সালের নির্বাচনে মানুষের সামনে একটি বিকল্প ছিল। সেই বিকল্প বর্তমানে অনেকটা রুদ্ধ। সুতরাং শেখ হাসিনার ওপর এখনো মানুষ যে আস্থা রেখেছে, সেটি তাঁর দলের জন্য সবচেয়ে বড় পুঁজি। দেশের মানুষ আশা করে আগামী এক বছর তিনি এবং তাঁর দল এই পুঁজিকে ব্যবহার করে তাঁর কর্মপরিকল্পরা তৈরি করবেন। অনেকের স্বাভাবিক প্রশ্ন, কোন জায়গা থেকে তিনি তা শুরু করতে পারেন? শুরুটা হোক না দলের অভ্যন্তরে থাকা সঠিক ব্যক্তিদের মূল্যায়নের মধ্য দিয়ে এবং তাঁর চারপাশে যে একটি অদৃশ্য দেয়াল নির্মিত হয়েছে, তা ভেঙে ফেলে। শতকরা হিসাবে সমর্থন আর সংসদে সংখ্যাগরিষ্ঠ পাওয়া এক কথা নয়। জরিপ নিয়ে সরকারের শঙ্কিত অথবা বিরোধী দলের উৎফুল্ল হওয়ার কারণ নেই। সবগুলো জরিপেই শিক্ষার অর্জন চ্যাম্পিয়ন। একজন শিক্ষকের কাছে এর চেয়ে আনন্দের খবর আর কী হতে পারে? আবদুল মান্নান: সাবেক উপাচার্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।