অধিকতর তদন্ত করে জড়িতদের বের করুন

সম্পাদকীয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানসহ অন্যান্য ফসলের কাঙ্ক্ষিত উৎপাদন নিশ্চিত করতে সরকার কৃষকদের কাছে ভর্তুকি মূল্যে সার সরবরাহ করে। সম্প্রতি চট্টগ্রামের টিএসপি কমপ্লেক্স থেকে ঝিনাইদহ, নড়াইল, মাগুরা, মেহেরপুর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার জন্য মাসিক বরাদ্দের ৭০ মেট্রিক টন টিএসপি সার আসে যশোরে। পরীক্ষা করে দেখা যায়, সেগুলো ভেজালমিশ্রিত।

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, নকল সন্দেহে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) যশোর বাফার গুদামের সামনে ১১ দিন ধরে দাঁড়িয়ে থাকা পাঁচটি ট্রাকবোঝাই ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) সারে ভেজাল পাওয়া গেছে। এ সারের ১০টি নমুনা পরীক্ষা করে বিসিআইসি। তার মধ্যে ৯টি নমুনা সম্পূর্ণ ভেজাল এবং একটি নমুনা ‘ভালো নয়’ বলে জানিয়েছে তদন্ত কমিটি। কমিটির ধারণা, চট্টগ্রামের টিএসপি কমপ্লেক্স থেকে এ সার যশোরে আনার পথে সারে ভেজাল উপাদান যোগ করা হয়েছে। এ ঘটনায় পরিবহন ঠিকাদারের কার্যাদেশ বাতিল, তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিরাপত্তা জামানত টিএসপি কমপ্লেক্স লিমিটেডের ব্যাংক হিসাবে স্থানান্তরের সুপারিশ করে তদন্ত কমিটি।

যদিও সারে ভেজাল মেশানোর বিষয়টি অস্বীকার করেছেন পরিবহনকারী ঠিকাদার মেসার্স সৈয়দ এন্টারপ্রাইজের মালিক আহসান হাবীব। তাঁর দাবি, কারখানা যেভাবে সার দিয়েছে, সেভাবে সার পৌঁছে দেওয়া হয়েছে। এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মামলার পরিবহনকারী ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিককে আসামি করা হয়েছে। এজাহারে দেখা যাচ্ছে, আগে পাঠানো বস্তার সেলাইয়ের সঙ্গে নতুন করে পাঠানো সারের বস্তার সেলাইয়ে মিল না থাকায় বিসিআইসি যশোর বাফার গুদাম কর্তৃপক্ষ সার গ্রহণ করেনি। এর পরিপ্রেক্ষিতেই বেরিয়ে আসে ১০টির মধ্যে ৯টি নমুনায় ভেজাল মেশানোর উদ্বেগজনক চিত্র।

যশোরে টিএসপি সারের বড় একটা চালানে ভেজাল পাওয়া যাওয়ায় আরও বেশ কিছু প্রশ্ন সামনে চলে আসে। টিএসপি সারে ভেজাল মেশানোর সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, আসল সার কোথায় গেছে, যশোর ছাড়া দেশের আর সবখানে কি ঠিকভাবে সার সরবরাহ করা হচ্ছে—এ প্রশ্নগুলোর মীমাংসা হওয়া জরুরি। শুধু সরবরাহকারী প্রতিষ্ঠান নয়, এ ধরনের অপকর্মের সঙ্গে আরও বড় কোনো চক্র জড়িত থাকতে পারে। এ জন্য অধিকতর তদন্ত প্রয়োজন। এ ঘটনার সুষ্ঠু তদন্তের সঙ্গে বিসিআইসির সুনাম ও ভাবমূর্তি যেমন জড়িত, আবার ভেজাল রাসায়নিকে মাটি ও পরিবেশ এবং কৃষি ও কৃষকের ক্ষতির বিষয়টিও যুক্ত। ভবিষ্যতে এ ধরনের অপকর্ম কীভাবে বন্ধ করা যাবে, সেই পথটি খুঁজে বের করা প্রয়োজন।