অধ্যক্ষের নির্বাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলামের বিরুদ্ধে আনা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে পাঁচ মাস ধরে যা ঘটে চলেছে, তা নজিরবিহীন ও লজ্জাজনক। কলেজের একজন অধ্যক্ষ নিরাপত্তার ভয়ে ‘নির্বাসনে থাকবেন’—এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না। তিনি অন্যায় করেছেন কি করেননি, তা নির্ধারণ করবে শিক্ষা মন্ত্রণালয় ও আদালত। কোনো ছাত্রসংগঠনের দায়িত্ব এটা নয়।

শুক্রবার প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী, নরসিংদী সরকারি কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম যেদিন যোগ দিতে আসেন, সেদিনই কলেজ শাখা ছাত্রলীগ তাঁকে বাধা দিয়েছিল। পরবর্তী সময়ে তিনি ছাত্রলীগের সঙ্গে ‘সমঝোতা’ করে কলেজে যোগ দেন এবং তাদের কথামতো সবকিছু করতেন। এরপর সেই সমঝোতা ভেঙে যাওয়ার প্রেক্ষাপটে কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে আন্দোলন হয়, যাতে মুখ্য ভূমিকা নেয় ছাত্রলীগই।

ছাত্রসংগ্রাম পরিষদের ব্যানারে অধ্যক্ষের বিরুদ্ধে ১৮টি অভিযোগের ভিত্তিতে আন্দোলন শুরু করা হয়। অধ্যক্ষ কলেজে উপস্থিত থাকলে অভিযোগ তদন্তের কাজে বাধা সৃষ্টি হবে—এই অজুহাতে আন্দোলনকারীরা তাঁকে কর্মস্থলে না থাকার জন্য চাপ দেয়। অধ্যক্ষ বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়কে জানালে তারা তাঁকে নরসিংদীর বাইরে থেকে কলেজের আংশিক দায়িত্ব পালনের পরামর্শ দেন। সেই পরামর্শ অনুসারে তিনি পাঁচ মাস ধরে ঢাকায় বসে কলেজের জরুরি কাজগুলো সম্পন্ন করছেন। তাঁর অনুপস্থিতিতে অন্যান্য কাজ করছেন উপাধ্যক্ষ।

কিন্তু এভাবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান চলতে পারে না। অধ্যক্ষের অনুপস্থিতিতে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো সমস্যা না হলেও নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থীদের পড়াশোনা ক্ষতিগ্রস্ত হচ্ছে। যেখানে অধ্যক্ষ থাকলেও কলেজ ঠিকমতো চলে না, সেখানে তাঁর অনুপস্থিতিতে কীভাবে চলছে, সেটি অনুমান করা কঠিন নয়। সেপ্টেম্বর থেকে ফেব্রুয়ারি পাঁচ মাসের ব্যবধান। এই দীর্ঘ সময়েও শিক্ষা মন্ত্রণালয় কেন তদন্তকাজ শেষ করতে পারল না? অধ্যক্ষের অনুপস্থিতিতে কলেজের স্বাভাবিক কাজকর্ম পরিচালনা করাও কঠিন। অন্যদিকে অধ্যক্ষও বিষয়টি ‘ভুল–বোঝাবুঝি’ বলে হালকা করতে চেষ্টা করেছেন। এটি দুর্বলতা থেকে না ভয়ে, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন। তিনি সরকারি কলেজের অধ্যক্ষ, তাঁকে কেন ছাত্রলীগের সঙ্গে সমঝোতা করে চলতে হবে?

আমরা অবিলম্বে এই সমস্যার সুরাহা করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কাছে দাবি জানাচ্ছি। একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান কারও খেয়ালখুশি অনুযায়ী চলতে পারে না। অধ্যক্ষের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য প্রমাণিত না হলে তিনি যাতে সেখানে বিনা বাধায় দায়িত্ব পালন করতে পারেন, সেই ব্যবস্থা তাদেরই করতে হবে। আর যদি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়, তাঁকে শুধু বদলি করলে হবে না; তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।