অধ্যাপক জোহা, আমাদের ক্ষমা করবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমরা যাঁরা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়াই, আমাদের ক্লাসের একেবারে শেষ সারির অমনোযোগী বন্ধুটিও এখন যে বেতনে চাকরি করেন, তার চেয়ে অনেক কম বেতন আমরা পাই। আমাদের সবার গাড়ি নেই, আমি আমার কথা বলতে পারি, সব দিন সিএনজি নামের সোনার হরিণ ভাগ্যে জোটে না, ফলে রিকশা নিয়ে ধুঁকতে ধুঁকতে ঘণ্টা দুই রোদে-জ্যামে-পেছনের রিকশার ঠেলা খেতে খেতে বিধ্বস্ত হয়ে যখন ক্যাম্পাসে ঢুকি, তরুণ সব উজ্জ্বল মুখের ছেলেমেয়েরা হাসিমুখে আদাব, স্লামালাইকুম বলতে থাকে, তখন পথের ক্লান্তি উবে যায়। এদের সবাই ক্লাসের সেরা বা সবচেয়ে মনোযোগী শিক্ষার্থী, এমন নয়। কেউ কবিতা লেখে, কেউ গান গায়, কেউ বিতর্ক করে, কেউ দেয়ালপত্রিকা বানায়, কেউ লিটল ম্যাগ কর্মী, কেউ সিনেমা বানানোর স্বপ্ন দেখে, কেউ হতে চায় সিনে-সমালোচক, কেউ ব্লগে লেখে, কেউ ছবি তোলে, কেউ শিক্ষকদের পিণ্ডি চটকায়, কেউ তুখোড় ছাত্রনেতা—পাল্টে দিতে চায় এই ‘ঘুণে ধরা সমাজ’, কেউ গিটার নিয়ে গান ধরেছে ‘আমার ভালোবাসা’, কেউ তুমুল প্রেমিক, কেউ উদাস, কারও বা মন খারাপ, কেউ শিক্ষকদের পেছনে ছুটছে একটু নেক নজরে পড়ার জন্য—সবাইকে নিয়ে কী তুমুল ভালোবাসার পরিবার এই বিশ্ববিদ্যালয়! শিক্ষার্থীরা আছে বলেই তো শিক্ষকেরা আছেন, দালানকোঠা আছে, লাইব্রেরি, রাস্তা, রেজিস্ট্রার বিল্ডিং, শিক্ষকদের প্রমোশন, হাউস টিউটর-প্রক্টর-ডিন-প্রোভিসি-ভিসি হওয়া। বিশ্ববিদ্যালয় একটি প্রতীক। জ্ঞানের, গবেষণার, আলোর। বিশ্ববিদ্যালয় শিক্ষক প্রত্যয়টিও একটি প্রতীক। সেই প্রতীকটি জ্ঞানচর্চা-গবেষণা-আলোর ধারকের সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের পরম আশ্রয়েরও বটে। কিন্তু ১৮ অক্টোবর কয়েকটি জাতীয় দৈনিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ভর্তি ফি কমানোর দাবিতে আন্দোলনরত এক ছাত্রীকে প্রক্টর ঘুষি মারছেন, এই ছবি দেখার পর মনে হচ্ছে, সেই চাওয়া বোধ হয় আর পূরণ হওয়ার নয়। এই প্রথম কোনো অলৌকিকে আস্থা রাখতে ইচ্ছা করছে, মনে হচ্ছে কোনোভাবে যদি এমনটা হতো যে এ ছবিটি কোনো দিন কোথাও কেউ দেখেনি, তোলেনি, এমনকি ঘটনাটি ঘটেইনি! অধ্যাপক সামসুজ্জোহা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক ও প্রক্টর, যিনি ১৯৬৯ সালের ১৮ ফেব্রুয়ারিতে ঊনসত্তরের গণ-অভ্যুত্থানের দিনগুলোয় ছাত্রদের বাঁচাতে গিয়ে পাকিস্তানি সামরিক কর্মকর্তাকে বলেছিলেন, ওঁদের মারতে হলে আমার রক্তের ওপর দিয়ে যেতে হবে এবং তেমনি ঘটেছিল, আমার মনে শিক্ষক মানে তাই ড. সামসুজ্জোহা। একজন শিক্ষক ও প্রক্টরের এই ইমেজের পাশে কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ছাত্রীকে ঘুষি মেরেই যে ক্ষান্তি দিয়েছেন এমন নয় বরং হাতেনাতে ধরা পড়ে বললেন, ‘ছবিতে আপনারা যে মেয়েটিকে দেখেছেন, তার কাপড় ঠিকঠাক ছিল না। আমি তাকে কাপড় ঠিক করতে বলে ধাক্কা দিয়ে সরিয়ে দিই।’ অধ্যাপক জোহা, আমাদের ক্ষমা করবেন। শিক্ষকের মর্যাদা আমরা সমুন্নত রাখতে পারিনি। আমাদের অবিশ্বাস্য সহনক্ষমতায় আমরা বিশ্ববিদ্যালয় শিক্ষকের ইমেজ কোথায় নিয়ে নামিয়েছি, এ ঘটনা তারই একটি উদাহরণ। এটুকু লিখে মনে হলো, এই বুঝি বিএনপি-আওয়ামী লীগের সময়ে শিক্ষক ও প্রশাসনিক পদাধিকারীদের ভেতর এক তুলনামূলক আলোচনার খোরাক তুলে দিলাম। আমি শুধু দৃঢ়ভাবে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের অতি সাধারণ শিক্ষক হিসেবে বলতে চাই, তুলনামূলক আচরণ বরং মুলতবি রাখি। কিছুদিন আগেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর চড়াও হতে দেখেছি প্রশাসনকে। ১৯৭৩ সালের অধ্যাদেশ যে খুব সামান্যই তোয়াক্কা করেন আমাদের শিক্ষকেরা, তার প্রমাণ এক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাড়া কোনো বিশ্ববিদ্যালয়ের উপাচার্যই নির্বাচিত নন। রাতের অন্ধকারে ঢাকা বিশ্ববিদ্যায়ের উপাচার্যের অফিস দখল করার নজিরও রয়েছে। আমরা ভুলিনি শামসুন্নাহার হলে গভীর রাতে ঢুকে পুলিশি নির্যাতনের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর সরকারি ছাত্রসংগঠনের তাণ্ডব। আমরা বারবারই দেখেছি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের ন্যায্য দাবি-দাওয়ার আন্দোলনে কীভাবে লেলিয়ে দিচ্ছে পুলিশ আর সরকারি ছাত্রসংগঠনকে। নব্বইয়ের দশকে আমরা যখন শিক্ষার্থী তখন দেখেছি রাতের পর রাত হল দখলের লড়াইয়ে শত শত গুলি ছুড়েছে তখনকার ক্ষমতাসীন দলেরই দুই উপদলের নেতারা। আর পরদিন সকালে আমরা উদ্বিগ্ন হয়ে খোঁজ করেছি আমাদের বন্ধুরা বেঁচে আছে তো! প্রশাসন কোনো দিন কোনো ব্যবস্থা নেয়নি। সন্ত্রাসবিরোধী মিছিলে ‘শিক্ষা ও সন্ত্রাস একসঙ্গে চলে না’ স্লোগান দিয়ে অস্ত্রধারী সন্ত্রাসীদের গুলিতে নিহত হলেন মেধাবী ছাত্রনেতা মঈন হোসেন, প্রশাসন তো সেখানে কোনো ব্যবস্থা কোনো দিন নেয়নি!কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত ছাত্রছাত্রীদের কী দোষ ছিল এবার? তাঁরা শিক্ষার বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে নিয়মতান্ত্রিক আন্দোলন করে যাচ্ছিলেন। এ বছর ৭ অক্টোবর থেকে প্রথম বর্ষের ভর্তি ফি ১৮২৫ থেকে ৬২৭৫ টাকা করা এবং ভর্তি বাতিল ফি পাঁচ হাজার থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করার বিরুদ্ধেই ছিল তাঁদের আন্দোলন। ফলাফল? ছাত্রলীগের নেতা-কর্মীরা দল বেঁধে কীভাবে হামলা চালায় আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর, তার সচিত্র বিবরণ ছাপা হয়েছে বিভিন্ন পত্রিকায়। হামলাকারীদের হাতে ছিল রামদা। ছাত্রীদের লাঞ্ছিত করার বিবরণ প্রকাশিত হয়েছে ১১ অক্টোবরের পত্রিকায়। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিচার করল না হামলাকারীদের, অথচ আন্দোলনকারী ১২ জন শিক্ষার্থীকে বহিষ্কার করল! সেই ’৬২-এর শিক্ষা আন্দোলন শুরু হয়েছিল হামুদুর রহমান শিক্ষা কমিশনের শিক্ষা সংকোচন নীতিকে ধরে জীবন দিয়েছিলেন মোস্তফা, বাবুল, ওয়াজিউল্লাহ। এ বছর শিক্ষা দিবসের ৫০তম বছর উদ্যাপন করেছে জাতি। সেই শিক্ষা আন্দোলনের সঙ্গে যাঁরা সরাসরি যুক্ত ছিলেন, তাঁদের অনেকেই যখন মন্ত্রিসভায় তখনো একই বিষয়ে আন্দোলন করতে গিয়ে বারবারই নির্যাতিত হচ্ছেন, বহিষ্কৃত হচ্ছেন এবং সবশেষে আন্দোলনকারী ছাত্রীকে পেটালেন স্বয়ং প্রক্টর। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনেও ছাত্রসমাজের ১০ দফা দাবির অন্যতম ছিল শিক্ষার বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষায় যে ভর্তুকি দেওয়া হয়, আমরা সবাই তারই সুবিধাভোগী। আমি এক বছর রোকেয়া হলে আবাসিক শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলাম। প্রথম বর্ষের ছাত্রীদের হলে তোলার দায়িত্ব ছিল আমার। অভিভাবকদের সাক্ষাৎকার নিতে গিয়ে দেখি, গ্রামের অনেক দরিদ্র, নিরক্ষর মা-বাবার মেয়েরা এখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফার্মাসি, আন্তর্জাতিক সম্পর্ক, বায়োকেমিস্ট্রির মতো বিষয়ে ভর্তি হচ্ছে। এই মেধাবী ছেলেমেয়েদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশের অধিকার যেন শুধু শিক্ষা-বাণিজ্যের কাছে পরাস্ত না হয়, এটুকুই তো চাওয়া মিছিলের মেয়েটির। প্রক্টর তাঁর গায়ে হাত তুলেছেন। তিনি হাত তুলতে সাহস পেয়েছেন কারণ আমরা, শিক্ষক সমাজ এসব হতে দিয়েছি দিনের পর দিন। খুব মারাত্মক স্খলন ছাড়া কখনো দৃশ্যমান প্রতিবাদে রুখে দিতে পারিনি কেবল রাজনৈতিক বিবেচনায় নিয়োগ পাওয়া প্রশাসনের এসব দুরাচার। এ ঘটনার কী বিচার হবে আমি জানি না। হয়তো প্রক্টরের ব্যাপারে একটা সিদ্ধান্ত হতেও পারে, যদি জনমত জেগে ওঠে। কিন্তু এই ক্ষত তো মোছার নয়। আমি ঠিক নিশ্চিত নই, ছাত্রীকে ঘুষি মারার পরও কোনো ব্যক্তির শিক্ষক থাকার নৈতিক অধিকার থাকে কি না। সেটি সংশ্লিষ্ট প্রশাসন দেখবে আশা করি। তবে শিক্ষার বাণিজ্যিকীকরণের যে অব্যাহত ধারায় পাবলিক বিশ্ববিদ্যালয়কে তাড়িত করা হচ্ছে, সেটি কার নির্দেশনায়, কেন প্রশাসনকে এই বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে প্রতিবাদকে এমনভাবে দমন করতে হয়, সেই সূত্রকে যদি আমরা খুঁজে বের করে সমাধানের পথে না যেতে পারি তবে আবারও সংঘাত হবে। পাবলিক বিশ্ববিদ্যালয়কে সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে যদি সত্যিই রাখতে চাই আমরা, তবে যেন একটু নিবিড়ভাবে ভাবি, শিক্ষাসংকোচনের নীতি কার নির্দেশ, যেখানে রাজনৈতিক পরিচয় লুপ্ত করে সব প্রশাসনই হাত তুলে ফেলছে ছাত্রছাত্রীদের গায়ে? সেই হাত আমাদের শিক্ষার অধিকার রক্ষা করবে তো?কাবেরী গায়েন: শিক্ষক, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।