অনড় অবস্থান থেকে সরে আসতে হবে দুই পক্ষকেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশেদ খান মেননের জন্ম ফরিদপুরে, ১৯৪৩ সালে। ঢাকা কলেজিয়েট স্কুল ও ঢাকা কলেজে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে পড়াশোনা করেন। ১৯৬৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং পরের বছর স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ছাত্রাবস্থায় প্রগতিশীল ছাত্র আন্দোলনে যোগ দেন; পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সহসভাপতি ও সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৬৩-৬৪ শিক্ষাবর্ষে ডাকসুর সহসভাপতি নির্বাচিত হন। বর্তমানে তিনি ওয়ার্কার্স পার্টির সভাপতি। তিনি ১৯৭৯, ১৯৯১ ও ২০০৮ সালের নির্বাচনে সাংসদ নির্বাচিত হন। সংসদে শিক্ষাবিষয়ক স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বও পালন করছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন মশিউল আলমপ্রথম আলো  দলগতভাবে আপনারা তো মহাজোট সরকারের সঙ্গে আছেন। আপনার কাছে জানতে চাই, আপনাদের সরকার দেশ কেমন চালাচ্ছে।রাশেদ খান মেনন  সরকার এমন অনেক নীতি ও পদক্ষেপ গ্রহণ করেছে, যেগুলো নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি ও জনগণের প্রত্যাশা পূরণ করতে পারেনি। বরং অনেক ক্ষেত্রেই এমন সব নীতি নিয়েছে, যেগুলো জনস্বার্থবিরোধী।প্রথম আলো  যেমন?রাশেদ খান মেনন  যেমন, বিদ্যুৎ খাতের উন্নয়ন ঘটানোর প্রতিশ্রুতি ছিল, কিন্তু উন্নয়ন ঘটেনি। বরং বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে ছয়বার। কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্টের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে বিদ্যুৎ-পরিস্থিতির উন্নয়ন ঘটাতে গিয়ে যে ব্যর্থতা, কার্যত সেই ব্যর্থতার দায় শোধ করা হচ্ছে বিদ্যুতের দাম বাড়িয়ে। এটা করা হয়েছে মুষ্টিমেয় কিছু লোকের সুবিধার জন্য। এখানে জনস্বার্থ বা জাতীয় স্বার্থ দেখা হয়নি। আমাদের সমুদ্রের গ্যাস সম্পদ কনোকোফিলিপস নামের বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়া হয়েছে। এটাকেও জাতীয় স্বার্থের বিরোধী একটা পদক্ষেপ বলে মনে করি। এ ছাড়া সরকার নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দিয়েছিল, তারা বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ করবে। কিন্তু এখন এসে তারা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের যে সংজ্ঞা প্রদান করছে, তাতে বিচারবহির্ভূত হত্যা কার্যত জায়েজ হয়ে যাচ্ছে। ফলে, মানবাধিকার রক্ষার যে অঙ্গীকার ছিল, তা-ও পূরণ হচ্ছে না। প্রথম আলো  জিনিসপত্রের দাম অনেক বেড়ে গেছে, যা সংখ্যাগরিষ্ঠ মানুষের পক্ষে বহন করা সম্ভব হচ্ছে না। নির্বাচনের আগে কিন্তু জীবনযাত্রার ব্যয় লাঘব করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।রাশেদ খান মেনন  দ্রব্যমূল্যের ব্যাপারে জনগণের যে আকাঙ্ক্ষা ছিল, আমরা দেখছি, সরকার তার সাড়ে তিন বছরের মেয়াদকালে তা পূরণ করতে পারেনি। বাজার এখনো পর্যন্ত সিন্ডিকেটের নিয়ন্ত্রণে আছে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করছে সিন্ডিকেট। সিন্ডিকেট ভাঙার যে প্রতিশ্রুতি ছিল, সরকার সেটা রক্ষা করেনি। এবং পূর্ণ রেশনিং ব্যবস্থা চালু করার প্রতিশ্রুতি পার্লামেন্টে ঘোষণা করার পরও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।প্রথম আলো  তাহলে সরকারের শরিক দল হিসেবে আপনারা কী ভূমিকা পালন করলেন?রাশেদ খান মেনন  জনস্বার্থবিরোধী পদক্ষেপ গ্রহণ থেকে সরকারকে বিরত রাখতে আমরা চেষ্টা করেছি দুভাবে। প্রথমত, আমরা এসব বিষয়ে ১৪ দলের বৈঠকে কথা বলার চেষ্টা করেছি। সেখানে কথা হয়েছিল যে অর্থমন্ত্রী, খাদ্যমন্ত্রী প্রমুখকে সঙ্গে নিয়ে আবার বৈঠকে বসে এ বিষয়গুলো আলোচনা করা হবে। কিন্তু সে রকম বৈঠক আর হয়নি। যখন বৈঠক হয়নি, তখন চিঠি লিখে আমরা এসব বিষয়ে আমাদের বক্তব্য তুলে ধরেছি। আমাদের উদ্বেগের কথা জানিয়েছি। অন্যদিকে, আমরা আমাদের দলের তরফ থেকে, ১১ দলের তরফ থেকে এবং সম্প্রতি সাতটি বাম গণতান্ত্রিক দলের তরফ থেকে এসব বিষয়ে রাজপথের আন্দোলন-সংগ্রাম অব্যাহত রেখেছি। বিশেষ করে আমাদের দলের তরফ থেকে আমরা বিভিন্ন জায়গায় মিছিল-সভা-সমাবেশ করেছি। কোনো কোনো ক্ষেত্রে আমাদের এমনকি সরকারের সঙ্গে সংঘাতেও যেতে হয়েছে।প্রথম আলো  পদ্মা সেতুর অর্থায়ন নিয়ে টানাপোড়েন তো মনে হয় শেষ হওয়ার নয়। আপনার কী মনে হচ্ছে?রাশেদ খান মেনন  আমার ধারণা, পদ্মা সেতুর অর্থায়নের ব্যাপারে বিশ্বব্যাংক একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। দুর্নীতির অভিযোগ আছে, থাকতে পারে, কিন্তু সেটা যে মূল সমস্যা নয়, তা তো ক্রমাগত বেশি করে পরিষ্কার হচ্ছে। আপনি যতই ছাড় দেন না কেন, বিশ্বব্যাংক আপনাকে ছাড়বে না, তারা একটা না একটা খুঁত বের করবেই। সুতরাং এর পেছনে বিশ্বব্যাংকের যে রাজনীতি আছে, সেটা যদি আমরা বুঝতে না পারি, তাহলে পুরো বিষয়টা বোঝা যাবে না। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন তাদের রাজনৈতিক ও কৌশলগত পথে বাংলাদেশকে শামিল করার প্রশ্ন বিশ্বব্যাংকের এই অর্থায়নের সঙ্গে জড়িত।প্রথম আলো  বাংলাদেশ কি ইতিমধ্যে সেই পথে শামিল নেই?রাশেদ খান মেনন  সম্পূর্ণভাবে নয়, অন্তত কিছুটা হলেও বাংলাদেশ তাদের চাপ মোকাবিলা করার চেষ্টা করেছে। যেমন, বঙ্গোপসাগরকে ঘিরে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন কৌশলগত বলয়ের মধ্যে ঢোকানোর জন্য প্রচণ্ড চাপ প্রয়োগ করা হচ্ছে। তাদের নৌবাহিনীর এশিয়া-প্যাসিফিক অঞ্চলের কমান্ডার বেশ কয়েকবার বাংলাদেশ ঘুরে গেলেন। কিন্তু বাংলাদেশ তো তাদের সব কথায় সম্পূর্ণভাবে রাজি হয়নি। সুতরাং আমার মনে হয়, বিশ্বব্যাংকের পদ্মা সেতুতে অর্থায়নের আপত্তির প্রশ্নে সরকার বা ক্ষমতাসীন দল প্রথমে যে অবস্থান নিয়েছিল, সেখানে অটল থাকলেই ভালো হতো। কারণ, তারা যতই ছাড় দেবে, বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক শক্তিগুলো নিজেদের ভূ-রাজনৈতিক ও কৌশলগত স্বার্থে বাংলাদেশের ওপর চাপ ততই বাড়াবে।প্রথম আলো  ক্ষমতাসীন ও বিরোধী দল রাজনৈতিক কর্মকাণ্ড করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনার কি মনে হয় না, ক্ষমতাসীন দলের সঙ্গে সরকার যেন একাকার হয়ে গেছে? বিরোধী দলকে মোকাবিলা করাই যেন তার প্রধান কাজ হয়ে উঠেছে?রাশেদ খান মেনন  ক্ষমতাসীন দল তো একটা রাজনৈতিক দল, তারা বিরোধী দলকে মোকাবিলা করবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু প্রশাসনযন্ত্রকে সেই মোকাবিলার কাজে ব্যবহার করা ঠিক নয়। বিরোধী দলের সমালোচনার জবাবে সরকার তো তার বক্তব্য রাখবেই। কিন্তু সেটা করতে গিয়ে মুখোমুখি একটা সংঘাতময় অবস্থায় যাওয়াটা আমি মনে করি ঠিক নয়। রাজনৈতিক প্রতিপক্ষকে রাজনৈতিক পন্থায় মোকাবিলা করতে হয়, প্রশাসনিক পন্থায় করতে গেলে সমাধান হয় না।প্রথম আলো  বিরোধী দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়, সরকার তাদের বিরুদ্ধে মামলা দিয়ে এবং হামলা করে মোকাবিলা করার চেষ্টা করছে। ফলে রাজনীতিতে প্রতিপক্ষগুলোর মধ্যে যে স্বাভাবিক সম্পর্ক, সেটা এখানে সৃষ্টি হচ্ছে না...রাশেদ খান মেনন  দুর্ভাগ্য হচ্ছে, এটা আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিণত হয়েছে। যখন আমরা বিরোধী দলে ছিলাম বা এখন যাঁরা ক্ষমতাসীন, তাঁরা যখন বিরোধী দলে ছিলেন, তখন তৎকালীন ক্ষমতাসীন দল বিএনপি একইভাবে মামলা-হামলা করে প্রতিপক্ষদের দমনের চেষ্টা করেছে। সাবের হোসেন চৌধুরী, মহীউদ্দীন খান আলমগীর বা মুনতাসীর মামুন, শাহরিয়ার কবিরের মতো মানুষকেও তারা ধরে নিয়ে নিগ্রহ-নির্যাতন করেছে। আবার এখনকার বিরোধী দলের নেতাদের বিরুদ্ধেও মামলা-হামলার ঘটনা ঘটছে। এটা সঠিক রাজনীতি নয়। বিএনপি হোক বা আওয়ামী লীগ হোক, কোনো রাজনৈতিক দলেরই এই পন্থায় প্রতিপক্ষকে মোকাবিলা করার চেষ্টা সঠিক রাজনৈতিক পন্থা নয়। এটা সেই স্বৈরাচারী কায়দারই অনুসরণ। এর ফলে রাজনৈতিক সংস্কৃতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, গণতান্ত্রিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। অথচ নব্বইয়ের গণ-অভ্যুত্থানের পরে তিন জোটের রূপরেখায় আমরা বলেছিলাম যে আমরা দেশ শাসন করব গণতান্ত্রিক পন্থায়।প্রথম আলো  আমরা দুই দশক ধরে লক্ষ করে আসছি, সরকারের মেয়াদকালের তৃতীয়-চতুর্থ বছরে গিয়ে একধরনের রাজনৈতিক অচলাবস্থা সৃষ্টি হয়। এবং গত মেয়াদে আমরা লক্ষ করলাম, সেই অচলাবস্থা এক বিরাট সংকটে পরিণত হয়ে দেশে জরুরি অবস্থা ডেকে আনল। এবার আপনি কী লক্ষ করছেন?রাশেদ খান মেনন  সরকার ও বিরোধী দলের মধ্যে আমরা কোনো কার্যকর রাজনৈতিক সম্পর্ক দেখতে পাচ্ছি না। ফলে একধরনের অচলাবস্থা তৈরি হতে যাচ্ছে বলে আমার আশঙ্কা। বিশেষ করে আগামী নির্বাচনের প্রশ্নকে কেন্দ্র করে যদি কোনো ফয়সালা না হয়, তাহলে সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির ওপর তার একটা নেতিবাচক প্রভাব পড়বে এবং সেটাই দেশকে ক্রমেই অচলাবস্থার দিকে নিয়ে যেতে পারে। দুর্ভাগ্যের বিষয়, এবারও সরকার ও বিরোধী দলসহ পুরো রাজনৈতিক প্রক্রিয়াটি গতবারের মতো একটা সংকটের দিকে এগিয়ে যাচ্ছে।প্রথম আলো  একই সংকটের পুনরাবৃত্তি থেকে বের হওয়ার উপায় কী? উত্তরণের কোনো পথ কি আছে?রাশেদ খান মেনন  উত্তরণের পথ তো সব সময়ই খোলা আছে। দুই পক্ষের মধ্যে সংলাপ-আলোচনার মধ্য দিয়েই উত্তরণ সম্ভব।প্রথম আলো  কিন্তু সংলাপের কোনো আভাস-ইঙ্গিতও তো পাওয়া যাচ্ছে না।রাশেদ খান মেনন  সংলাপের আভাস-ইঙ্গিত পাওয়া না গেলেও এ ছাড়া বিকল্প পথ আমি তো দেখি না।প্রথম আলো  এর মধ্যে বলাবলি শুরু হয়েছে যে গতবারের মতো এবারও অরাজনৈতিক শক্তির ক্ষমতা নিয়ে নেওয়ার ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। সম্প্রতি স্বয়ং প্রধানমন্ত্রীও এ রকম একটি উক্তি করেছেন।রাশেদ খান মেনন  সে ধরনের প্রচেষ্টা আমাদের দেশে সব সময়ই কমবেশি আছে। বিশেষ করে নব্বই-পরবর্তী সময় থেকে আমরা লক্ষ করেছি, বিশেষ করে বিদেশি শক্তিগুলো আমাদের রাজনীতিকে নিয়ন্ত্রণে রাখার জন্য গণতান্ত্রিক উত্তরণের পথকে নানাভাবে বাধাগ্রস্ত করে, বিরাজনীতিকরণের একটা প্রক্রিয়ার দিকে দেশকে ঠেলে দেওয়ার চেষ্টা করে। সেটার মূর্ত প্রকাশ আমরা দেখেছি ২০০৭ সালের এক-এগারোর ঘটনাবলির মধ্য দিয়ে।প্রথম আলো  আপনি বলতে চাইছেন, সে রকম প্রচেষ্টা এবারও শুরু হয়ে গেছে?রাশেদ খান মেনন  একটা খোলাখুলি কথা বলি, যেমন ধরুন, টিআইবি সাংসদদের নিয়ে যে প্রতিবেদনটি প্রকাশ করেছে, এই সময়ে এটা করার উদ্দেশ্য কী? এই জরিপের পদ্ধতিই তো গ্রহণযোগ্য নয়।প্রথম আলো  কিন্তু এই প্রতিবেদনে তো জনগণের সাধারণ ধারণার প্রতিফলন ঘটেছে...রাশেদ খান মেনন  আপনি জানেন যে সরকারের ব্যাপারে একটা নেতিবাচক ধারণা ইতিমধ্যে তৈরি হয়েছে, এ রকম সময়ে যখন আপনি এ ধরনের প্রশ্ন উত্থাপন করবেন, তখন জনগণের একটা বড় অংশ স্বাভাবিকভাবেই মনে করতে পারে যে এটাই বোধ হয় সঠিক। কিন্তু এটাই কি সঠিক? সাংসদদের মধ্যে অনেকেই অনৈতিক আচরণ করেন এটা ঠিক, কিন্তু যখন আপনি হরেদরে বলেন যে সংসদের ৯৭ শতাংশ এই জায়গায় গেছে, তাহলে মনে হয় সংসদ সম্পর্কে জনগণকে আস্থাহীন করার একটা প্রচেষ্টা চলছে।প্রথম আলো  তাহলে আপনি বলতে চাইছেন, এটা বিরাজনীতিকরণের প্রচেষ্টারই একটা অংশ?রাশেদ খান মেনন  বিরাজনীতিকরণের প্রচেষ্টা বাংলাদেশে বহুদিন ধরে চালু আছে, আমরা এ কথা বহুদিন ধরেই বলে আসছি। আমরা লক্ষ করেছি, এক-এগারোর সময় একেবারে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিরাজনীতিকরণের কাজটি করা হয়েছে এবং খুব দুর্ভাগ্যজনকভাবে আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিরাও এর সঙ্গে জড়িয়ে গিয়েছিলেন। এই প্রক্রিয়াটা আমাদের দেশে এখনো আছে। এটা গ্রহণযোগ্য হতে পারে না। আমাদের দেশে গণতন্ত্র এখনো পাকাপোক্তভাবে শিকড় গাড়তে পারেনি। তার চেয়েও দুর্ভাগ্যজনক হলো, দুর্নীতি-দুর্বৃত্তায়ন রাজনীতির প্রধান বৈশিষ্ট্যে পরিণত হয়েছে। সেখান থেকে বের হয়ে আসা আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টার কাজ। মাঝখানে হঠাৎ করে আমরা কজন মানুষ শুদ্ধ হয়ে গেলাম—এটা কার্যত ফল দেবে না। গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে থেকেই, জনগণকে সঙ্গে নিয়েই নেতিবাচক দিকগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। শুদ্ধিকরণ বা পরিশীলনের এই প্রক্রিয়া দীর্ঘ, এর সংক্ষিপ্ত কোনো পথ নেই। কিন্তু মাঝখানে ছেদ না ঘটিয়ে অবিরামভাবে, ধারাবাহিকতা রক্ষা করে গণতন্ত্রের পথেই এগিয়ে যেতে হবে।প্রথম আলো  মাঝখানে ছেদ বা যেটাকে বলে তৃতীয় শক্তির হস্তক্ষেপ—এটার সুযোগ কিন্তু তৈরি হয় রাজনৈতিক দলগুলো এবং রাজনীতিকদের কারণেই...রাশেদ খান মেনন  আমি মনে করি, রাজনীতিকদের এখন বুদ্ধিমান হওয়া প্রয়োজন। এমন রাজনৈতিক অচলাবস্থা যেন সৃষ্টি না হয়, যেখানে অরাজনৈতিক তৃতীয় শক্তি সুযোগ পেয়ে যায়। তাই ক্ষমতাসীন ও বিরোধী দলের মোকাবিলার রাজনীতি, অনড়-অনমনীয় বিরোধ-সংঘাতের রাজনীতি পরিহার করে যুক্তির জায়গায় আসা উচিত। সেখানে কোনো পক্ষকে যদি কিছু ছাড়ও দিতে হয়, সেই ছাড় দিয়ে অগ্রসর হতে হবে। কিন্তু তারা যে মুখোমুখি অবস্থান নিচ্ছে, তা থেকে এমন সংকট ও অচলাবস্থা আবারও সৃষ্টি হতে পারে, যেখানে সেই অরাজনৈতিক তৃতীয় শক্তির লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে।প্রথম আলো  আপনাকে ধন্যবাদ।রাশেদ খান মেনন  ধন্যবাদ।