রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটালের (নিনস) পরিচ্ছন্নতা নিয়ে যে প্রতিবেদন গত রোববার প্রথম আলোয় প্রকাশিত হয়েছে, তা সত্যিই উৎসাহব্যঞ্জক। এ দেশে সরকারি হাসপাতাল মাত্রই অপরিচ্ছন্ন ও বিশৃঙ্খল, দালালদের দৌরাত্ম্য; প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম, অ্যাম্বুলেন্স ইত্যাদির অভাব, যন্ত্রপাতি বিকল; শৌচাগারগুলো ব্যবহারের অনুপযোগী। আরও নানাবিধ কারণে সরকারি হাসপাতালগুলোর চিকিৎসাসেবার মান ভালো নয়।
কিন্তু নিনসে দেখা যাচ্ছে বিপরীত চিত্র। ২০১২ সালে চালু হওয়া এ হাসপাতালে বেসরকারি অ্যাম্বুলেন্স বা দালালের উৎপাত নেই। টিকিট কাটা, টাকা জমা দেওয়া, জরুরি বিভাগ বা বহির্বিভাগে রোগী দেখানো—সব জায়গাতেই রয়েছে শৃঙ্খলা। প্রতিটি তলার প্রতিটি ওয়ার্ড, করিডর, বারান্দা, বাথরুম পরিষ্কার। দুর্গন্ধ এড়াতে নাকে রুমাল চাপতে হয় না। প্রতিটি তলায় সর্বক্ষণিক নিয়োজিত আছেন চিকিৎসক, নার্স, আয়া, ওয়ার্ডবয়।
সরকারি হাসপাতালগুলোর বহির্বিভাগে সাধারণত অধ্যাপক বা জ্যেষ্ঠ চিকিৎসকেরা রোগী দেখেন না। কনিষ্ঠ চিকিৎসকেরা রোগী দেখেন। নিনসের বহির্বিভাগে জ্যেষ্ঠ চিকিৎসকদের রোগী দেখা বাধ্যতামূলক। আমাদের দেশে একটি সরকারি হাসপাতালের এমন চিত্র সত্যিই অভাবিত। এ হাসপাতাল থেকে সত্যিই বাকি সরকারি হাসপাতালগুলোর অনেক কিছু শেখার আছে।
একটি সরকারি হাসপাতাল যদি এমন সুষ্ঠু ব্যবস্থাপনায় চলতে পারে, তাহলে অন্যান্য সরকারি হাসপাতালে তা না হওয়ার কোনো কারণ নেই। আমাদের দেশে এমন একটি ধারণা প্রতিষ্ঠিত হয়ে গেছে যে সরকারি প্রতিষ্ঠান মানেই যা খুশি তা করা, নিয়ম না মানা এবং এর জন্য কোনো জবাবদিহি না থাকা। নিনস প্রমাণ করেছে যে যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে একটি হাসপাতালের চিত্র কেমন দাঁড়াতে পারে। এই হাসপাতালটি অন্য সরকারি হাসপাতালের জন্য দৃষ্টান্ত হোক। সরকারি হাসপাতালগুলো হয়তো রাতারাতি তাদের বর্তমান বিশৃঙ্খল দশা পরিবর্তন করতে পারবে না কিন্তু নিনসের ব্যবস্থাপনার বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে অন্তত নির্দিষ্ট কিছু ক্ষেত্রে পরিবর্তনের সূচনা ঘটানোর উদ্যোগ নিতে পারে। নিনস অন্য সরকারি হাসপাতালগুলোর টনক নড়াক।