গত চার-পাঁচ বছরে এ দেশে বাংলা ভাষায় অসংখ্য অনলাইন পত্রিকার জন্ম হয়েছে। অবশ্য শিশু বয়সেই অনেকগুলোর অকালমৃত্যু ঘটেছে। এভাবে মৃত্যু মেনে নেওয়া যায় না। তাহলে যেটা করা দরকার, তা হলো সঠিক পরিকল্পনা ও প্রস্তুতিসহকারে সুস্থ-সবল অনলাইন পত্রিকার জন্ম দেওয়া।বর্তমানে দেশ ও জাতি যে সময়টা পার করছে, সেটা একটা গুমোট ও অস্থির সময়। সুস্থির চিন্তা সমাজে অনুপস্থিত। গণমাধ্যম এর বাইরে যায় কী করে? তাই তো অসীম সম্ভাবনা থাকা সত্ত্বেও অনলাইন পত্রিকাগুলো জ্বলে উঠতে পারছে না। যিনি বা যাঁরা এসব অনলাইন পত্রিকার সম্পাদক বনে যাচ্ছেন, তাঁদের কারও কারও পেশাদারি সাংবাদিকতায় কোনো অভিজ্ঞতা নেই। থাকলেও তা যৎসামান্য। আজকাল গ্রাম-গঞ্জ, উপজেলা ও জেলা সদর থেকে বের করা হচ্ছে জাতীয় সংবাদভিত্তিক অনলাইন পত্রিকা। আমি বেশ কয়েকজন স্থানীয় সাংবাদিককে জানি, যাঁরা সবাই একাধিক অনলাইন পত্রিকার মালিক। মালিক বা উদ্যোক্তা হওয়া মোটেই দোষণীয় নয়। কিন্তু অভিজ্ঞতা, দক্ষতা ও প্রশিক্ষণের বিষয়টিও গুরুত্বের সঙ্গে মাথায় রাখা উচিত।২. অনলাইন পত্রিকা গণমাধ্যমের নবতর সংযোজন। কেউ কেউ একে ‘অনলাইন মাল্টিমিডিয়া’ বলছেন। এটি ছাপা পত্রিকার মতোই একটি পত্রিকা এবং তার চেয়ে বেশি কিছু। খবর, ছবি, ফিচার, মতামত, বিশ্লেষণ—সবই এতে থাকে। থাকে অডিও, ভিডিও। যেকোনো ঘটনার চটজলদি অডিও-ভিডিও বার্তা এখানে আপলোড করা যায়। দর্শকেরা সেটি সহজেই শুনতে ও দেখতে পারেন। সেই দিক থেকে এটি রেডিও-টেলিভিশনের মতোই সমপ্রচারমাধ্যমের কাছাকাছি।কিন্তু সুযোগ থাকলেও সুযোগ গ্রহণের মতো সক্ষমতা ও যোগ্যতা কয়টি অনলাইন পত্রিকার আছে। হাতেগোনা দু-একটি বাদে অধিকাংশই সংবাদপত্র থেকে, অন্য অনলাইন থেকে, বিভিন্ন ব্লগ থেকে লেখা, ছবি, ভিডিও কাটপেস্ট করছে। দু-একটি ব্যতিক্রম ছাড়া বেশির ভাগেরই কৃতজ্ঞতা স্বীকারের বালাই নেই। এসব কারণে অধিকাংশ অনলাইন পত্রিকার তথ্যের প্রতি পাঠক আস্থা রাখতে পারেন না।সবচেয়ে জরুরি বিষয় হলো, বেশ কিছু অনলাইন পত্রিকা চালু হয়েছে, যেগুলো বস্তুনিষ্ঠ সংবাদের বদলে চাঞ্চল্য সৃষ্টিকারী গুজব, উসকানিমূলক বক্তব্য ইত্যাদি প্রচারের প্রতিই বেশি আগ্রহী। গণমাধ্যম অবশ্যই স্বাধীনতা ভোগ করবে। কিন্তু স্বাধীনতা ভোগের নামে সেটা যেন স্বেচ্ছাচার না হয়, সেটা খেয়াল রাখা অবশ্যই দরকার। দুঃখজনক হলো, এ বিষয়ে তদারকির কোনো ব্যবস্থা নেই।৩. এই যখন বাংলাদেশে অনলাইন পত্রিকার অবস্থা, তখন এ বিষয়ে একটা নীতিমালা থাকা উচিত বৈকি। এ প্রসঙ্গে উল্লেখ করতে হয়, গত বছরের দ্বিতীয়ার্ধে সরকারের তথ্য মন্ত্রণালয় যখন একটা খসড়া নীতিমালা তৈরি করে, তখন তা নিয়ে চারদিকে হইহই পড়ে যায়। খবরের কাগজে, ব্লগে এই নীতিমালা প্রণয়নের উদ্যোগের কঠোর সমালোচনা ও বিরোধিতা করে বিস্তর লেখালেখি হয়। সেসব লেখায় এই নীতিমালাকে ‘সরকারের গণমাধ্যম নিয়ন্ত্রণের কৌশল’, ‘ডিজিটাল বাংলাদেশ গড়ার উদ্যোগের সঙ্গে সাংঘর্ষিক’ হিসেবে চিহ্নিত করা হয়। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সদ্য গড়ে ওঠা সংগঠনের ব্যানারে রাজধানীর বিভিন্ন স্থানে ‘ফ্ল্যাশ মব’ করলেন। তাঁদের ওই প্রতিবাদ অযৌক্তিক ছিল না। কারণ, প্রাথমিক খসড়ায় শর্ত দেওয়া হয়েছিল, অনলাইন গণমাধ্যমের অনুমতিপত্র (লাইসেন্স) নেওয়ার জন্য এককালীন পাঁচ লাখ টাকা তথ্য মন্ত্রণালয়ে জমা দিতে হবে। প্রতিবছর ৫০ হাজার টাকা ফি দিয়ে তা নবায়ন করতে হবে। সরকার প্রয়োজনে এই ফি পুনর্নির্ধারণ করতে পারবে। এ ছাড়া আরও কিছু কঠোর শর্ত ছিল। যেখানে বাংলাদেশে সংবাদপত্র পরিচালনার জন্য আলাদা কোনো নীতিমালা নেই, টেলিভিশন পরিচালনার জন্য কোনো নীতিমালা করা যায়নি, সেখানে অনলাইনের জন্য এত কঠোর নীতিমালা কেন? এ প্রশ্ন ওঠা যৌক্তিকই ছিল।কিন্তু একই সময়ে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতার শিক্ষক, গণমাধ্যম নিয়ে দীর্ঘদিন ধরে লেখালেখি করছেন এমন অনেকে মতামত দিলেন, অনলাইন গণমাধ্যমের জন্য কোনো নীতিমালারই দরকার নেই। কেন তাঁরা এ ধরনের মতামত দিয়েছিলেন, তা কেবল তাঁরাই বলতে পারবেন।এসব আলোচনা-সমালোচনার মধ্যেও নীতিমালার খসড়া নিয়ে আবার কাজ শুরু হয়েছে। প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) আমিনুল ইসলামকে প্রধান করে ১৩ সদস্যের সরকারি-বেসরকারি প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি ও একটি উপকমিটি কাজ শুরু করেছে। জানা গেল, এই কমিটি অনুমতিপত্রের জন্য পাঁচ লাখ টাকা এবং প্রতিবছর নবায়নের জন্য ৫০ হাজার টাকা জমা দেওয়ার বিধান বাতিলের সুপারিশ করতে যাচ্ছে। বিষয়টি নিয়ে গত ২৫ জানুয়ারি জানতে চেয়েছিলাম তথ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুনের কাছে। তিনি আশ্বাস দিলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতায় সম্পূর্ণরূপে আস্থাশীল। এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। একই সঙ্গে তিনি স্মরণ করিয়ে দিলেন, ব্রিটেনসহ পশ্চিমা দেশগুলোতে কঠোর অনলাইন নীতিমালা রয়েছে।এ ধরনের নীতিমালা তৈরির জন্য উপযুক্ত কর্তৃপক্ষ হওয়া উচিত জাতীয় সংসদ কর্তৃক গঠিত কোনো কমিটির। কারণ, জবাবদিহির বিষয়টি সব সময় গুরুত্বপূর্ণ।৪. আমরা অবশ্যই একটি অনলাইন নীতিমালা চাই। তবে সেই নীতিমালা যেন হয় নতুন গণমাধ্যম বিকাশের সহায়ক। নীতিমালার নামে কোনো কালাকানুন চাই না। সংবাদপত্র, রেডিও ও টেলিভিশন চালুর জন্য যেমন অনুমতিপত্র নিতে হয়, সেটি অনলাইন পত্রিকার জন্যও থাকতে পারে। তবে সেটা হতে হবে যৎসামান্য অর্থের বিনিময়ে। যদিও আর্থিক বিষয়টি এ ক্ষেত্রে প্রধান বিবেচ্য হওয়া উচিত নয়। আর বছর বছর অনুমতিপত্র নবায়নের বাধ্যবাধকতা থেকে অবশ্যই রেহাই দিতে হবে। অনলাইন গণমাধ্যমের আচরণ তদারকির জন্য প্রাথমিকভাবে একটা কর্তৃপক্ষ থাকতে পারে। তবে সে কর্তৃপক্ষের আচরণ যেন রক্ষণশীল ও দমনমূলক না হয়ে উদার ও সহযোগিতাপূর্ণ হয়, সেটা নিশ্চিত করা প্রয়োজন।ছাপা পত্রিকার ভবিষ্যৎ নিয়ে যখন শঙ্কা দেখা দিচ্ছে, তখন জোরেশোরে উচ্চারিত হচ্ছে অনলাইন পত্রিকার সম্ভাবনার কথা। বাংলাদেশেও নিকট ভবিষ্যতে অনলাইন পত্রিকা একটা শক্তিশালী অবস্থান তৈরি করে নেবে, এই প্রত্যাশা ও চিন্তা মাথায় রেখে নীতিমালা প্রণয়ন করা হবে, সেটাই কাম্য।কাজী আলিম-উজ-জামান: সাংবাদিক। [email protected]