গণতান্ত্রিক দেশগুলোতে সংবাদমাধ্যম পরিচালনা-সংক্রান্ত আইনকানুনগুলো হয় সুরক্ষামূলক। কিন্তু আমাদের দেশে উল্টো প্রবণতা লক্ষ করা যায়; এখানে সব সরকারের আমলেই সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণ করার জন্য নানা ধরনের চেষ্টা চলে। সর্বশেষ উদাহরণ: তথ্য অধিদপ্তর হঠাৎ অনলাইন সংবাদমাধ্যমের নিবন্ধন কার্যক্রম শুরু করার ঘোষণা দিয়েছে।
এই নিবন্ধন কার্যক্রমের একটা অদ্ভুত দিক হলো, দেশে যেসব ছাপা সংবাদপত্র রয়েছে, তাদেরও অনলাইন সংস্করণ নিবন্ধন করতে হবে। কিন্তু এসব সংবাদপত্র ১৯৭৩ সালের ছাপাখানা ও প্রকাশনা আইন (ঘোষণা ও নিবন্ধন) দ্বারা ইতিমধ্যে ঘোষণাপ্রাপ্ত ও নিবন্ধিত। এগুলোর অনলাইন সংস্করণের জন্য আবার নিবন্ধন করতে হবে—তথ্য মন্ত্রণালয়ের এই ঘোষণাকে স্ববিরোধী ও উদ্দেশ্যমূলক বলা যায়। সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) তেমন মন্তব্যই করেছে।
মনে রাখা দরকার, ছাপা সংবাদপত্রগুলো ছাপাখানা ও প্রকাশনা আইনের সব শর্ত পূরণ করেই নিবন্ধিত হয়েছে এবং সেগুলো ওই আইনের অধীনে থেকেই পরিচালিত হচ্ছে। তাদের আবার নতুন করে নিবন্ধন-প্রক্রিয়ার মধ্যে নিয়ে যাওয়ার কোনো সুযুক্তি নেই। ছাপা সংবাদপত্রগুলো প্রতিদিন পাঠকের মুখোমুখি হচ্ছে, তাদের সামনে পরীক্ষা দিচ্ছে। তারপরও কোনো সংবাদপত্র আইনবহির্ভূত আচরণ করলে, তার আইনগত প্রতিকারের জন্য প্রেস কাউন্সিল আছে, ছাপাখানা ও প্রকাশনা আইন আছে, এমনকি ফৌজদারি কার্যবিধিসহ একাধিক আইন-বিধান কার্যকর আছে। সংবাদমাধ্যমকে পরিচালনার নামে নিয়ন্ত্রণ করার প্রবণতা মুক্ত সাংবাদিকতাচর্চার পথ নানাভাবে বিঘ্নিত করে। তার ফলে বিঘ্নিত হয় গণতান্ত্রিক বিকাশের পথ।
সরকার সংবাদমাধ্যমের স্বাধীনতার প্রতি অঙ্গীকারবদ্ধ হলে নিয়ন্ত্রণমূলক উদ্যোগ কেন নিতে চায়, তা আমাদের বোধগম্য নয়। সংবাদমাধ্যমের স্বাধীনতা, তার পেশাদারির বিকাশ শুধু যে এই শিল্পের নিজের স্বার্থেই জরুরি তা নয়। স্বাধীন ও প্রাণবন্ত সংবাদমাধ্যম সুশাসনের সহায়ক। অনিয়ম, দুর্নীতি, অব্যবস্থাপনা, নীতিকৌশলগত দুর্বলতা ও ভুল-ত্রুটি ধরিয়ে দিয়ে সংবাদমাধ্যম প্রকৃতপক্ষে সরকারের ‘ওয়াচডগ’ বা উপকারী প্রহরীর ভূমিকা পালন করে।
সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণ করার মানসিকতা থেকে বেরিয়ে আসা উচিত। ছাপা সংবাদপত্রের অনলাইন সংস্করণের নিবন্ধনের উদ্যোগ থেকে সরকার সরে আসুক।
আরও পড়ুন: