অনলাইনে গৃহকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) গত বছরের নভেম্বর থেকে অনলাইনে গৃহকর দেওয়ার পদ্ধতি চালু করলেও এ ব্যাপারে খুব একটা সাড়া না পাওয়ার বিষয়টি আমাদের বিস্মিত করেছে। প্রথম আলোয় প্রকাশিত খবর অনুযায়ী ডিএসসিসির আওতাধীন ২ লাখ ১৯ হাজার গৃহকরদাতার মধ্যে গত অর্থবছরে মাত্র ৪৬ জন অনলাইনে কর দিয়েছেন।

তথ্যপ্রযুক্তির এই যুগে সবকিছু যখন অনলাইনে হচ্ছে, তখন অনলাইনে গৃহকর দেওয়া জনপ্রিয় না হওয়াটা বিস্ময়েরই বটে। শুধু গৃহকর দেওয়ার ক্ষেত্রেই নয়; অন্য একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ডিএসসিসি অনলাইনে ট্রেড লাইসেন্স দেওয়া সেবা চালু করলেও গত এক বছরে মাত্র তিনজন সেবাগ্রহীতা অনলাইনে ট্রেড লাইসেন্স গ্রহণ করেছেন।

এ মুহূর্তে অনলাইন সংবাদ, অনলাইন বিজ্ঞাপন, অনলাইন ব্যবসা ব্যাপক জনপ্রিয়। মানুষ তার দৈনন্দিন কাজগুলোর বেশির ভাগই এখন অনলাইনে সারছে। ই-কমার্সের প্রয়োজনীয়তা স্বীকার করে অনলাইনে অভ্যস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। অনলাইন ব্যবহারে সব জায়গাতেই এসেছে একটা ইতিবাচক পরিবর্তন। জীবনযাপনে অনলাইনের প্রভাব এখন ব্যাপক।

যেখানে অনলাইনের এই জয়জয়কার, সেখানে অনলাইনে গৃহকর দেওয়া জনপ্রিয় না হওয়ার কোনো কারণ নেই। গৃহকরদাতা মাত্রই জানেন
ব্যাংকে বা আঞ্চলিক কার্যালয়ে কর দিতে এসে তাঁদের কী ধরনের হয়রানির মুখে পড়তে হয়। ব্যাংকে দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে থাকার অভিজ্ঞতা আছে অনেকেরই। নগর ভবন বা আঞ্চলিক কার্যালয়ে কর জমা দিতে গিয়ে বকশিশের নামে অতিরিক্ত টাকা অর্থাৎ উৎকোচ দিতে হয়নি এমনটা খুব কম খুঁজে পাওয়া যাবে। এমন অভিযোগও পাওয়া গেছে যে গৃহকর জমা দেওয়ার পরও সিটি করপোরেশনের রাজস্ব বিভাগে কোনো টাকা জমা হয়নি। অসাধু কর্মকর্তা-কর্মচারীরা তা আত্মসাৎ করেছেন। সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হতে হয় ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নের ক্ষেত্রে। ঘুষ ছাড়া নতুন ট্রেড লাইসেন্স পাওয়া অস্বাভাবিক ব্যাপার। উৎকোচের বিনিময়ে ট্রেড লাইসেন্স ইস্যু নিত্যকার ঘটনা। ভুয়া কাগজপত্র দিয়েও ট্রেড লাইসেন্স ইস্যুর ভূরি ভূরি নজির রয়েছে। এসব কাজ অনলাইনের মাধ্যমে করলে গ্রাহকদের আর এসব হয়রানির মুখে পড়তে হবে না।

প্রথম আলোর খবর অনুযায়ী, অনলাইনে কর দেওয়ার বিষয়টি অনেকেই জানেন না। আবার অনেকে জানলেও মনে করেন যে এই পদ্ধতি জটিল। ফলে অনলাইনে গৃহকর দেওয়ার হার অনেক কম। এ সমস্যা সমাধানে এখন ডিএসসিসিকে উদ্যোগ নিতে হবে। আমরা মনে করি, এ ব্যাপারে ব্যাপক প্রচার-প্রচারণার প্রয়োজন রয়েছে। জনগণকে অনলাইনে গৃহকর দিতে উৎসাহিত করতে হবে। তাদের বোঝাতে হবে অনলাইনে গৃহকর দিলে আর অহেতুক ভোগান্তির মুখে পড়তে হবে না।