ডিজিটাল প্রযুক্তি ও অনলাইন গণমাধ্যম ব্যবহার করে তিন তরুণীর মর্যাদাহানি, হয়রানি ও হুমকির অভিযোগের খবর মূলধারার সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। তাঁদের অভিযোগ অনুযায়ী তাঁরা সরকারি চাকরির কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে আন্দোলনে অংশগ্রহণের কারণে মর্যাদাহানি, হয়রানি ও হুমকির শিকার হয়েছেন। তাঁরা এ জন্য সরকারপন্থী ছাত্রসংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দোষারোপ করেছেন।
তাঁদের একজন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লাকী আক্তার অভিযোগ করেছেন, ডিবি পুলিশের সদস্যরা তাঁর বাসা থেকে কোটা সংস্কার আন্দোলনের এক নেতাকে তুলে নিয়ে যাওয়ার সময় ওই বাসার ভেতরের কিছু ছবি তোলেন এবং সেগুলো পরে অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে তাঁর ও তাঁর পরিবারের মর্যাদার পক্ষে হানিকর অপপ্রচার চালানো হয়। আর বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি উম্মে হাবীবা বেনজীর অভিযোগ করেন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় কোটাব্যবস্থা সংস্কার আন্দোলনের বিষয়ে সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের ভূমিকার সমালোচনা করে বক্তৃতা দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে নিজেদের নাম-পরিচয় উল্লেখ করে তাঁকে ধর্ষণ করার হুমকি দেন। কোটাব্যবস্থা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী আরও একজন ছাত্রী কেন্দ্রীয় শহীদ মিনারে শারীরিকভাবে লাঞ্ছিত হওয়া ও ২৭ ঘণ্টা হাজত খাটার পর সামাজিক যোগাযোগমাধ্যমে মর্যাদাহানিকর অপপ্রচারের শিকার হন এবং ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে চলে যান।
এসব অভিযোগের ব্যাপারে পুলিশ বা ছাত্রলীগের কোনো বক্তব্য পাওয়া যায়নি; কিন্তু অভিযোগগুলো অত্যন্ত গুরুতর। বিশেষত, সরকারের
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে এসব অভিযোগ সত্য হলে তা অবশ্যই অগ্রহণযোগ্য। ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক মর্যাদাহানির মাধ্যমে নারীর ওপর রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
তথ্যপ্রযুক্তি ব্যবহার করে নারীর মর্যাদাহানি ও হয়রানির ঘটনা শুধু রাজনৈতিক অঙ্গনেই সীমাবদ্ধ নেই, বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম-মফস্বল পর্যন্ত ছড়িয়ে পড়েছে, যার খবর মূলধারার সংবাদমাধ্যমে প্রকাশিত হয় না। মুঠোফোনে খুদে বার্তা লেনদেনের প্রযুক্তি, তার ভয়েস রেকর্ডার ও ক্যামেরার ব্যবহার এই অপকর্মকে অত্যন্ত সহজ করে দিয়েছে। পেশাদারির দিক থেকে দায়িত্ববোধহীন ও চাঞ্চল্য সৃষ্টিপ্রবণ কিছু অনলাইন নিউজ পোর্টালও সচিত্র সংবাদ প্রতিবেদনের আকারে নারীর পক্ষে অত্যন্ত মর্যাদাহানিকর গালগল্প প্রচার করে। তারপর সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমের সবচেয়ে বড় দুই প্ল্যাটফর্ম ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হয়। এই প্রেক্ষাপটে বলা চলে, বাংলাদেশে নারীর ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক মর্যাদা নতুন ধরনের নাজুক পরিস্থিতির মুখোমুখি হয়েছে। আমরা মনে করি, এটি একটি গুরুতর সামাজিক সমস্যা; এর প্রতিকারের উপায় খোঁজা ও উদ্যোগ নেওয়া প্রয়োজন।
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন অনুযায়ী এসব কর্মকাণ্ড অত্যন্ত গুরুতর অপরাধ। আমরা যদিও এ আইনের ৫৭ ধারা প্রয়োগের পক্ষে নই, তবু মনে করি এসব অপরাধের বিচার অবশ্যই করা উচিত। সেই সঙ্গে এসবের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বাড়ানো এবং সাংস্কৃতিক রুচি উন্নত করার দিকেও নজর দিতে হবে।