ঘরে বসেই ইন্টারনেটের সাহায্যে নতুন ভোটার হওয়া, তথ্য সংশোধন, স্বাক্ষর পরিবর্তন ও হারানো জাতীয় পরিচয়পত্র পেতে আবেদন করার যে ব্যবস্থা নির্বাচন কমিশন করেছে, তা নিঃসন্দেহে একটি সময়োপযোগী পদক্ষেপ। কিন্তু এই কর্মসূচি উদ্বোধনের সময় যে বিপত্তির খবর বৃহস্পতিবারের প্রথম আলোয় প্রকাশিত হয়েছে, তা থেকে এটা স্পষ্ট যে কর্মসূচিটি চালু করা হয়েছে পর্যাপ্ত কারিগরি প্রস্তুতি ছাড়াই।
উদ্বোধনের সময় পরীক্ষামূলকভাবে এক ভোটারের তথ্য সংশোধনের চেষ্টা করতে গিয়ে দেখা গেছে ব্যবস্থাটি কাজ করছে না। ফলে নির্বাচন কমিশনের কর্মকর্তা বিব্রত হয়েছেন এবং এমন ব্যাখ্যা হাজির করেছেন যে আগারগাঁওয়ে জাতীয় পরিচয়পত্র কার্যালয়ের পাশে আগুন লাগায় সার্ভার কাজ করছে না। দুপুরের পর ওয়েবসাইটটি বন্ধ হয়ে যায়, কিন্তু পুরোনো ওয়েবসাইট প্রদর্শিত হয়েছে। সেখানে ঢুকে ‘এনডিআই অনলাইন সার্ভিসেস’ অপশনে ক্লিক করলে একটি নতুন পাতা খুলে যায়, যেখানে লেখা আছে: এই ওয়েবসাইটে ঢুকলে হ্যাকার আপনার যাবতীয় তথ্য, পাসওয়ার্ড ও ক্রেডিট কার্ড চুরি করতে পারেন।
নির্বাচন কমিশনের মতো অতিশয় গুরুত্বপূর্ণ একটি জাতীয় প্রতিষ্ঠানের ওয়েবসাইটের এমন অবস্থা যারপরনাই হতাশাব্যঞ্জক। অনলাইনে ভোটার সেবার এই ব্যবস্থা করা হচ্ছে দাপ্তরিক ঝক্কি-ঝামেলা কমানোর উদ্দেশ্যে। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক বলেছেন, ভোটারদের তথ্যের নিরাপত্তা নিশ্চিত করে এই সেবা দেওয়া হচ্ছে। নিবন্ধন করে পাসওয়ার্ডের মাধ্যমে অনলাইনে আবেদন করা যাবে। অত্যন্ত উৎসাহব্যঞ্জক হলেও এসব কথাবার্তা ততক্ষণ পর্যন্ত তাত্ত্বিক থেকে যাবে, যতক্ষণ পর্যন্ত না ভোটাররা নির্ভুলভাবে ও বিনা ঝামেলায় এই সেবার সুবিধা ভোগ করতে পারছেন।
উদ্বোধনের দিনেই যে বিপত্তি ঘটেছে, তা উপেক্ষা করার সুযোগ নেই। আমরা আশা করব নির্বাচন কমিশন বিষয়টি আরও গুরুত্বের সঙ্গে নেবে, আরও পেশাদারত্বের সঙ্গে এটি চালু করা ও চালু রাখার উদ্যোগ নেবে। এই ব্যবস্থার বাস্তব সুফল নিশ্চিত করতে হলে কারিগরিভাবে এটিকে শক্তিশালী ও নিখুঁত করতে হবে।