দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের দাবিতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের আমরণ অনশনের ঘটনাটি কেবল অনাকাঙ্ক্ষিত নয়, গভীর উদ্বেগজনকও। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ বছর ভর্তি পরীক্ষায় বিপুলসংখ্যক শিক্ষার্থী ‘অকৃতকার্য’ হওয়ায় বিভিন্ন মহলের সমালোচনার মুখে পড়ে। এরপর আগামী বছর থেকে দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রহিত করার পরিপ্রেক্ষিতে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। প্রথমে তাঁরা রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করলে ছাত্রলীগের কর্মীরা তাঁদের ওপর হামলা চালান। এরপর তাঁরা শহীদ মিনারে আমরণ অনশন শুরু করেন। গতকাল অনশনের তৃতীয় দিন নাগাদ বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। বিভিন্ন সংগঠন ও নাগরিক সমাজের প্রতিনিধিরা অনশনরত শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্ম ঘোষণা করলেও ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নীরব। তারা পূর্বতন সিদ্ধান্তে অনড় রয়েছে বলে প্রতীয়মান হয়।
উচ্চশিক্ষা তথা ভর্তি পরীক্ষার সুযোগের জন্য শিক্ষার্থীদের এভাবে অনশন করাটা জাতির জন্য লজ্জাজনক। উচ্চশিক্ষার মানের ক্ষেত্রে ব্যাপক তারতম্য থাকার কারণেই একটি বা দুটি বিশ্ববিদ্যালয়ের ওপর বাড়তি চাপ পড়ে। এই চাপ কেবল বিশ্ববিদ্যালয় পর্যায়ে নয়, প্রাথমিক থেকে সব স্তরেই কমবেশি আছে। এর প্রতিকারে প্রয়োজন সমন্বিত ও সবার কাছে গ্রহণযোগ্য একটি অভিন্ন ভর্তি নীতিমালা।
ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আসন খালি থাকার দোহাই দিয়ে এবং বুয়েটের উদাহরণ টেনে শিক্ষার্থীদের দ্বিতীয়বার ভর্তির সুযোগ রহিত করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু তাদের মনে রাখা প্রয়োজন যে বুয়েটও এই সিদ্ধান্ত হঠাৎ করে নেয়নি। তাই দ্বিতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগ রহিত করলেও সেটি আগামী বছর থেকে কার্যকর না করে পরের বছর থেকে করাটাই সমীচীন মনে করি।
আমাদের প্রত্যাশা, আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে বসে সমস্যার শান্তিপূর্ণ সমাধান করা হোক। শিক্ষার পাশাপাশি ভর্তি-প্রক্রিয়ায়ও সুষ্ঠু ও সুস্থ প্রক্রিয়া চালু থাকা বাঞ্ছনীয়। আর এই মুহূর্তে জরুরি হলো আন্দোলনরত শিক্ষার্থীদের অনশন ভাঙানোর ব্যবস্থা করা। এ রকম একটি গুরুতর সমস্যা সম্পর্কে সরকার বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বিকার থাকতে পারে না।