অনাকাঙ্ক্ষিত ও বিপজ্জনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিচিত দৃশ্য কিন্তু অস্বস্তিকর ও বিপজ্জনক। একটি ধাবমান মোটরসাইকেলে চড়ে বসেছে পুরো পরিবার: চালক পুরুষের সামনে একটি শিশু, পেছনে বসা নারীর কোলে কোনোরকমে ঝুলে আছে ঘুমন্ত আরেক শিশু। এখানেই শেষ হলেও কথা ছিল; কিন্তু আরও আছে। আস্ত এক কাফেলার শেষ সদস্যটি—একটি কিশোরী—পড়পড় অবস্থায় যেখানে বসে আছে; তা মোটেই বসার স্থান নয়। তাকে জায়গা দিতে পারেনি মোটরসাইকেলটির বসার আসন কিংবা পেছনের ক্যারিয়ার! এবং চালক ছাড়া কারও মাথাতেই নেই হেলমেট। বৃহস্পতিবারের প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় এই রুদ্ধশ্বাস ছুটে চলার ছবি ছাপা হয়েছে।
ছবিটির আরেক নাম সড়কে চলমান ঝুঁকি। দুই আসনের মোটরসাইকেলে তিনটি শিশুসহ পাঁচজন আরোহী যেভাবে চলেছে তা কোনো সার্কাসের কসরতের কথাই মনে করিয়ে দেবে। বারো আনা ঝুঁকির মধ্যে চার আনা ভরসা কেবল চালকের আত্মবিশ্বাস। আসলে এটা ‘কিচ্ছু হবে না’ এমন এক আশাবাদ। যখন উপায় নেই, তখন ভাগ্যকে ভরসা করে এমনভাবে হাজারো মানুষ প্রতিদিন রাস্তায় নামে। অহরহই এ রকম ঝুঁকি নেওয়ার খেসারত হিসেবে কেউ ট্রেনে কাটা পড়ে, কিংবা ঘটে যায় বড় বড় দুর্ঘটনা।
দৃশ্যত ওই মোটরসাইকেলের আরোহীরা আইন ভঙ্গ করেছে। কিন্তু ব্যক্তিগত গাড়ি যাদের নেই তাদের কেন এভাবে চলাচল করতে হয়, সেই প্রশ্নও তো ওঠা দরকার। যদি স্বস্তিদায়ক গণপরিবহন তথা বাস-মেট্রো-রেল থাকত, যদি তাতে চড়ে যথাসময়ে গন্তব্যে পৌঁছানোর নিশ্চয়তা থাকত, তাহলে কে হায় এভাবে জান হাতে নিয়ে পথে নামত! তারপরও, সমস্যা যার সতর্ক তো তারই আগে হওয়া দরকার।
এ এক অদ্ভুত যোগাযোগ ও নগর কর্তৃপক্ষ, এ এক বিষম নিম্ন মধ্যম আয়ের দেশ, একুশ শতকেও যার গণপরিবহন ব্যবস্থা পড়ে আছে মান্ধাতা যুগে। বাধ্য হয়ে যে যাত্রা তার নাম অগস্ত্যযাত্রা। ধারণক্ষমতার বাইরে, নাগরিক সুবিধার এহেন বিড়ম্বনা নিয়ে এই চলা কি একরকম অচলতা নয়?