অনির্বাচিতদের আবদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেলা পরিষদের অনির্বাচিত প্রশাসকেরা প্রতিমন্ত্রীর মর্যাদা দাবি করেছেন। এই দাবির পেছনে কোনো যুক্তি নেই, তবু সরকারই তাঁদের সেই সুযোগটি করে দিয়েছে। ২০১১ সালের ডিসেম্বরে যখন ৬১টি জেলা পরিষদে অনির্বাচিত প্রশাসক নিয়োগ করা হয়, তখন বলা হয়েছিল পরিষদগুলোতে দ্রুতই নির্বাচন দেওয়া হবে। কিন্তু পৌনে চার বছরেও সরকার নির্বাচনের ব্যবস্থা করেনি, তাই এই প্রশাসকেরা নিজেদের সব জবাবদিহির ঊর্ধ্বেই ভাবছেন। সামরিক শাসকের আমলে বিভিন্ন পদে আসীন ব্যক্তিদের মন্ত্রী–প্রতিমন্ত্রীর মর্যাদা দিয়ে জনগণের অর্থের শ্রাদ্ধ করা হয়েছে। এখন আওয়ামী লীগ সরকারের অনির্বাচিত জেলা প্রশাসকেরা সেই দাবি সামনে নিয়ে এসেছেন।
জেলা পরিষদের প্রশাসক হিসেবে যাঁরা নিয়োগ পেয়েছেন, তাঁরা সবাই ক্ষমতাসীন দলের স্থানীয় পর্যায়ের নেতা। তাঁদের মধ্যে কয়েকজন সাবেক সাংসদ আছেন, আছেন সংসদ নির্বাচনবঞ্চিত কিংবা পরাজিত ব্যক্তিরাও। প্রশাসকেরা রাজনৈতিক ব্যক্তি, তাই তাঁদের কাছে প্রত্যাশা ছিল যে তাঁরা জেলা পরিষদ নির্বাচনের দাবি জানাবেন। কিন্তু তাঁরা কেউই নির্বাচনের কথা বলেননি। অর্থাৎ তাঁরা অনির্বাচিত থাকতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং বেতন–ভাতা ও সুযোগ–সুবিধা বাড়াতে ব্যতিব্যস্ত থাকেন।
আমরা বরাবরই স্থানীয় সরকারব্যবস্থা সুদৃঢ় করার পক্ষপাতী। আওয়ামী লীগের ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারেও শক্তিশালী স্থানীয় সরকারব্যবস্থা এবং এর প্রতিটি স্তরে নির্বাচন করার প্রতিশ্রুতি ছিল। অনির্বাচিত ব্যক্তিদের প্রশাসক নিয়োগ করে জেলা পরিষদ পরিচালনা সেই ওয়াদার বরখেলাপ।
জেলা পরিষদ নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট নয়। গত জুলাই মাসে জেলা প্রশাসকদের সম্মেলনে স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জেলা পরিষদ না রাখার পক্ষে যুক্তি দেখিয়ে বলেছিলেন, বেশি বেশি স্থানীয় সরকার কাজে আসে না। যা কাজে আসে না, তা রেখে কী লাভ? আর জেলা পরিষদ যদি রাখতেই হয়, তবে অবিলম্বে নির্বাচন করে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতেই এর দায়িত্বভার অর্পণ করা উচিত। জেলা পরিষদকে কোনোভাবেই দলীয় লোকদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত করা চলবে না।