যেকোনো গণতান্ত্রিক রাষ্ট্রের উচিত জনস্বার্থসংশ্লিষ্ট কোনো বিষয়ে স্বচ্ছতার ঘাটতি দেখা দিলে তা জনগণের কাছে যত তাড়াতাড়ি সম্ভব পরিষ্কার করা। জাতিসংঘসহ বিভিন্ন উন্নয়ন অংশীদার ও সংস্থা গত ২৮ এপ্রিলের সিটি করপোরেশনের নির্বাচনী অনিয়মের বিষয়ে তদন্ত দাবি করেছে। উপরন্তু, গণমাধ্যম ও নির্বাচন পর্যবেক্ষকদের দেওয়া নানা তথ্য-উপাত্তে অভিযোগের প্রমাণ মিলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তদন্ত অনুষ্ঠানের যৌক্তিকতা সমর্থন করেছেন। বিএনপি নির্বাচন বর্জনই করেনি, তারা পুনর্নির্বাচন দাবি করেছে। এই প্রেক্ষাপটে জবাবদিহি ও সামাজিক সুবিচারের স্বার্থে অবিলম্বে তদন্ত হওয়া প্রয়োজন।
প্রধান নির্বাচন কমিশনার ভোট গ্রহণ শেষ না হতেই তিন সিটি নির্বাচনকে ‘অবাধ ও সুষ্ঠু’ দাবি করলেও বাস্তবের সঙ্গে তার তেমন মিল নেই। নির্বাচন-প্রক্রিয়ার মাঝপথে ইসির তরফে এ ধরনের সাফাই বক্তব্য প্রদানে বিদ্যমান আইনে বাধা আছে। গেজেটে ফল প্রকাশের ৩০ দিনের মধ্যে সংক্ষুব্ধ ব্যক্তি নির্বাচনী ফলাফলের বৈধতা চ্যালেঞ্জ করতে পারবেন। এখন প্রশ্ন উঠবে, যদি নির্বাচন অবাধ হয়ে থাকে, তাহলে নির্বাচনী ট্রাইব্যুনাল কী করবে? তাই দেখা যাচ্ছে, সরকার ও নির্বাচন কমিশন উভয়ে নিজেদের অভিন্ন পক্ষ হিসেবে দাঁড় করিয়েছে। কিন্তু এও ঠিক যে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে ইসিকেই ভোট কারচুপির যে অভিযোগ উঠেছে, সে বিষয়ে জনগণের কাছে সদুত্তর দিতে হবে।
আমরা আশা করব, সংশ্লিষ্ট নীতিনির্ধারকেরা সংসদীয় সংখ্যাগরিষ্ঠের জোর খাটিয়ে সিটি নির্বাচনের অনিয়ম খতিয়ে দেখার প্রশ্ন ধামাচাপা দেওয়ার চেষ্টা থেকে বিরত থাকবেন। কারণ, জাতির সামনে গণতন্ত্রের প্রক্রিয়াকে পুনরুজ্জীবিত করার চ্যালেঞ্জ রয়েছে। নির্বাচন-প্রক্রিয়ার প্রতি মানুষকে বিমুখ করে তোলার পরিণতি কারও জন্যই মঙ্গলজনক নয়। তাই ইসির উচিত হবে সরাসরি রাষ্ট্রপতি বা বিচার বিভাগের মাধ্যমে একটি আস্থাভাজন উপযুক্ত কর্তৃপক্ষীয় তদন্ত অনুষ্ঠানে উদ্যোগী হওয়া। ক্রমাগত প্রাতিষ্ঠানিক ব্যর্থতার দায় থেকে রাষ্ট্রকে বাঁচানো দরকার।